সংবাদ প্রকাশের পর নদী চরের সরকারি জমি দখলমুক্ত করল প্রশাসন
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড-সংলগ্ন মালঞ্চ নদীর চরের সরকারি জমি খুঁটি ও নেটের বেড়া দিয়ে রাতারাতি দখলের অভিযোগে সংবাদ প্রকাশের পর উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানের মাধ্যমে জমিটি দখলমুক্ত করা হয়েছে।
শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদের নির্দেশনায় মুন্সিগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবু সুফিয়ান ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় সরকারি জমিতে দেওয়া খুঁটি ও নেটের বেড়া অপসারণ করে জমিটি দখলমুক্ত করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড-সংলগ্ন মালঞ্চ নদীর চরের সরকারি জমি রাতারাতি খুঁটি ও নেটের বেড়া দিয়ে ঘিরে দখল করা হয়েছিল। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর তা প্রশাসনের নজরে আসে এবং পরবর্তীতে উচ্ছেদ অভিযান চালানো হয়।
স্থানটি পরিদর্শনের পর মুন্সিগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. আবু সুফিয়ান জানান, জায়গাটি নেট দিয়ে ঘিরে রাখা হয়েছিল। যারা ঘিরে রেখেছিল, তাদের কাছ থেকে নেট কিনে নেওয়া হয়েছে। ঘেরাটি এখন ভূমি অফিসের অধীন এবং পুরো জায়গাটি সরকারি দখলে থাকবে।
অভিযানের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সরকারি জমি দখলমুক্ত করার এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।






