বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

পাইকগাছায় ৩ ‘শ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে এলপিজি গ্যাস!

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
পাইকগাছায় ৩ ‘শ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে এলপিজি গ্যাস!

পলাশ কর্মকার, কপিলমুনি (পাইকগাছা): খুলনার পাইকগাছায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার কিনতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ ভোক্তারা। বাজারে চাহিদামতো গ্যাস পাওয়া যাচ্ছে না। পরিচিত কয়েকটি কোম্পানির সিলিন্ডার খুঁজে পেতেও দোকানে দোকানে ঘুরতে হচ্ছে ক্রেতাদের। কোথাও সরবরাহ না থাকায় খালি হাতে ফিরতে হচ্ছে, আবার কোথাও বেশি দাম দিয়েও কিনতে হচ্ছে রান্নার জ্বালানি।

ভোক্তাদের অভিযোগ, ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডার বর্তমানে পাইকগাছার বিভিন্ন বাজারে ২ হাজার ২৫০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ চলতি অক্টোবর মাসের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দাম ১ হাজার ৮৩৭ টাকা। সে হিসাবে প্রতি সিলিন্ডারে নির্ধারিত দামের চেয়ে ৪১৩ থেকে ৪৬৩ টাকা বেশি দিতে হচ্ছে ক্রেতাদের।

বাজারে যমুনা, ফ্রেশ, বসুন্ধরা, ওমেরা, বিএম ও টোটালের মতো পরিচিত ব্র্যান্ডের সিলিন্ডারের সরবরাহ কম বলে জানিয়েছেন স্থানীয় ক্রেতারা। তাঁদের ভাষ্য, কোনো কোনো দোকানে নির্দিষ্ট একটি কোম্পানির সিলিন্ডার পাওয়া গেলেও অন্য ব্র্যান্ডের সিলিন্ডার মিলছে না। এতে পছন্দের ব্র্যান্ডের গ্যাস কেনার সুযোগ সীমিত হয়ে পড়েছে। পাইকগাছার গৃহিণী আসমা বেগম বলেন, রান্নার জন্য গ্যাস প্রয়োজন হলেও চাহিদামতো সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। দু-একটি কোম্পানির সিলিন্ডার মিললেও খালি সিলিন্ডার বদলে গ্যাস নেওয়ার সুযোগ থাকছে না। ফলে নতুন সিলিন্ডারসহ গ্যাস কিনতে হচ্ছে।

আসমা বেগমের ভাষ্য, নতুন সিলিন্ডারসহ ১২ কেজি গ্যাস কিনতে ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত খরচ হচ্ছে। সংসারের অন্যান্য খরচের সঙ্গে বাড়তি এই ব্যয় সামলাতে তাঁকে হিমশিম খেতে হচ্ছে।

স্থানীয় ভোক্তারা জানান, গ্যাসের সংকট ও বাড়তি দামের কারণে রান্নার খরচ বেড়ে গেছে। অনেকেই একাধিক দোকানে খোঁজ করেও সিলিন্ডার পাচ্ছেন না। আবার রান্নার প্রয়োজন মেটাতে বাধ্য হয়ে বেশি দামে কিনছেন। পরিস্থিতি দীর্ঘায়িত হলে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর ওপর বাড়তি চাপ পড়বে বলে আশঙ্কা তাঁদের। বাজারে এলপিজি সিলিন্ডারের সরবরাহ কমে যাওয়ার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়।

 

সরবরাহের ঘাটতি, বাজার ব্যবস্থাপনার দুর্বলতা কিংবা কৃত্রিম সংকটের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি নির্ধারিত দামে গ্যাস বিক্রি নিশ্চিত করতে বাজার তদারকি জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে কোন কোম্পানির সিলিন্ডার কতটা সরবরাহ করা হচ্ছে এবং খুচরা পর্যায়ে কী দামে বিক্রি হচ্ছে, তা নজরদারির আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।

