রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

সুনীল অর্থনীতি ও উন্নয়নের সুফল কারা পাচ্ছেন?

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১০:৪১ অপরাহ্ণ
সুনীল অর্থনীতি ও উন্নয়নের সুফল কারা পাচ্ছেন?

এস এম ইয়াকুব আলী

সুনীল অর্থনীতি হলো অর্থনীতির এমন একটি শাখা, যেখানে সমুদ্র ও সামুদ্রিক পরিবেশের বিভিন্ন সম্পদ ব্যবহার করে অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামুদ্রিক সম্পদের ওপর নির্ভরশীল মানুষের জীবনযাত্রার মান বাড়ানোর কৌশল নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া সুনীল অর্থনীতির মূল বিষয় হলো, সমুদ্রের পরিবেশ ও জীববৈচিত্র্য নষ্ট না করে সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা।

সুনীল অর্থনীতির ২৬টির বেশি খাত রয়েছে। এর মধ্যে কয়েকটি প্রধান খাত হলো মৎস্যসম্পদ আহরণ ও জলজ চাষ, সামুদ্রিক ও উপকূলীয় পর্যটন, সমুদ্রপথে পণ্য ও যাত্রী পরিবহন, সমুদ্রের তলদেশ থেকে তেল ও গ্যাস উত্তোলন, নবায়নযোগ্য জ্বালানি এবং সমুদ্রের বালু, লবণ ও খনিজসম্পদ আহরণ। এসব খাতের যথাযথ ব্যবহার ও কার্যক্রম অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধিতে ভূমিকা রাখে। বাংলাদেশের সামুদ্রিক বা সুনীল অর্থনীতি রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান ও জীবিকার উন্নয়নে ব্যাপক সুযোগ সৃষ্টি করে। কিন্তু উপকূলীয় জনগোষ্ঠী যাতে এর সুফল পায়, তা নিশ্চিত করা এখনো একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন-চ্যালেঞ্জ।

বঙ্গোপসাগরে বাংলাদেশের প্রায় ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার সামুদ্রিক এলাকা রয়েছে, যা দেশের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল এবং মাছ ধরার উপযোগী এলাকা। এ অঞ্চল থেকে সামুদ্রিক মাছ আহরণ, মাছ প্রক্রিয়াজাতকরণ ও সামুদ্রিক বাণিজ্যসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। এই অঞ্চল আমদানি-রপ্তানিসহ নানা অর্থনৈতিক কর্মকাণ্ডকে সহায়তা করে, যা উপকূলীয় জনগোষ্ঠীকে জাতীয় ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করে। এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আরও বেশি মনোযোগের দাবি রাখে: বাংলাদেশের ক্রমবর্ধমান সুনীল অর্থনীতি থেকে কারা বেশি লাভবান হচ্ছেন এবং কারা পিছিয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন?

সুনীল অর্থনীতিতে শুধু রাজস্ব আদায় ও ব্যবসা-বাণিজ্যের প্রসারের ওপর গুরুত্ব না দিয়ে সামুদ্রিক ও উপকূলীয় সম্পদের টেকসই ব্যবহার, বাস্তুতন্ত্রের সুরক্ষা এবং এসব সম্পদের ওপর নির্ভরশীল জনগোষ্ঠীর কাছে উন্নয়নের সুফল পৌঁছানো নিশ্চিত করার দিকেও নজর দেওয়া উচিত।

বঙ্গোপসাগরে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত সামুদ্রিক এলাকায় মৎস্য খাতকে টেকসইভাবে উন্নত করতে বাংলাদেশ উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। মৎস্য অধিদপ্তরের তথ্যভান্ডার এবং ২০২৬ সালের আগস্টে দেশব্যাপী প্রথম ‘নৌযান শুমারি’ অনুযায়ী, অনুমোদিত ক্ষুদ্র মৎস্যজীবী নৌকার সংখ্যা ২৫ হাজার ৩৪৬টি। তবে নিবন্ধিত সামুদ্রিক ও যান্ত্রিক নৌযানের মোট সংখ্যা প্রায় ৩০ হাজার ৫৩টি। অবৈধ বা অনিবন্ধিত নৌযানের সঠিক সরকারি হিসাব এখনো চূড়ান্ত না হলেও মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, এ সংখ্যা প্রায় ৬৫ হাজার। এ ছাড়া শুমারির প্রাথমিক তথ্যে দেখা গেছে, দেশে চলাচলকারী প্রায় ২ লাখ ৭০ হাজার ইঞ্জিনচালিত নৌযানের সিংহভাগেরই বৈধ নিবন্ধন নেই। এসব পরিসংখ্যান সামুদ্রিক কার্যক্রমের ব্যাপকতা ও কার্যকর মৎস্য ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে। তবে অর্থনৈতিক কার্যক্রমের সম্প্রসারণই এর সুফল ন্যায্যভাবে বণ্টনের নিশ্চয়তা দেয় না।

