রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব সঞ্চয় দিবস: ব্যক্তির আর্থিক নিরাপত্তা অর্থনীতির ভিত্তি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ
বিশ্ব সঞ্চয় দিবস: ব্যক্তির আর্থিক নিরাপত্তা অর্থনীতির ভিত্তি

সাকিবুর রহমান বাবলা

মানুষের জীবনে সঞ্চয় শুধু অর্থ জমিয়ে রাখার অভ্যাস নয়; বরং অনিশ্চিত ভবিষ্যতের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাবলম্বী হওয়ার অন্যতম উপায়। জীবনের প্রতিটি পর্যায়ে মানুষকে নানা প্রয়োজন ও আকস্মিক সংকটের মুখোমুখি হতে হয়। কখনো কর্মহীনতা, কখনো চিকিৎসা, সন্তানের শিক্ষা কিংবা পারিবারিক জরুরি প্রয়োজনে অর্থের প্রয়োজন দেখা দেয়। এসব পরিস্থিতিতে নিয়মিত সঞ্চয় হয়ে উঠতে পারে সবচেয়ে নির্ভরযোগ্য অবলম্বন। ব্যক্তির ছোট ছোট সঞ্চয় একসময় জাতীয় অর্থনীতির শক্তিশালী ভিত্তি গড়ে তোলে। অর্থ সঞ্চয়ের গুরুত্ব, মিতব্যয়িতা ও আর্থিক সচেতনতা সম্পর্কে বিশ্বব্যাপী জনসচেতনতা বাড়াতে প্রতিবছর ৩১ অক্টোবর পালিত হয় বিশ্ব সঞ্চয় দিবস। এটি বিশ্ব মিতব্যয়িতা দিবস নামেও পরিচিত।

দিবসটির ইতিহাস প্রায় এক শতাব্দীর। ১৯২৪ সালের ৩১ অক্টোবর ইতালির মিলানে অনুষ্ঠিত হয় প্রথম আন্তর্জাতিক সঞ্চয় ব্যাংক কংগ্রেস। এতে ২৭টি দেশের প্রায় ৩৫০ জন প্রতিনিধি অংশ নেন। সম্মেলনের শেষ দিনে ইতালীয় অধ্যাপক ফিলিপ্পো রাভিজ্জা বিশ্বব্যাপী সঞ্চয়ের গুরুত্ব ছড়িয়ে দিতে একটি নির্দিষ্ট দিন পালনের প্রস্তাব দেন। সেই প্রস্তাবের ভিত্তিতে ৩১ অক্টোবরকে বিশ্ব সঞ্চয় দিবস হিসেবে নির্ধারণ করা হয় এবং ১৯২৫ সালে প্রথমবার দিবসটি পালিত হয়। স্কুল-কলেজ, ব্যাংক, ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে মানুষের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলাই ছিল এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী অর্থনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে মানুষের সঞ্চয়ের প্রতি আস্থা ফিরিয়ে আনাও ছিল এর গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। পরবর্তী সময়ে বিভিন্ন দেশে দিবসটি জনপ্রিয়তা লাভ করে।

তবে সঞ্চয়ের ধারণা আধুনিক ব্যাংকব্যবস্থার চেয়েও অনেক পুরোনো। মুদ্রার প্রচলনের আগে মানুষ ভবিষ্যতের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে উদ্বৃত্ত শস্য ও ফসল জমিয়ে রাখত এবং গবাদিপশু পালন করত। প্রাচীন মেসোপটেমিয়া, গ্রিস ও রোমে মন্দিরে সোনা, রুপা ও শস্য নিরাপদে জমা রাখার প্রচলন ছিল। কোথাও কোথাও মানুষ মাটির পাত্রে মুদ্রা রেখে মাটির নিচে পুঁতে রাখত। আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন অঞ্চলে দলবদ্ধভাবে অর্থ জমিয়ে পালাক্রমে সদস্যদের মধ্যে তা বিতরণের অনানুষ্ঠানিক ব্যবস্থাও গড়ে উঠেছিল। ১৬০৯ সালে ব্যাংক অব আমস্টারডাম প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক আমানতব্যবস্থার বিকাশ ঘটে। পরবর্তী সময়ে, ১৮১০ সালে স্কটল্যান্ডের যাজক হেনরি ডানকান রুথওয়েলে সাধারণ ও শ্রমজীবী মানুষের ক্ষুদ্র সঞ্চয়ের জন্য একটি সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠা করেন। ১৮৬১ সালে যুক্তরাজ্যে সরকারি পোস্ট অফিস সেভিংস ব্যাংক চালু হলে ডাকঘরের মাধ্যমে সাধারণ মানুষের অর্থ জমা রাখার সুযোগ আরও বিস্তৃত হয়।