বসুন্ধরা এলপিজির উপকূলীয় চার উপজেলার পরিবেশক কপিলমুনির মেসার্স নির্মাণ বিপণির স্বত্বাধিকারী বিপ্লব কুমার সাধু বলেন, তাঁর প্রতিষ্ঠানের মাসিক চাহিদা ১২ হাজার সিলিন্ডার। কিন্তু গত মাসে কোম্পানি থেকে মাত্র ২ হাজার ৭০০টি সিলিন্ডার সরবরাহ করা হয়েছে। চলতি মাসে এখনো কোনো বরাদ্দ পাওয়া যায়নি। এ কারণে বাজারে গ্যাসের সংকট দেখা দিয়েছে। সরবরাহের এই ঘাটতির প্রভাব পড়েছে খুচরা বাজারেও। পাইকগাছা বাজারের গ্যাস সিলিন্ডার বিক্রেতা আল-মুনসুর বলেন, বিভিন্ন কোম্পানি গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে। এ কারণে তাঁরা চাহিদা অনুযায়ী সিলিন্ডার পাচ্ছেন না। যেসব ব্যবসায়ীর কাছে আগে থেকে মজুত ছিল, তাঁদের কেউ কেউ বেশি দামে বিক্রি করেছেন। কপিলমুনি বাজারের শ্রীরামপুর মোড় এলাকার কনক সাহার বিরুদ্ধে বসুন্ধরা গ্যাস সিলিন্ডার প্রতি ২২00 টাকায় বিক্রির অভিযোগ উঠেছে।

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে এলপিজি ডিলারদের নিয়ে সভা হয়েছে। সেখানে ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে চলার কথা বলা হয়েছে।

তবে ভোক্তাদের অভিযোগ, নির্দেশনা দেওয়ার পরও বাজারে নির্ধারিত দামে গ্যাস বিক্রি এবং সরবরাহ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়নি। ফলে সিলিন্ডার থাকা সত্ত্বেও প্রয়োজনের সময় গ্যাস না পাওয়া এবং বেশি দাম দিয়ে কেনার ভোগান্তি থেকেই যাচ্ছে।

Ads small one

সৌদি আরবের ১০০ ফ্লাইট বাতিল, আটকা পড়লেন ১৫৩৯৩ যাত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
সৌদি আরবের ১০০ ফ্লাইট বাতিল, আটকা পড়লেন ১৫৩৯৩ যাত্রী

হুতি বিদ্রোহীদের ধারাবাহিক আক্রমণের ফলে সৌদি আরবে ফ্লাইট চলাচল বিঘ্নিত হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত ১০০ ফ্লাইট বাতিলের তথ্য জানালো বিমানবন্দর কর্তৃপক্ষ। বাতিল করা ফ্লাইটের যাত্রীর সংখ্যা ১৫ হাজার ৩৯৩ জন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ জানান, পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

তিনি জানান, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে সরাসরি ৪১ টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭। ইউএস-বাংলার ১০, সৌদিয়ার ৭ ও রিয়াদ এয়ারের ৭টি।

এই কর্মকর্তা আরও জানান, বাতিল করা ট্রানজিট ফ্লাইটের সংখ্যা ৫৯টি। এর মধ্যে ইন্ডিগোর ২২, সালাম এয়ারের ৭, ইজিপ্ট এয়ারের ১, এমিরেটস এয়ারের ১৪, কাতার এয়ারওয়েজের ৭, ফ্লাই দুবাইয়ের ৬ ও এয়ার ইন্ডিয়ার ২টি ফ্লাইট রয়েছে।

ভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন আলী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ
ভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন আলী

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের অন্যতম বৃহত্তম যুব-নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরামের (ভিডিএফ) খুলনা বিভাগীয় নির্বাহী কমিটি নির্বাচন-২০২৬-এ সভাপতি পদে ২০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বাগেরহাটের যুব সংগঠক অমিত দাস শুভ্র। একই সংখ্যক ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার তরুণ সাংবাদিক ও যুব সংগঠক মো. হোসেন আলী।

