বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক জন্ম নিবন্ধন দিবস: একটি শিশুর প্রথম আইনি পরিচয়

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
আন্তর্জাতিক জন্ম নিবন্ধন দিবস: একটি শিশুর প্রথম আইনি পরিচয়

সাকিবুর রহমান বাবলা

৮ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক জন্ম নিবন্ধন দিবস। এটি জাতিসংঘ ঘোষিত কোনো আনুষ্ঠানিক আন্তর্জাতিক দিবস নয়; ২০১৮ সালে জনসন বেবি ও সেভ দ্য চিলড্রেনের যৌথ ‘দি রাইট স্টার্ট’ উদ্যোগের মাধ্যমে দিনটির আন্তর্জাতিক পর্যায়ের প্রচার ও পালন শুরু হয়। মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় জন্ম নিবন্ধনের গুরুত্ব তুলে ধরা এবং জন্মের পর প্রতিটি শিশুর আইনি পরিচয় নিশ্চিত করাই ছিল এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

জন্ম নিবন্ধন নিছক একটি সনদ বা কয়েকটি সংখ্যার সমষ্টি নয়; এটি রাষ্ট্রের কাছে একজন মানুষের অস্তিত্বের প্রথম সরকারি স্বীকৃতি। জন্ম নিবন্ধনের মাধ্যমে শিশুর নাম, জন্মতারিখ, পিতা-মাতা ও পারিবারিক পরিচয়ের একটি নির্ভরযোগ্য সরকারি রেকর্ড তৈরি হয়। পরবর্তী সময়ে শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, বিবাহ নিবন্ধন, উত্তরাধিকারসহ নানা নাগরিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠায় এই রেকর্ড গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করে। ফলে এটি শিশুর বর্তমান নিরাপত্তার পাশাপাশি ভবিষ্যৎ নাগরিক জীবনেরও একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।

জাতিসংঘের শিশু অধিকার সনদের ৭ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, শিশুর জন্মের পর অবিলম্বে তাকে নিবন্ধন করতে হবে; জন্ম থেকেই তার নাম ও জাতীয়তা অর্জনের অধিকার রয়েছে এবং যতদূর সম্ভব পিতা-মাতাকে জানা ও তাদের দ্বারা লালিত-পালিত হওয়ার অধিকারও রয়েছে। একইভাবে আইসিসিপিআর-এর ২৪(২) অনুচ্ছেদ প্রত্যেক শিশুর জন্মের পর অবিলম্বে নিবন্ধনের অধিকার স্বীকার করেছে। জাতিসংঘের লিগ্যাল আইডেন্টিটি অ্যাজেন্ডাও জন্ম নিবন্ধনকে আইনি পরিচয় প্রতিষ্ঠার মৌলিক উপায় হিসেবে বিবেচনা করে।

জন্ম নিবন্ধনের সঙ্গে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ১৬.৯-এর সরাসরি সম্পর্ক রয়েছে। ২০৩০ সালের মধ্যে সবার জন্য, জন্ম নিবন্ধনসহ, আইনি পরিচয় নিশ্চিত করাই এ লক্ষ্যের উদ্দেশ্য। নির্ভরযোগ্য জন্ম-মৃত্যু নিবন্ধন ব্যবস্থা শুধু ব্যক্তির অধিকার রক্ষা করে না; জনসংখ্যা, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নের নির্ভুল পরিসংখ্যান তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জন্ম নিবন্ধনের ধারণা আধুনিক রাষ্ট্রব্যবস্থার সৃষ্টি হলেও মানুষের জন্ম, বংশ ও পরিচয় সংরক্ষণের সামাজিক রীতি বহু প্রাচীন। ধর্মীয় প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনে নাম, বংশপরিচয় ও গুরুত্বপূর্ণ জীবনের ঘটনাবলি লিখে রাখার ঐতিহ্য ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক নিবন্ধন ব্যবস্থায় রূপ নেয়। ইউরোপে ১৬শ শতাব্দী থেকে গির্জাভিত্তিক নথি এবং পরবর্তী সময়ে রাষ্ট্রীয় নাগরিক নিবন্ধন ব্যবস্থা বিস্তৃত হয়। ইংল্যান্ড ও ওয়েলসে ১ জুলাই ১৮৩৭ থেকে বেসামরিক জন্ম, বিবাহ ও মৃত্যু নিবন্ধনের আনুষ্ঠানিক ব্যবস্থা চালু হয়।

