সাতক্ষীরায় কেজিতে ধানের দাম কমেছে ১১ টাকা, কমেনি চালের দাম
মাছুম বিল্লাহ: বৈশাখ মাস পড়তেই সাতক্ষীরায় পুরোদমে ধান কাটা শুরু হয়েছে। বিস্তীর্ণ মাঠে ধানের সুন্দর ফলন হয়েছে। কিন্তু দাম শুনলেই আঁতকে উঠছেন কৃষক। চালের দাম না কমলেও, কমছে ধানের দাম।
তথ্যসূত্রে জানা যায়, বিগত বছর রড মিনিকেট, ব্রি-ধান ২৮, ব্রি-ধান ৮৮ সহ অন্যান্য চিকন ধান প্রতি মন বিক্রি হয়েছে ১ হাজার ৫১৩ টাকা। এখন সেই ধান বিক্রি হচ্ছে ১ হাজার ০৬৬ টাকা। প্রতি মন ধানের দাম কমেছে ৪৪৭ টাকা। সেই হিসাবে প্রতি কেজিতে ধানের দাম কমেছে ১১ টাকা। ধানের এত বড় দর পতনে কৃষকেরা মরার উপর খাড়ার ঘার মত অবস্থায় পড়েছেন। কেননা সার, বীজ, কীটনাশক, মজুরি সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে।
এ বিষয়ে লাবসা এলাকার কয়েকজন চাষী বলেন, জমি লিজ নিয়ে ধান করেছি, ধানের দাম হিসাব করে দেখছি আমাদের কিছুই থাকবে না। আরো কয়েকজন কৃষক বলেন, শুনেছি সরকার কৃষি কার্ড দিবে। কিন্তু ধানের দাম এত কম হলে কৃষি কার্ড দিয়ে কি করব।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম বলেন, সরকারীভাবে সংগ্রহ অভিযান শুরু হলে পরিস্থিতি পাল্টে যাবে। তাছাড়া দাম বৃদ্ধির জন্য আমরা কিছু সুপারিশ পাঠিয়েছি।






