আশাশুনি ভূমি অফিসের কাজে স্বচ্ছতা ও হয়রানিমুক্ত সেবায় গুরুত্বারোপ
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা ভূমি অফিসের সার্বিক কার্যক্রম, দাপ্তরিক শৃঙ্খলা ও কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহেনাজ। একই সঙ্গে ভূমিসেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে সাধারণ মানুষের ভোগান্তি কমানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
আশাশুনি উপজেলা ভূমি অফিস পরিদর্শনকালে তিনি ভূমিসেবায় স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি হাটবাজারসংক্রান্ত ডিপি লিজ নবায়ন কার্যক্রম পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহেনাজ বলেন, আশাশুনি উপজেলা ভূমি অফিসের সার্বিক কার্যক্রম ও কাজের অগ্রগতি সন্তোষজনক। অফিসের রেজিস্টারগুলো বিধি অনুযায়ী সংরক্ষণ করা হচ্ছে এবং হাটবাজারসংক্রান্ত ডিপি লিজ নবায়ন কার্যক্রমও ভালোভাবে পরিচালিত হচ্ছে। তবে ভূমি অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষ যাতে সহজে ও হয়রানিমুক্তভাবে ভূমিসেবা পেতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। সরকারি বিধিবিধান অনুসরণ করে ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার তপন কুমার সরদার এবং সার্ভেয়ার মোস্তাফিজুর রহমান বিপ্লবসহ ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী।












