অল্পের জন্য রক্ষা পেলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব
সংবাদদাতা: ঢাকা থেকে সাতক্ষীরা ফেরার পথে যশোরের কেশবপুর উপজেলার তালতলা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবসহ তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা।
জানা গেছে, ফেরার পথে তালতলা এলাকায় তাঁদের বহনকারী গাড়িতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সংঘর্ষে গাড়িটি দুমড়ে-মুচড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তবে গাড়িতে থাকা হাবিবুল ইসলাম হাবিবসহ সবাই সুস্থ রয়েছেন। দুর্ঘটনার পর তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
ভয়াবহ এই দুর্ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি না হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। দুর্ঘটনার পর ঘটনাস্থলে কিছু সময়ের জন্য আতঙ্কের সৃষ্টি হয়।
পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।