সামুদ্রিক উন্নয়ন নৌযানের মালিক, মাছ ব্যবসায়ী, প্রক্রিয়াজাতকারী, পরিবহন পরিচালনাকারী, রপ্তানিকারক ও শ্রমিকদের জন্য সুযোগ তৈরি করে। তবে এ খাতের সঙ্গে যুক্ত মানুষের অবস্থান এক নয়। যাঁদের নিজস্ব নৌকা, সরঞ্জাম, সংরক্ষণাগার বা বাণিজ্যিক নেটওয়ার্ক রয়েছে, তাঁরা মুনাফা অর্জনের ক্ষেত্রে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে থাকতে পারেন। অন্যদিকে, শ্রমিক ও ক্ষুদ্র মৎস্যজীবীরা ক্রমবর্ধমান পরিচালন ব্যয়, মাছ ধরার অনিশ্চয়তা ও বাজারের ওঠানামার কারণে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকতে পারেন। ক্ষুদ্র মৎস্য খাত নিয়ে এক গবেষণায় বাংলাদেশের ক্ষুদ্র মৎস্যজীবীদের প্রাতিষ্ঠানিক ঋণ পাওয়ার সীমিত সুযোগ, ঋণগ্রস্ততা ও জীবিকার নিরাপত্তাহীনতার মধ্যকার সম্পর্ক তুলে ধরা হয়েছে। মাছ ধরার খরচ জোগাতে জেলেরা যখন অপ্রাতিষ্ঠানিক ঋণদাতাদের ওপর নির্ভর করেন, তখন দর-কষাকষি ও মুনাফার বড় অংশ ধরে রাখার ক্ষমতা তাঁদের সীমিত হয়ে পড়ে।

সুনীল অর্থনীতির মৎস্যসম্পদ আহরণ খাতে উপকূলীয় অঞ্চলের নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাছ প্রক্রিয়াজাতকরণ, ব্যবসা ও অন্যান্য কার্যক্রমে তাঁদের অংশগ্রহণ রয়েছে। তবে ঝঅএঊ ঙঢ়বহ-এ প্রকাশিত ২০২৪ সালের এক গবেষণায় বলা হয়েছে, ঋণপ্রাপ্তি, আয়ের ওপর নিয়ন্ত্রণ এবং উৎপাদনশীল সম্পদসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীরা লিঙ্গভিত্তিক নানা বাধার সম্মুখীন হন। উপকূলীয় অঞ্চলের শাসনব্যবস্থা ও বিদ্যমান বৈষম্য সুনীল অর্থনীতির সুফল লাভের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ।

উপকূলীয় অঞ্চলের এই বৈষম্য শুধু আয়ের পার্থক্যের কারণে নয়; অর্থায়ন, প্রশিক্ষণ, বাজারব্যবস্থা এবং সরকারি সহায়তার সুযোগ ও বণ্টনে অসমতার কারণেও সৃষ্টি হয়। ফলে ক্ষুদ্র মৎস্যজীবী ও স্বল্প আয়ের পরিবারগুলো উন্নয়নের সুফল থেকে যথাযথভাবে বঞ্চিত হয়। মৎস্যবিধির দুর্বল প্রয়োগ, স্বচ্ছতার অভাব এবং সিদ্ধান্ত গ্রহণে স্থানীয় জনগোষ্ঠীর অপর্যাপ্ত অংশগ্রহণ অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে আরও বাধা সৃষ্টি করতে পারে। এ ক্ষেত্রে কার্যকর কিছু ব্যবস্থা গ্রহণ অত্যাবশ্যক।

অন্তর্ভুক্তিমূলক সুনীল অর্থনীতি গড়ে তুলতে বাংলাদেশ কয়েকটি বাস্তব পদক্ষেপ নিতে পারে। প্রথমত, সুশাসন নিশ্চিত করে সামুদ্রিক সম্পদের ব্যবহার টেকসইভাবে পরিচালনা করতে হবে। উন্নয়ন কর্মসূচিগুলো এমনভাবে বাস্তবায়ন করতে হবে, যাতে ঝুঁকিপূর্ণ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চাহিদা পূরণ হয়। দ্বিতীয়ত, ক্ষুদ্র মৎস্যজীবীদের জন্য সাশ্রয়ী ও সহজলভ্য প্রাতিষ্ঠানিক ঋণ, বিমা এবং ন্যায্য বাজারে প্রবেশের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। তৃতীয়ত, নারী ও প্রান্তিক উপকূলীয় পরিবারগুলোকে উপযুক্ত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা দিতে হবে এবং মৎস্য ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়াতে হবে। এ ছাড়া ধ্বংসাত্মক মাছ ধরার কার্যক্রমের বিরুদ্ধে কঠোর বিধিবিধান প্রয়োগ ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত। পরিশেষে, সরকারি কর্মসূচির সুবিধা প্রকৃতপক্ষে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর কাছে পৌঁছাচ্ছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।

