খুলনায় সাবেক এমপি, কাউন্সিলরসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের মামলা
পত্রদূত ডেস্ক: খুলনায় সাবেক সংসদ সদস্য, সাবেক সিটি কাউন্সিলর, আওয়ামী লীগ নেতা ও সাবেক সরকারি কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে পাঁচটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, খুলনায় মামলাগুলো দায়ের করা হয়। সহকারী পরিচালক মো. জাহিদ ফজল তিনটি এবং উপসহকারী পরিচালক আশিকুর রহমান দুটি মামলার বাদী হয়েছেন।
মামলাগুলোর মধ্যে খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. রশীদুজ্জামানের বিরুদ্ধে ৭৫ লাখ ৯০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। খুলনা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মো. ফারুক আহমেদের বিরুদ্ধে দলীয় পদ ব্যবহার করে এক কোটি ১৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক মামলা হয়েছে।
এ ছাড়া খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মেমরী সুফিয়া রহমান শুনুর বিরুদ্ধে স্বামীর সহায়তায় ৩৬ লাখ ৯১ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে নিজ মালিকানায় রাখার অভিযোগে মামলা করেছে দুদক। এ মামলায় সহযোগিতার অভিযোগে তাঁর স্বামী ফারুক আহমেদকেও আসামি করা হয়েছে।
অন্যদিকে, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক বিধান কুমার ভাণ্ডারের বিরুদ্ধে ৭৩ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। তাঁর স্ত্রী ডলি ভাণ্ডারের বিরুদ্ধে স্বামীর অর্জিত এক কোটি আট লাখ টাকা মূল্যের অবৈধ সম্পদ নিজ মালিকানায় রেখে ভোগদখলের অভিযোগে পৃথক মামলা করা হয়েছে।