সঞ্চয়ের প্রথম শিক্ষা হলো আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য বজায় রাখা। আর্থিক বিশেষজ্ঞদের সাধারণ পরামর্শ, প্রত্যেকের এমন একটি জরুরি তহবিল থাকা উচিত, যা দিয়ে অন্তত তিন থেকে ছয় মাসের জীবনযাত্রার ব্যয় মেটানো যায়। কারও মাসিক ব্যয় ৩০ হাজার টাকা হলে তিন মাসের জন্য ৯০ হাজার এবং ছয় মাসের জন্য ১ লাখ ৮০ হাজার টাকা সঞ্চয়ের লক্ষ্য নির্ধারণ করা যেতে পারে। তবে সঞ্চয়ের সামর্থ্য সবার এক রকম নয়। তাই আয় কম হলেও নিয়মিত কিছু অর্থ আলাদা করে রাখার অভ্যাস গড়ে তোলা জরুরি। অপ্রয়োজনীয় ব্যয় কমানো, আয়ের একটি নির্দিষ্ট অংশ সঞ্চয় করা এবং ভবিষ্যতের প্রয়োজন বিবেচনায় নিয়ে পরিকল্পনা করাই আর্থিক শৃঙ্খলার গুরুত্বপূর্ণ দিক।

বিশ্বের বিভিন্ন দেশে সঞ্চয়ের চিত্রেও উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। ব্যক্তিগত বা পারিবারিক সঞ্চয়ের হার এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে জাতীয় সঞ্চয়ের হার এক বিষয় নয়। জাতীয় সঞ্চয়ের হিসাব করতে সরকার, ব্যবসাপ্রতিষ্ঠান ও জনগণের সম্মিলিত সঞ্চয় বিবেচনা করা হয়। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে কাতারের মোট জাতীয় সঞ্চয় জিডিপির প্রায় ৫৭ শতাংশ ছিল। একই সূচকে ম্যাকাও ও ব্রুনাইও উচ্চ অবস্থানে রয়েছে। বাংলাদেশ ও ভারতের জাতীয় সঞ্চয়ের হারও উল্লেখযোগ্য। তবে জাতীয় সঞ্চয়ের হার বেশি হলেই প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত সঞ্চয় বেশি হবে, এমন নয়। আবার নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা কিংবা পূর্ব তিমুরের মতো দেশে কোনো কোনো সময় ব্যক্তিগত বা জাতীয় সঞ্চয়ের হার কম কিংবা ঋণাত্মক হয়েছে। আয়ের তুলনায় ব্যয় বেশি হলে সঞ্চয় কমে যায় এবং ঋণনির্ভরতা বাড়ে।

বাংলাদেশেও সঞ্চয়ের জন্য রয়েছে নানা প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক মাধ্যম। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এবং তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের পাশাপাশি রয়েছে প্রাইজবন্ড ও প্রবাসীদের জন্য ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড। ব্যাংকের সঞ্চয়ী হিসাব, মাসিক কিস্তিভিত্তিক আমানত প্রকল্প (ডিপিএস), স্থায়ী আমানত (এফডিআর) এবং স্কুল ব্যাংকিংয়ের মাধ্যমেও অর্থ জমা রাখা যায়। বিকাশ, রকেট ও নগদের মতো ডিজিটাল আর্থিক প্ল্যাটফর্মের মাধ্যমে সঞ্চয়ের সুযোগ মানুষের সামনে নতুন সম্ভাবনা তৈরি করেছে। গ্রামীণ পর্যায়ে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ও সমবায় সমিতির মাধ্যমেও অনেকে নিয়মিত অর্থ জমা করেন। এ ক্ষেত্রে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে যেকোনো প্রতিষ্ঠানে অর্থ জমা রাখার আগে তার বৈধতা, শর্ত ও নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন।

বাংলাদেশে আনুষ্ঠানিক সঞ্চয়ের পরিধি আরও বাড়ানোর সুযোগ রয়েছে। বিশ্বব্যাংকের গ্লোবাল ফিনডেক্স ২০২৫-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশের ১৫ বছর বা তার বেশি বয়সী মানুষের প্রায় ১০ দশমিক ৬ শতাংশ ব্যাংক, অন্য আর্থিক প্রতিষ্ঠান কিংবা মোবাইল আর্থিক সেবার হিসাব ব্যবহার করে অর্থ সঞ্চয় করেছেন। এই হার মোট ব্যাংক হিসাবধারীর অনুপাত নয়; বরং নির্দিষ্ট সময়ে আনুষ্ঠানিক মাধ্যমে সঞ্চয়ের অভ্যাসের একটি পরিমাপ। ফলে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সঞ্চয় সম্পর্কে সচেতনতা তৈরি করাও জরুরি।