বাংলাদেশের ভূখন্ডে আধুনিক জন্ম-মৃত্যু নিবন্ধনের আইনি ভিত্তি ব্রিটিশ আমলের ১৮৭৩ সালের ‘বার্থস অ্যান্ড ডেথস রেজিস্ট্রেশন অ্যাক্ট’-এর সঙ্গে যুক্ত। স্বাধীনতার পর দীর্ঘদিন পুরোনো কাঠামো চললেও ২০০১–২০০৬ সালে ইউনিসেফ-বাংলাদেশের সহায়তায় পাইলট প্রকল্পের মাধ্যমে নতুনভাবে জন্ম নিবন্ধন কার্যক্রম বিস্তৃত করা হয়। এর ধারাবাহিকতায় ৭ ডিসেম্বর ২০০৪ জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ প্রণীত হয় এবং ৩ জুলাই ২০০৬ থেকে তা কার্যকর হয়।

বর্তমানে বাংলাদেশে জন্ম নিবন্ধন ব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। নিবন্ধন তথ্য প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় সংরক্ষণ করা হয় এবং ১৭ অঙ্কের অনন্য জন্ম নিবন্ধন নম্বর ব্যবহৃত হচ্ছে। আইনে শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মসংক্রান্ত তথ্য নিবন্ধকের কাছে দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে; বিলম্ব হলেও নির্ধারিত প্রক্রিয়া ও ফি দিয়ে নিবন্ধনের সুযোগ আছে।

জন্ম নিবন্ধন শিশুকে বাল্যবিবাহ, শিশুশ্রম, মানবপাচার ও বিভিন্ন ধরনের শোষণ থেকে সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বয়সের নির্ভরযোগ্য সরকারি প্রমাণ থাকলে শিশুর বয়স নিয়ে জালিয়াতি কমানো সম্ভব হয়। কোনো শিশু হারিয়ে গেলে বা বাস্তুচ্যুত বা ভবঘুরে হলে তার পরিচয় পুনঃপ্রতিষ্ঠায়ও জন্ম নিবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধ, দুর্যোগ ও বাস্তুচ্যুতির পরিস্থিতিতে জন্ম নিবন্ধনের অভাব ভবিষ্যতে রাষ্ট্রহীনতা ও আইনি পরিচয় সংকটের ঝুঁকি বাড়াতে পারে।

অগ্রগতি সত্ত্বেও বিশ্বে এখনও বিপুলসংখ্যক শিশু জন্ম নিবন্ধনের বাইরে। ইউনিসেফ-এর সর্বশেষ বৈশ্বিক তথ্য অনুযায়ী, পাঁচ বছরের কম বয়সী প্রায় ১৫ কোটি শিশু এখনো নিবন্ধিত নয়; আরও পাঁচ কোটির বেশি শিশুর জন্ম নিবন্ধিত হলেও তাদের হাতে জন্মসনদের প্রমাণ নেই। নিম্নআয়ের পরিবার, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চল, দুর্বল প্রশাসনিক ব্যবস্থা, দারিদ্র্য, সচেতনতার অভাব, বাস্তুচ্যুতি ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা এ ক্ষেত্রে বড় বাধা।

