পাটকেলঘাটায় কপোতাক্ষ নদের জলে দুই দিনে প্রতিমা বিসর্জন
এমএম জামান মনি, পাটকেলঘাটা: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শেষে ভক্তদের ভালোবাসায় কপোতাক্ষ নদসহ বিভিন্ন জলাশয়ে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। পাটকেলঘাটার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় নদী, খাল ও পুকুরে গোধূলিলগ্নে ভক্তরা দেবীকে বিদায় জানান।
ইসলামকাটি মোড়, খলিশখালী ইউনিয়নের সুতো এলাকার তিয়াসিয়া নদী এবং তালা উপজেলার বিভিন্ন স্থানে নৌকা ও ইঞ্জিনচালিত নৌকায় ঢাকঢোলের তালে তালে ও ধর্মীয় গানের মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। কাটিখালী, বাড়ানগর, ধুকুরিয়া, গাছটিকরামপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার প্রতিমাও কপোতাক্ষে বিসর্জন দেওয়া হয়।
তালা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার জানান, বিজয়া দশমীর দিনে পাটকেলঘাটা এলাকায় সাপ্তাহিক হাটবার থাকায় ওই দিন সব প্রতিমা বিসর্জন দেওয়া হয়নি। ফলে দশমীর পরদিন বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভক্তরা উৎসবমুখর পরিবেশে কপোতাক্ষ নদে প্রতিমা বিসর্জন দেন।









