আশাশুনিতে ইটের রাস্তা সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি: আশাশুনি উপজেলার বিল নাটানা গ্রামে ইটের রাস্তা সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন সহায়তা তহবিলের দ্বিতীয় কিস্তির বরাদ্দকৃত অর্থে এই কাজ বাস্তবায়ন করা হয়। বিল নাটানা হেরিং বন্ড রাস্তা হতে নাটানা কৃষ্ণ মন্দিরগামী ৮০০ ফুট রাস্তা সংস্কারের জন্য ১ লাখ ৭৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ওয়ার্ড কমিটির সভাপতি ও ইউপি সদস্য তপন সরকার কাজটি করান। তবে কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করা হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ তুলেছেন।
স্থানীয় বাসিন্দা মহাদেব মণ্ডল, শিল্পী মণ্ডল, শিক্ষক কনক চন্দ্র মণ্ডলসহ এলাকাবাসী জানান, কাজের সময় রাস্তার সব পুরনো ইট না তুলে এবং নামমাত্র বালি ও সীমিত পরিমাণ ইট ব্যবহার করে কাজ শেষ করা হয়েছে। স্লোবের কাজও মানসম্মতভাবে করা হয়নি, যা দ্রুত ধসে পড়ার উপক্রম হয়েছে। তবে অভিযুক্ত ইউপি সদস্য তপন সরকার দাবি করেন, কাজটি তিনি করেননি, চেয়ারম্যান করিয়েছেন। এ বিষয়ে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।