বাংলাদেশে দুর্গম ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকা, প্রান্তিক জনগোষ্ঠী, দরিদ্র পরিবার এবং প্রশাসনিক বা প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে সবার জন্ম নিবন্ধন নিশ্চিত করা এখনও একটি চলমান চ্যালেঞ্জ; যদিও সরকার এ বিষয়ে পৃথক দপ্তর গঠন করেছে। তবে নিবন্ধন ব্যবস্থাকে আরও সহজ, সুলভ, স্বচ্ছ এবং স্বাস্থ্য, শিক্ষা ও স্থানীয় সরকার সেবার সঙ্গে সমন্বিত করা জরুরি।

আধুনিক সরকারি জন্ম নিবন্ধন কোনো ধর্মীয় আচার থেকে সরাসরি উদ্ভূত নয়; তবে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিতে শিশুর নামকরণ, বংশপরিচয় সংরক্ষণ এবং সমাজে তার আগমন ঘোষণা করার দীর্ঘ ঐতিহ্য রয়েছে। ইসলামে শিশুর সুন্দর নাম রাখা, পিতৃপরিচয় সংরক্ষণ এবং পরিচয় বিকৃত না করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। হিন্দুধর্মে নামকরণ সংস্কার শিশুর সামাজিক ও ধর্মীয় পরিচয় প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ আচার। খ্রিষ্টীয় সমাজে গির্জার বাপ্তিস্ম ও চার্চ রেজিস্টারে জন্ম বা দীক্ষার তথ্য সংরক্ষণের ঐতিহ্য রয়েছে। বৌদ্ধ সমাজেও শিশুর নামকরণ ও মঙ্গলকামনার সামাজিক-ধর্মীয় রীতি প্রচলিত। এসব ঐতিহ্যকে আধুনিক রাষ্ট্রীয় জন্ম নিবন্ধনের সঙ্গে এক করে দেখা ঠিক নয়; তবে পরিচয় সংরক্ষণের মানবিক ও সামাজিক প্রয়োজনের সঙ্গে এদের একটি ঐতিহাসিক সাদৃশ্য রয়েছে।

বাংলাদেশে প্রতিবছর ৬ অক্টোবর জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়। তবে আন্তর্জাতিকভাবে ৮ অক্টোবরের দিবসটিও আমাদের মনে করিয়ে দেয়-একটি শিশুকে জন্মের পর শুধু পৃথিবীতে স্বাগত জানালেই দায়িত্ব শেষ হয় না; তাকে রাষ্ট্রের নথিতে দৃশ্যমান করাও জরুরি।

জন্ম নিবন্ধন তাই কাগজের সনদ নয়, এটি একজন মানুষের ‘অধিকার পাওয়ার অধিকার’-এর প্রথম ভিত্তি। জন্মের সঙ্গে সঙ্গে প্রতিটি শিশুকে আইনি পরিচয়ের আওতায় আনা মানে তাকে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, ন্যায়বিচার ও সামাজিক মর্যাদার পথে এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়া। একটি শিশুকে গণনায় আনা মানে শুধু একটি সংখ্যা যোগ করা নয়-একটি জীবনকে রাষ্ট্র ও পৃথিবীর কাছে দৃশ্যমান করা। আর যে রাষ্ট্র তার প্রতিটি শিশুকে জন্ম থেকেই দৃশ্যমান ও স্বীকৃত করে, সে রাষ্ট্রই অধিকতর মানবিক, নিরাপদ ও ভবিষ্যৎমুখী।

Ads small one

উদ্যোক্তাদের জন্য কৃষিপণ্য একটি বৃহৎ খাতে পরিণত হবে: হুইপ রকিবুল ইসলাম

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১০:০৩ অপরাহ্ণ
উদ্যোক্তাদের জন্য কৃষিপণ্য একটি বৃহৎ খাতে পরিণত হবে: হুইপ রকিবুল ইসলাম

