কন্যাশিক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে সম্মাননা পেলেন ৫ বাবা
পত্রদূত ডেস্ক: কন্যাশিশুর শিক্ষা নিশ্চিত করা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে পাঁচজন আদর্শ পিতাকে সম্মাননা দিয়েছে গুড নেইবারস বাংলাদেশ। সোমবার রাজধানীতে সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত ‘ন্যাশনাল গুড ড্যাডি ক্যাম্পেইন ২০২৬’ অনুষ্ঠানে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।
‘মেয়েদের পাশে পিতারা: শিক্ষায় হ্যাঁ, বাল্যবিবাহে না’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ও কান্ট্রি হেড বার্টিন গোমেজ। এতে বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা বক্তব্য দেন। তাঁরা কন্যাশিশুর শিক্ষা নিশ্চিত করা, অধিকার প্রতিষ্ঠা ও বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে পাঁচজন আদর্শ পিতাকে সম্মাননা দেওয়ার পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়, প্রামাণ্যচিত্র প্রদর্শন, বাল্যবিবাহ প্রতিরোধে শপথ ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। অংশগ্রহণকারী বাবারা তাঁদের কন্যাদের ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে না দেওয়ার অঙ্গীকার করেন। পাশাপাশি সচেতনতা বাড়াতে ‘গুড ড্যাডি নেটওয়ার্ক’ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, গুড নেইবারস বাংলাদেশ ২০১৬ সাল থেকে আদর্শ পিতাদের সম্মাননা দিয়ে আসছে। ২০২৬ সাল পর্যন্ত মোট ২৯৬ জন বাবাকে এ সম্মাননা দেওয়া হয়েছে। কন্যাশিশুর শিক্ষা বিস্তার ও ইতিবাচক অভিভাবকত্বে উৎসাহ দেওয়াই এ উদ্যোগের লক্ষ্য।









