যে রাতে সাগর উঠে এসেছিল ঘরে
বাকেরগঞ্জ ঘূর্ণিঝড়ের দেড় শ বছর: প্রায় দুই লাখ মানুষের প্রাণহানি, নেই স্মৃতিস্তম্ভ
জি এম আমিনুল হক
আজ ৩১ অক্টোবর। ঠিক দেড় শ বছর আগে, ১৮৭৬ সালের এই রাতে মেঘনা মোহনা ও উপকূলীয় জনপদে নেমে এসেছিল ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। মধ্যরাতে আঘাত হানা ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছিল ঘরবাড়ি, ফসলের মাঠ ও জনপদ। প্রাণ হারিয়েছিলেন প্রায় দুই লাখ মানুষ। ইতিহাসে এটি বাকেরগঞ্জ ঘূর্ণিঝড় নামে পরিচিত।
সমসাময়িক জার্মান গবেষক কার্ল ড্যামবেক ১৮৭৭ সালে পপুলার সায়েন্স মান্থলি পত্রিকায় এ বিপর্যয়ের বিবরণ প্রকাশ করেন। তাঁর বর্ণনা অনুযায়ী, রাত ১১টা পর্যন্ত বিপদের তেমন কোনো লক্ষণ ছিল না। এরপর আকস্মিক ঝড় ও বিশাল ঢেউ উপকূলীয় অঞ্চলকে বিপর্যস্ত করে তোলে। আধুনিক গবেষণায় বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ২২০ কিলোমিটার বলে অনুমান করা হয়েছে। জলোচ্ছ্বাসের উচ্চতা নিয়ে বিভিন্ন সূত্রে ভিন্ন তথ্য রয়েছে।
ঝড়ের আঘাতে বহু মানুষ তাৎক্ষণিকভাবে মারা যান। অনেকে গাছের ডালে উঠে কিংবা ভেসে যাওয়া ঘরের চাল আঁকড়ে ধরে প্রাণে বাঁচেন। কিন্তু বিপর্যয় সেখানেই শেষ হয়নি। লবণাক্ত পানিতে ফসলের ক্ষতি, গবাদিপশুর মৃত্যু, সুপেয় পানির সংকট ও খাদ্যাভাব দেখা দেয়। এরপর ছড়িয়ে পড়ে কলেরাসহ বিভিন্ন রোগ। ইতিহাসবিদ বেঞ্জামিন কিংসবুরির গবেষণা অনুযায়ী, ঝড়ের পরবর্তী মাসগুলোতেও রোগ ও খাদ্যসংকটে বিপুলসংখ্যক মানুষের মৃত্যু হয়েছিল।
দুর্যোগ মোকাবিলায় তৎকালীন ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। বরিশালের তৎকালীন কালেক্টর এবেনেজার বার্টন ত্রাণ ও পুনর্বাসনের জন্য খাদ্যশস্য এবং অর্থ চাইলেও প্রশাসনিক বাধার মুখে পড়েন। পর্যাপ্ত ত্রাণ ও কার্যকর পুনর্বাসনের অভাবে দুর্গত মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়। উপকূলীয় জনগোষ্ঠীর জন্য কার্যকর সতর্কবার্তা পৌঁছানোর ব্যবস্থাও ছিল অত্যন্ত সীমিত।
১৮৭৬ সালের সেই বিপর্যয়ের সঙ্গে পরবর্তী ঘূর্ণিঝড়গুলোর তুলনা করলে দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের অগ্রগতি স্পষ্ট হয়। ১৯৭০ সালের ভোলা ঘূর্ণিঝড় ও ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ব্যাপক প্রাণহানির পর আশ্রয়কেন্দ্র নির্মাণ, আগাম সতর্কবার্তা, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সিডর ও আমফানের মতো দুর্যোগে মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ বহু প্রাণ রক্ষায় সহায়তা করেছে।
তবে এত বড় ঐতিহাসিক বিপর্যয়ের দেড় শ বছর পরও বরিশাল অঞ্চলে ১৮৭৬ সালের বাকেরগঞ্জ ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে কোনো স্মৃতিস্তম্ভ নেই—এটি বেদনাদায়ক। প্রায় দুই লাখ মানুষের মৃত্যু শুধু একটি পরিসংখ্যান নয়; এর সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য পরিবারের হারিয়ে যাওয়া স্বজন, ধ্বংস হয়ে যাওয়া জনপদ এবং উপকূলের মানুষের দীর্ঘস্থায়ী দুর্ভোগ।
এই বিপর্যয় আমাদের মনে করিয়ে দেয়, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে শুধু প্রযুক্তি নয়, প্রয়োজন কার্যকর প্রস্তুতি, সময়মতো সতর্কবার্তা এবং দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা। একই সঙ্গে অতীতের বিপর্যয় থেকে শিক্ষা নেওয়া এবং ইতিহাস সংরক্ষণ করাও জরুরি।
দেড় শ বছর আগে সাগরের জলোচ্ছ্বাসে হারিয়ে যাওয়া মানুষদের স্মৃতি আজও আমাদের দায়বদ্ধতার কথা মনে করিয়ে দেয়। তাঁদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং ১৮৭৬ সালের বাকেরগঞ্জ ঘূর্ণিঝড়ের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সময়ের দাবি। কারণ, যে জাতি নিজের অতীতের শোক ও শিক্ষা ভুলে যায়, সে ভবিষ্যতের বিপদ মোকাবিলার গুরুত্বপূর্ণ পাঠও হারিয়ে ফেলে।
লেখক: জি এম আমিনুল হক, গণমাধ্যমকর্মী।