প্রধান নির্বাচন কমিশনার ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. আবুল হোসেনের আদেশক্রমে নির্বাচন কমিশনার নাজিয়া তারান্নুম স্বাক্ষরিত পত্রে এ ফলাফল প্রকাশ করা হয়। এর আগে দেশের আটটি বিভাগে একযোগে ভিডিএফের বিভাগীয় নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত অনলাইনে ভোট গ্রহণ করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, খুলনা বিভাগীয় নির্বাহী কমিটির সহসভাপতি-১ (কৌশল ও পরিকল্পনা) পদে যশোরের রাহিয়া ভূঁইয়া ইরা, সহসভাপতি-২ (কার্যক্রম ও পরিচালনা) পদে মাগুরার মো. ইব্রাহীম শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নড়াইলের শেখ নাজমুস সাকিব সিয়াম এবং কোষাধ্যক্ষ পদে বাগেরহাটের প্রিতম ম-ল নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া মানবসম্পদ, প্রশাসন ও লজিস্টিকস বিষয়ক সম্পাদক পদে মাগুরার মো. আরাফাত হাসান, মিডিয়া ও জনসংযোগ বিষয়ক সম্পাদক পদে চুয়াডাঙ্গার মো. সাইফুল্লাহ আল সাদিক, পর্যবেক্ষণ, গবেষণা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে কুষ্টিয়ার রায়ানা তাবাসসুম এবং নারী ও শিশু কল্যাণ বিষয়ক সম্পাদক পদে বাগেরহাটের ইরানি বিশ্বাস নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন সাতক্ষীরার রিংকী চৌধুরী।

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ভলান্টারি সার্ভিসেস ওভারসিজের (ভিএসও) সহযোগিতায় পরিচালিত ভিডিএফ বাংলাদেশের তরুণ স্বেচ্ছাসেবকদের একটি জাতীয় নেটওয়ার্ক। দেশের ৬৪টি জেলায় কার্যক্রম পরিচালনাকারী এ সংগঠন যুব নেতৃত্বের বিকাশ, স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি, জলবায়ু সচেতনতা তৈরি এবং তৃণমূল পর্যায়ে টেকসই সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, এ নির্বাচনে দেশের আট বিভাগের মোট ৩ হাজার ৩১৯ জন নিবন্ধিত ভোটারের মধ্যে ১ হাজার ১৬০ জন ভোট দিয়েছেন। সে হিসাবে ভোটদানের হার ৩৪.৯৫ শতাংশ। নির্বাচনে বিভিন্ন পদে মোট ১১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং তাদের মধ্যে ৮৮ জন নির্বাচিত হয়েছেন।

 

বৈকারী ইউনিয়নে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১০:০৩ অপরাহ্ণ
বৈকারী ইউনিয়নে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

স্বদেশ সংস্থার বাস্তবায়নে ‘আইন ও সালিশ কেন্দ্র (আসক)’, সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফার্স কানাডা (জিএসি) ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় ‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)’ প্রকল্পের অধীনে ‘এনগেজ ঘর’ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সদর উপজেলার বৈকারী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোছা. মৌরুদা খাতুনের সভাপতিত্বে একটি কমিউনিটি লিগ্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে উপস্থিত ছিলেন মানবাধিকারকর্মী অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসেন ও জেলা তথ্য অফিসের মো. মনিরুজ্জামান। ক্যাম্পে নারী ও শিশু অধিকার, শিশু নির্যাতন প্রতিরোধ, মানবাধিকার সুরক্ষা এবং বিদ্যমান আইন সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা হয়।

 

পাশাপাশি আগত সেবাপ্রার্থীদের বিভিন্ন বিষয়ে বিনামূল্যে আইনি পরামর্শ প্রদান করা হয়। এ সময় এলাকার শতাধিক নারী-পুরুষ উপস্থিত থেকে ক্যাম্পে অংশগ্রহণ করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন নাগরিকতা প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. আজহারুল ইসলাম। প্রেসবিজ্ঞপ্তি