সনদ ও এনআইডি জালিয়াতি: কয়রায় দুই প্রার্থীর নিয়োগ বাতিল
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলায় ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’-এর তথ্যসংগ্রহকারী পদে প্রাথমিকভাবে নির্বাচিত দুই প্রার্থীর নিয়োগ বাতিল করা হয়েছে। শিক্ষাগত সনদ ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যে জালিয়াতি ও ত্রুটি পাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
নিয়োগ বোর্ডের নথি অনুযায়ী, গত ১৭ সেপ্টেম্বর তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার পদের ফলাফল প্রকাশ করা হয়। এতে মহেশ্বরীপুর ইউনিয়নের শাহনাজ ও মহারাজপুর ইউনিয়নের নিগার সুলতানা প্রাথমিকভাবে নির্বাচিত হন। এর আগে বয়সজনিত কারণে তাঁদের আবেদন বাতিল হলেও আপিলের মাধ্যমে তাঁরা চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছিলেন।
পরবর্তী সময় মহেশ্বরীপুর ইউনিয়নের শাহনাজের দাখিল করা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি সনদ অনলাইনে যাচাই করে ভুয়া প্রমাণিত হয়। অন্যদিকে মহারাজপুর ইউনিয়নের নিগার সুলতানা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বয়সসীমা (৪০ বছর ২ মাস ২১ দিন) অতিক্রম করায় নিয়োগের শর্ত লঙ্ঘন করেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও নিয়োগ বোর্ডের সদস্যসচিব মো. আবুল কালাম আজাদ জানান, জালিয়াতি ও শর্ত লঙ্ঘনের বিষয়টি প্রমাণিত হওয়ায় বিধি অনুযায়ী তাঁদের নিয়োগ বাতিল করা হয়েছে।