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বলেছেন, খুলনা অঞ্চলের এবং দেশের উন্নয়নে কৃষি উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এটি একটি সম্ভাবনাময় খাত। সৃজনশীল কৃষি উদ্যোক্তারা মানসম্মত খাদ্যপণ্য উৎপাদন করে ভেজালমুক্ত খাদ্যপণ্যের বাজার সম্প্রসারণে অবদান রাখতে পারেন। আগামীতে উদ্যোক্তাদের জন্য কৃষিপণ্য একটি বৃহৎ খাতে পরিণত হবে।

তিনি বুধবার বিকালে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কার্যক্রমের আওতায় কৃষি উদ্যোক্তাদের মধ্যে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসকল কথা বলেন।

খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি রকিবুল ইসলাম বলেন, অনেক সময় কিছু অসাধু ব্যবসায়ী খাদ্যপণ্যে ক্ষতিকর রাসায়নিক উপকরণ বা কৃত্রিম রঙ ব্যবহার করেন। জনস্বাস্থের জন্য ক্ষতিকর ও মানহীন এসব পণ্যের বিক্রি যেকোন মূল্যে বন্ধ করা প্রয়োজন। তিনি আরো বলেন, উদ্যোক্তাদের এগিয়ে নিতে প্রয়োজনীয় প্রশিক্ষণ, ঋণ, বিপণন সহায়তা ও উপকরণ বিতরণ বৃদ্ধি করা দরকার। উদ্যোক্তার সংখ্যা বৃদ্ধি পেলে দেশ সমৃদ্ধ হবে। সরকারও সবসময় উদ্যোক্তাদের পাশে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জেলা প্রশাসন ও সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হুরে জান্নাত। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) বিতান কুমার মন্ডল, কৃষি সম্প্রসারণ দপ্তরের উপপরিচালক মো: নজরুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল করিম-সহ কৃষি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন এবং তাদের মধ্যে উপকরণ বিতরণ করেন। তথ্যবিবরণী

প্লাস্টিকের দাপটে বিলীন হতে বসেছে পাটকেলঘাটার ঐতিহ্যবাহী মাদুরশিল্প

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৯:৫৯ অপরাহ্ণ
প্লাস্টিকের দাপটে বিলীন হতে বসেছে পাটকেলঘাটার ঐতিহ্যবাহী মাদুরশিল্প

এম এম জামান মনি, পাটকেলঘাটা: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা বাণিজ্য কেন্দ্রের অর্থনীতিতে একসময় বড় ভূমিকা রাখত স্থানীয় মাদুরশিল্প। এই শিল্প থেকে মাদুর কেনাবেচা ও সরবরাহের মাধ্যমে প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় হতো। ‘মেলে’ নামক বিশেষ ঘাস দিয়ে তৈরি এসব মাদুরের বেশ সুনাম ছিল দেশের বিভিন্ন প্রান্তে। তবে কাঁচামালের সংকট, উৎপাদন খরচ বৃদ্ধি, প্লাস্টিক পণ্যের দাপট ও সরকারি সহায়তার অভাবে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী এই শিল্প।

একসময় পাটকেলঘাটা হাটের মাদুরশিল্পের খ্যাতি ছিল অনেক। তালা উপজেলার খলিষখালী বাজার, দলুয়া বাজার, গাছা বাজার, মাগুরা বাজার, গোয়ালপোতা বাজার ও খেসরা ইউনিয়নের বহু পরিবার মাদুর বুনে জীবিকা নির্বাহ করত। গৃহস্থদের আঙিনায় নারী-পুরুষ মিলে শুকাতেন মেলে ঘাস। নিজেদের জমিতে কিংবা বর্গা নিয়ে অনেকেই এ ঘাসের চাষ করতেন।

স্থানীয় কারিগরদের অভিযোগ, কাঁচামাল হিসেবে ব্যবহৃত মেলের দাম দ্বিগুণের বেশি বেড়েছে। আগে প্রতিদিন তিন থেকে চারটি মাদুর তৈরি করে প্রতিটি ৩৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি করা যেত। বর্তমানে সেই মাদুর বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৪০০ টাকায়। খরচ বাদ দিলে খুব সামান্য টাকাই হাতে থাকে। ফলে বাধ্য হয়ে কারিগরেরা এ পেশা ছেড়ে অন্য পেশায় যুক্ত হচ্ছেন।
মাদরা গ্রামের তারাজান বিবি জানান, জমি থেকে মেলে এনে চিরে রোদে শুকানো হয়। এরপর তা প্রক্রিয়াজাত করে মাদুর তৈরির জন্য সংরক্ষণ করা হয়।