ব্যক্তির সঞ্চয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আমানত বাড়ায়। এসব আমানতের অর্থ থেকে উদ্যোক্তা, কৃষক ও ব্যবসায়ীরা ঋণ ও বিনিয়োগের সুযোগ পান। এর ফলে নতুন শিল্পকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে ওঠে, কৃষি ও অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়ে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। অন্যদিকে, সঞ্চয়পত্র ও ট্রেজারি বন্ডের মতো সরকারি আর্থিক উপকরণের মাধ্যমে সংগৃহীত অর্থও সরকারের উন্নয়নমূলক ব্যয় নির্বাহে ভূমিকা রাখতে পারে। অভ্যন্তরীণ সঞ্চয় শক্তিশালী হলে বিদেশি ঋণের ওপর নির্ভরতা কমানোর পথ সুগম হয়। অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং দীর্ঘমেয়াদি উন্নয়নেও সঞ্চয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সঞ্চয়ের মূল শক্তি অর্থের পরিমাণে নয়, বরং নিয়মিত অভ্যাসে। আজকের সামান্য সঞ্চয় আগামী দিনের বড় প্রয়োজন মেটাতে পারে। তাই সঞ্চয়কে শুধু ধনীদের কাজ কিংবা ব্যাংকে বড় অঙ্কের অর্থ জমা রাখার বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, আর্থিক শিক্ষার প্রসার ঘটানো এবং নিরাপদ সঞ্চয়ব্যবস্থার বিস্তার নিশ্চিত করার মধ্য দিয়েই পরিবারকে স্বাবলম্বী করা সম্ভব। একই সঙ্গে তা জাতীয় অর্থনীতিকে দিতে পারে আরও সুদৃঢ় ভিত্তি। বিশ্ব সঞ্চয় দিবসের মূল বার্তাও তাই—অপচয় নয়, পরিকল্পিত ব্যয় ও নিয়মিত সঞ্চয়ের মধ্য দিয়ে গড়ে উঠুক আর্থিকভাবে নিরাপদ ব্যক্তি, সচ্ছল পরিবার এবং সমৃদ্ধ দেশ।

Ads small one

বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার, সাতক্ষীরায় যৌথ বাহিনীর রাতভর টহল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১:৫৪ পূর্বাহ্ণ
বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার, সাতক্ষীরায় যৌথ বাহিনীর রাতভর টহল

পত্রদূত ডেস্ক: দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে সরকার। এরই অংশ হিসেবে সাতক্ষীরায় গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনাসহ বিভিন্ন কৌশলগত স্থানে রাতভর টহল ও বিশেষ নজরদারি কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন ও যৌথ বাহিনী।

রোববার (২৯ নভেম্বর) বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন ও বিতরণকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো চিঠিতে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়। দেশের সার্বিক বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।
নির্দেশনার আওতায় রয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, ডিপিডিসি, ডেসকো, নেসকো, ওজোপাডিকো, আরপিসিএল ও আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিসহ বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন ও বিতরণকারী প্রতিষ্ঠান।

এদিকে, একই রাতে সাতক্ষীরা জেলা প্রশাসন ও যৌথ বাহিনীর সমন্বয়ে সাতক্ষীরা ১৩২/৩৩ কিলোভোল্ট গ্রিড সাবস্টেশন (পিজিসিবি), নিউমার্কেট মোড়, খুলনা রোড মোড়সহ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে টহল ও বিশেষ নজরদারি চালানো হয়।

এ কার্যক্রমে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত চন্দ্র সেন, তুরাব আহসান ও সুবর্ণ মোহন ভাওয়াল। এ সময় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা পর্যবেক্ষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।

এর আগে রোববার সচিবালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৈঠকে মাঠপর্যায়ের কর্মকর্তারাও অনলাইনে যুক্ত ছিলেন।
জেলা প্রশাসন জানিয়েছে, সাতক্ষীরার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ণ
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

রাজধানী গুলশান থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২৯ নভেম্বর) রাতে গুলশান-২ এর ১১৩ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছে।

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তারও আগে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ণ
ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের নীতিগত ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আত্মনিয়ন্ত্রণাধিকার ও রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে বাংলাদেশ।

সোমবার (৩০ নভেম্বর) ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে রবিবার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইনের অব্যাহত লঙ্ঘন দিবসটির তাৎপর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনি জনগণের ওপর অব্যাহত হামলা, ইসরায়েলি বসতির লাগামহীন সম্প্রসারণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশে বিধিনিষেধ একটি টেকসই ও অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পরামর্শমূলক মতামতের প্রতি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন, যেখানে যুদ্ধের কৌশল হিসেবে বেসামরিক নাগরিকদের অনাহারে রাখার নিষেধাজ্ঞাসহ আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে দখলদার বাহিনীর বাধ্যবাধকতাগুলো পুনর্ব্যক্ত করা হয়েছে।

জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ এবং দখলদারিত্বের অবসানের আহ্বান পুনর্ব্যক্ত করে তারেক রহমান জাতিসংঘের সাধারণ বিতর্কে ফিলিস্তিনের প্রেসিডেন্টকে পূর্বে রেকর্ড করা বক্তব্য পেশ করার সুযোগ দিয়ে গৃহীত প্রস্তাবটিকে স্বাগত জানান।

এছাড়া বেসামরিক নাগরিকদের সুরক্ষা, বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিতকরণ এবং প্রারম্ভিক পুনরুদ্ধার ও পুনর্গঠনে সহায়তার সুস্পষ্ট ম্যান্ডেটসহ গাজায় জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন প্রতিষ্ঠার প্রতিও তিনি সমর্থন ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, সংহতির এই দিনে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি একটি বাস্তবসম্মত ও ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে, যাতে ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকার ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিগুলোকে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করা যায় এবং তারা নিজ স্বাধীন মাতৃভূমিতে শান্তি, নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচারের সাথে বসবাস করতে পারে।