বাংলাদেশের সুনীল অর্থনীতির সাফল্য শুধু সামুদ্রিক শিল্পের অর্থনৈতিক মূল্যের ভিত্তিতে বিচার করা উচিত নয়; এর সঙ্গে যুক্ত জনগোষ্ঠীর কল্যাণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। টেকসই ও সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে ন্যায্য সুযোগ, জবাবদিহিমূলক শাসনব্যবস্থা ও পরিবেশ সুরক্ষার সমন্বয় প্রয়োজন। তাহলেই সুনীল অর্থনীতি সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি এর ওপর নির্ভরশীল জনগোষ্ঠীর কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারবে। লেখক: বিএসএস ও এমএসএস (অর্থনীতি), জাতীয় বিশ্ববিদ্যালয়, এমবিএ শিক্ষার্থী, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়

 

Ads small one

বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার, সাতক্ষীরায় যৌথ বাহিনীর রাতভর টহল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১:৫৪ পূর্বাহ্ণ
বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার, সাতক্ষীরায় যৌথ বাহিনীর রাতভর টহল

পত্রদূত ডেস্ক: দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে সরকার। এরই অংশ হিসেবে সাতক্ষীরায় গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনাসহ বিভিন্ন কৌশলগত স্থানে রাতভর টহল ও বিশেষ নজরদারি কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন ও যৌথ বাহিনী।

রোববার (২৯ নভেম্বর) বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন ও বিতরণকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো চিঠিতে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়। দেশের সার্বিক বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।
নির্দেশনার আওতায় রয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, ডিপিডিসি, ডেসকো, নেসকো, ওজোপাডিকো, আরপিসিএল ও আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিসহ বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন ও বিতরণকারী প্রতিষ্ঠান।

এদিকে, একই রাতে সাতক্ষীরা জেলা প্রশাসন ও যৌথ বাহিনীর সমন্বয়ে সাতক্ষীরা ১৩২/৩৩ কিলোভোল্ট গ্রিড সাবস্টেশন (পিজিসিবি), নিউমার্কেট মোড়, খুলনা রোড মোড়সহ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে টহল ও বিশেষ নজরদারি চালানো হয়।

এ কার্যক্রমে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত চন্দ্র সেন, তুরাব আহসান ও সুবর্ণ মোহন ভাওয়াল। এ সময় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা পর্যবেক্ষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।

এর আগে রোববার সচিবালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৈঠকে মাঠপর্যায়ের কর্মকর্তারাও অনলাইনে যুক্ত ছিলেন।
জেলা প্রশাসন জানিয়েছে, সাতক্ষীরার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ণ
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

রাজধানী গুলশান থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২৯ নভেম্বর) রাতে গুলশান-২ এর ১১৩ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছে।

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তারও আগে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ণ
ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের নীতিগত ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আত্মনিয়ন্ত্রণাধিকার ও রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে বাংলাদেশ।

সোমবার (৩০ নভেম্বর) ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে রবিবার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইনের অব্যাহত লঙ্ঘন দিবসটির তাৎপর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনি জনগণের ওপর অব্যাহত হামলা, ইসরায়েলি বসতির লাগামহীন সম্প্রসারণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশে বিধিনিষেধ একটি টেকসই ও অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পরামর্শমূলক মতামতের প্রতি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন, যেখানে যুদ্ধের কৌশল হিসেবে বেসামরিক নাগরিকদের অনাহারে রাখার নিষেধাজ্ঞাসহ আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে দখলদার বাহিনীর বাধ্যবাধকতাগুলো পুনর্ব্যক্ত করা হয়েছে।

জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ এবং দখলদারিত্বের অবসানের আহ্বান পুনর্ব্যক্ত করে তারেক রহমান জাতিসংঘের সাধারণ বিতর্কে ফিলিস্তিনের প্রেসিডেন্টকে পূর্বে রেকর্ড করা বক্তব্য পেশ করার সুযোগ দিয়ে গৃহীত প্রস্তাবটিকে স্বাগত জানান।

এছাড়া বেসামরিক নাগরিকদের সুরক্ষা, বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিতকরণ এবং প্রারম্ভিক পুনরুদ্ধার ও পুনর্গঠনে সহায়তার সুস্পষ্ট ম্যান্ডেটসহ গাজায় জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন প্রতিষ্ঠার প্রতিও তিনি সমর্থন ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, সংহতির এই দিনে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি একটি বাস্তবসম্মত ও ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে, যাতে ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকার ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিগুলোকে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করা যায় এবং তারা নিজ স্বাধীন মাতৃভূমিতে শান্তি, নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচারের সাথে বসবাস করতে পারে।