গাচা গ্রামের পরিতোষ সরকার, বাগডাঙা গ্রামের নারায়ণ ম-ল, মাগুরা ইউনিয়নের মাদ্রা গ্রামের শ্যামল সরকার ও কলাগাছি গ্রামের স্বপন সরকার জানান, আগে ঘরে ঘরে মাদুর তৈরির প্রচলন ছিল। অধিকাংশ মানুষ এ কাজের সঙ্গে যুক্ত ছিলেন। ব্যাংকিং ঋণের অপ্রতুলতা ও অনুকূল পরিবেশ না থাকায় এখন ব্যাংক থেকে ঋণ মিলছে না। ঐতিহ্যবাহী এ শিল্পকে টিকিয়ে রাখতে হলে সরকারি-বেসরকারি পর্যায়ে আর্থিক সহযোগিতা প্রয়োজন।

পাটকেলঘাটা প্রেস ক্লাবের সাবেক সভাপতি শেখ জহুরুল হক জানান, দক্ষ মাদুরশিল্পীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং তাঁদের জন্য প্রণোদনা দেওয়া প্রয়োজন। এতে দেশীয় এই হস্তশিল্প পুনরুজ্জীবিত হওয়ার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
একটি স্থানীয় এনজিও প্রতিনিধি মনে করেন, সরকারি উদ্যোগে ইউনিয়ন বা উপজেলা পর্যায়ে মাদুর মেলার আয়োজন করা উচিত। এটি হস্তশিল্প ও অর্থনীতির গুরুত্বপূর্ণ সম্পদ।

এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, তিনি সম্প্রতি যোগ দিয়েছেন। ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সাতক্ষীরায় ৫০ অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থী পেল ব্যাগ ও শিক্ষা উপকরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় ৫০ অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থী পেল ব্যাগ ও শিক্ষা উপকরণ

সংবাদদাতা: সাতক্ষীরায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ এবং বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে রোটারী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৫০ জন শিক্ষার্থীর হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। রোটারিয়ান নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার। অর্থাভাব যেন কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনায় বাধা হয়ে না দাঁড়ায়, সেদিকে সমাজের সবাইকে নজর দিতে হবে। রোটারী ক্লাব অব সাতক্ষীরার এই মানবিক উদ্যোগ প্রশংসনীয়। শিক্ষা উপকরণগুলো শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করবে এবং তাদের ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে। দেশের উন্নয়নে সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

রোটারী ক্লাব অব সাতক্ষীরার সভাপতি রোটারিয়ান আখতারুজ্জামান কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ক্লাব সম্পাদক রোটারিয়ান সিএম নাজমুল ইসলাম, সাবেক সভাপতি রোটারিয়ান হাবিবুর রহমান হবি, রোটারিয়ান মো. আশরাফুল করিম ধনী, রোটারিয়ান মো. মাগফুর রহমান, রোটারিয়ান ফারহা দীবা খান সাথী, রোটারিয়ান মশিউর রহমান বাবু, সভাপতি নির্বাচিত রোটারিয়ান কামরুজ্জামান রাসেল, সাবেক সম্পাদক রোটারিয়ান এসএম মিজানুর রহমান, সার্জেন্ট অব আর্মস রোটারিয়ান নাসিমা খাতুন, রোটারিয়ান মো. গোলাম রসুল ও রোটারিয়ান তারিনা তাজরিন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা সামাজিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান। পরে অতিথিরা শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ব্যাগ, খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেন।