আশাশুনিতে মাছের ঘের দখল, বসতঘরে ইটপাটকেল নিক্ষেপ ও হামলার অভিযোগ
বিএম আলাউদ্দীন, আশাশুনি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে মাছের ঘের থেকে মাছ লুট, বসতঘরে ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর ও পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. ফজলুর রহমান (৬৩) আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়ে আইনগত প্রতিকার চেয়েছেন।
লিখিত অভিযোগ ও মামলার বাদীর বক্তব্য অনুযায়ী জানা গেছে, ফজলুর রহমানের বাড়ির সামনে তাঁর নিজস্ব ২টি পুকুর রয়েছে। পুকুর থেকে বিভিন্ন সময়ে মাছ ধরে নিয়ে যাওয়ায় তাঁর আর্থিক ক্ষতি হচ্ছে। এ বিষয়ে তিনি বড়দল ইউনিয়ন পরিষদে অভিযোগ দিলেও অভিযুক্তরা সেখানে হাজির হননি বলে দাবি তাঁর।
অভিযোগে আরও বলা হয়, বিরোধের জেরে অভিযুক্তরা বিভিন্ন সময়ে তাঁর বসতবাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ক্ষতিসাধন করেছেন। সর্বশেষ রাতের বেলায় বাড়িতে ইটের টুকরা নিক্ষেপ করে তাঁকে, তাঁর স্ত্রী ও সন্তানদের ভয়ভীতি দেখায়। এছাড়া প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন অভিযোগকারী।
ফজলুর রহমানের অভিযোগ, অভিযুক্তদের ভয়ে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমনকি পরিবারের নারী সদস্যদের নিয়ে রাস্তায় চলাচল করতেও সমস্যার মুখে পড়তে হচ্ছে। এ ঘটনায় আশপাশের কয়েকজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।
অভিযোগকারী আরও দাবি করেন, এক নম্বর অভিযুক্তের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা প্রায় সাত বছর ধরে চলমান রয়েছে।
এ বিষয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জ শাহিদুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত চলমান আছে। তদন্ত পূর্ব আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।












