সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরায় নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সচেতনতা বাড়ানোর সিদ্ধান্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সচেতনতা বাড়ানোর সিদ্ধান্ত

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরায় মানবপাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং বিদেশগামী কর্মীদের দালালচক্রের প্রতারণা থেকে রক্ষায় সচেতনতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা অভিবাসন সমন্বয় কমিটি। একই সঙ্গে অবৈধ অভিবাসনসংক্রান্ত তথ্য সংগ্রহ, সরকারি নির্দেশনা অনুসরণ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

গত ১১ অক্টোবর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাউসার আজিজ। সভায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কার্যক্রম পর্যালোচনা করে নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

সভায় বিদেশগামী কর্মীদের দালাল বা মধ্যস্বত্বভোগীদের সঙ্গে আর্থিক লেনদেন না করার বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে প্রচার-প্রচারণা এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে নিরাপদ অভিবাসনবিষয়ক তথ্য প্রচার এবং সংশ্লিষ্ট কমিটির কার্যক্রম আরও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের কার্যক্রম তুলে ধরে বিদেশগামী কর্মীদের নিবন্ধন, অভিযোগ গ্রহণ এবং অভিবাসনসংক্রান্ত সেবা প্রদানের বিষয় আলোচনা করা হয়। কমিটির কার্যক্রমে স্বচ্ছতা ও সমন্বয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিয়মিত কার্যক্রম পরিচালনা এবং অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়ন, বিদেশে নিরাপদ কর্মসংস্থান সম্পর্কে প্রশিক্ষণ এবং নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। নারী ও যুব উন্নয়নবিষয়ক দপ্তরের প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়েও আলোচনা হয়।

সভায় অবৈধ অভিবাসনসংক্রান্ত তথ্য সংগ্রহ, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মানবপাচার প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। অভিবাসন ব্যয় নির্বাহের ক্ষেত্রে সরকার নির্ধারিত নির্দেশনা অনুসরণ এবং প্রবাসী কর্মীদের অধিকার ও সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।

নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, বৈধভাবে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং অভিবাসনপ্রত্যাশীদের প্রতারণার হাত থেকে রক্ষায় সংশ্লিষ্ট সরকারি দপ্তর, জনপ্রতিনিধি ও কমিটির সদস্যদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার জন্য প্রতি মাসের ৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কার্যক্রমের প্রতিবেদন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়।

Ads small one

কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের শতবর্ষ উদ্‌যাপনের নিবন্ধন শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ
কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের শতবর্ষ উদ্‌যাপনের নিবন্ধন শুরু

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল অ্যান্ড কলেজের শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে ডিজিটাল নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ আয়োজন শুরু হয়।

সকালে খুলনার জেলা প্রশাসক ও বিদ্যালয়ের সভাপতি হুরে জান্নাত নিজ কার্যালয়ে নিবন্ধন করে কার্যক্রমের সূচনা করেন। সকাল ৯টায় প্রাক্তন পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে আয়োজক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রয়াত রায় সাহেব বিনোদ বিহারী সাধুর আবক্ষ মূর্তিতে মাল্যদান, শিক্ষক-শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রা, শতবর্ষের পতাকা উত্তোলন এবং প্রয়াত ব্যক্তিদের স্মরণে নীরবতা পালন করা হয়। বেলা সাড়ে ১২টার দিকে ডিজিটাল নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উদ্‌যাপন কমিটির আহ্বায়ক এ কে এম সাঈদ হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মণ্ডল, সদস্যসচিব এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ, প্রাক্তন প্রধান শিক্ষক মো. কবীর আহমেদসহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে সহচরী বিদ্যামন্দির শিক্ষক একাদশ ও হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক একাদশ অংশ নেয়। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্রীড়া ও কুপন কমিটির আহ্বায়ক এম আজাদ হোসেন।

ছবি ক্যাপশন: কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল অ্যান্ড কলেজের শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে ডিজিটাল নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উৎসবের সার্বিক মূল্যায়ন নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশ, সদস্যসচিব হিমাদ্রী শেখর দে, অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, পৌর কমিটির সভাপতি বাবুরাম মণ্ডল, রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি মনোহর চন্দ্র সানা, সরল কালীবাড়ি কেন্দ্রীয় পূজা মন্দিরের সভাপতি সুরঞ্জন চক্রবর্তী, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, স্নেহেন্দু বিকাশ, পূর্ণ চন্দ্র মণ্ডল, সুনীল কুমার মণ্ডল, সঞ্জীব রায়, ভূদেব কুমার মণ্ডল ও দীপঙ্কর সানাসহ অন্যরা।

সভায় বক্তারা দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে পূজার সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণ, পৌর শহরের যানজট নিরসন, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সেতুর দুই পাশের অবৈধ দোকানপাট উচ্ছেদসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হারুন অর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, পৌর জামায়াতের আমির সহকারী অধ্যাপক ইউনুস আলী বাবু, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন।

এ ছাড়া ইউপি চেয়ারম্যান সাঈদ আলী গাজী, মাহবুবুর রহমান মফে, সোহেল রানা, বিশাখা তপন সাহা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোখলেছুর রহমান ও মফিজুল ইসলাম এবং কলারোয়া প্রেসক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহ্বায়ক এমএ সাজেদ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু ও প্রভাষক আরিফ মাহমুদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।