বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

তালায় কলেজ ছাত্রীকে হত্যার অভিযোগ, থানায় মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
তালায় কলেজ ছাত্রীকে হত্যার অভিযোগ, থানায় মামলা

তালা সংবাদদাতা: সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ধুলন্ডা গ্রামে নীলা খাতুন (১৬) নামের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে ধুলন্ডা গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তার দাফন করা হয়। নীলা ওই গ্রামের লিটন শেখের মেয়ে এবং মাগুরা আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনায় নীলার বাবা লিটন শেখ সাতজনের নাম উল্লেখ করে তালা থানায় মামলা করেছেন। ৫ অক্টোবর করা মামলাটির নম্বর ৪। এজাহারে নীলাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগ করা হয়েছে।

পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, নীলা কলেজে যাতায়াতের সময় কয়েকজন যুবক তাঁকে কুপ্রস্তাব দিতেন। বিষয়টি নীলা তাঁর বাবাকে জানালে লিটন শেখ ধুলন্ডা গ্রামের অফছার শেখের ছেলে আমজেত শেখ (৫০) ও তাঁর পরিবারের সদস্যদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

 

অভিযোগে বলা হয়, গত ১ অক্টোবর রাতে আসামিরা লিটন শেখের বাড়িতে গিয়ে নীলাকে বিভিন্ন ধরনের হুমকি দেন। পরদিন ২ অক্টোবর জেঠুয়া বাজারে লিটন শেখের হোটেলেও গিয়ে নীলার নামে অপপ্রচার চালানো হয়। একই দিন দুপুরে বাড়ি ফেরার পথে লিটন শেখকে আসামিরা পথরোধ করে মারধর করেন। তাঁকে উদ্ধারে এগিয়ে গেলে তাঁর স্ত্রী ও মেয়েকেও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এরপর সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় ধুলন্ডা গ্রামের নিজ বাড়ির একটি কক্ষ থেকে নীলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা তাঁকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।

নীলার বাবা লিটন শেখের অভিযোগ, তাঁর মেয়ে আত্মহত্যা করেনি। এ ঘটনায় আমজেত  শেখ (৫০), আহম্মাদ আরী শেখের ছেলে রকি শেখ (২৪), সেলিম মালির ছেলে সৈয়েব মালি (১৮), আকবর শেখের ছেলে ইমন শেখ (২২), মোহাম্মাদ আলী শেখের ছেলে ইমরান শেখ (২৮), আমজেত শেখের মেয়ে আকলিমা বেগম (২৫) এবং অফছার শেখের ছেলে আকবর শেখকে আসামি করা হয়েছে। লিটন শেখের অভিযোগ, আসামিরা তাঁর মেয়েকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছেন। একই সঙ্গে তাঁকে আত্মহত্যায় প্ররোচিত বা বাধ্য করা হয়ে থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি।

এদিকে মামলা হওয়ার পর থেকে এজাহারভুক্ত আসামিরা বাড়িতে নেই বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Ads small one

কৃষ্ণনগরে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
কৃষ্ণনগরে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু

oplus_0

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নবাসীর জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় ইউনিয়নের কিষান মজদূর ইউনাইটেড অ্যাকাডেমি হাইস্কুল মাঠে এ সেবার উদ্বোধন করেন সমাজসেবক আমিরুল ইসলাম খোকন মোল্লা।
উদ্বোধন শেষে অ্যাম্বুলেন্স নিয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। উদ্যোক্তা আমিরুল ইসলাম খোকন মোল্লা জানান, কৃষ্ণনগর ইউনিয়নের বাসিন্দারা জরুরি প্রয়োজনে কোনো ভাড়া ছাড়াই এ অ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারবেন। বিশেষ করে অসচ্ছল ও দরিদ্র রোগী, মুমূর্ষু ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে এটি কাজে আসবে।
তিনি জানান, উপজেলা সদর থেকে কৃষ্ণনগর ইউনিয়নের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার এবং জেলা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার। যোগাযোগ ও পরিবহনসংকটের কারণে জরুরি রোগীদের সময়মতো হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। সেই বাস্তবতা থেকে ব্যক্তিগত অর্থায়নে এ সেবা চালু করা হয়েছে। পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
নিজের সেবামূলক কর্মকা- নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলে আমিরুল ইসলাম বলেন, ষড়যন্ত্র নয়, মানুষের পাশে দাঁড়ানোর প্রতিযোগিতাই সবার করা উচিত। দিন শেষে জনগণই সঠিক মূল্যায়ন করবে।
স্থানীয় বাসিন্দা আয়ুব আলী গাজী, হুমায়ূন, রাজু ও শেখ রাসেল জানান, সীমান্তবর্তী ও দূরবর্তী এ ইউনিয়নে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু হওয়ায় দরিদ্র ও অসহায় মানুষ জরুরি মুহূর্তে বিশেষভাবে উপকৃত হবেন।

তালায় ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী সিরাজুল ইসলাম

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১১:১১ অপরাহ্ণ
তালায় ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী সিরাজুল ইসলাম

তালা প্রতিনিধি: তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী হিসেবে গাজী সিরাজুল ইসলামকে মনোনীত করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে মাঝিয়াড়া বাজারে ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভায় উপস্থিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে তাঁকে এ মনোনয়ন দেওয়া হয়।
গাজী সিরাজুল ইসলাম বর্তমানে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং স্থানীয় পর্যায়ে তাঁর সাংগঠনিক ভূমিকা বিবেচনায় নিয়ে তাঁকে ইউপি সদস্য প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর জাফর। প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা বিএনপির প্রকাশনা সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার।
সভায় আরও বক্তব্য দেন শিক্ষক শ্যামল চৌধুরী, বিএনপি নেতা সামছুর সমরদার, আব্দুর কাদের, শংকর দত্ত, আব্দুর হান্নান, খলিলুর রহমান, ফজলু রহমান, মালেক মোড়লসহ স্থানীয় নেতারা।
বক্তারা ৭ নম্বর ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

বাঁশদহা ইউনিয়নে জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ
বাঁশদহা ইউনিয়নে জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভা

 

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বাঁশদহা ইউনিয়নে এ বৈঠকের আয়োজন করা হয়।
ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সহসভাপতি মো. মাগফুর রহমানের সভাপতিত্বে এতে উদ্বোধনী বক্তব্য দেন মাস্টার মো. আব্দুল আহাদ। প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া বিভাগের উপজেলা সম্পাদক প্রভাষক আশরাফুল ইসলাম বুলু।
বক্তারা বলেন, দেশের যুবসমাজকে নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে গড়ে তুলতে ক্রীড়া ও সামাজিক কর্মকা- গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুবকদের মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ পরিবেশে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব আরোপ করেন তারা।
বৈঠকে ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সাংগঠনিক কার্যক্রম, আসন্ন নানা কর্মসূচি এবং ক্রীড়া কার্যক্রম আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন।