রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণার বিকল্প নেই: মৎস্য ও প্রাণিসম্পদ সচিব

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণার বিকল্প নেই: মৎস্য ও প্রাণিসম্পদ সচিব

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. দেলোয়ার হোসেন বলেছেন, দেশের বিপুল জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা পূরণ, বৈদেশিক মুদ্রা অর্জন ও জাতীয় অর্থনীতিতে মৎস্য সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সম্পদের উন্নয়নে গবেষণার অগ্রগতির কোনো বিকল্প নেই। এ জন্য সরকার গবেষণা কার্যক্রম জোরদার করতে নানা পদক্ষেপ নিয়েছে। উপকূলীয় অঞ্চলে মৎস্য সম্পদের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে গবেষণা কার্যক্রম আরও জোরদার করার জন্য তিনি মৎস্যবিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, দেশের সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। সরকারি সম্পদের ব্যবহার ও অর্থ ব্যয়ের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। গবেষণা প্রকল্পের একটি টাকাও যেন অপচয় না হয় এবং বরাদ্দের শতভাগ যথাযথভাবে ব্যবহার করা হয়, সেদিকে সবাইকে নজর রাখতে হবে। অন্যথায় জনগণের কাছে জবাবদিহি করতে হবে এবং পরকালে আল্লাহর কাছেও দায়বদ্ধ থাকতে হবে।

বর্তমান বেতন স্কেলকে সরকারের সাহসী ও যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে সচিব বলেন, আগের তুলনায় দ্বিগুণ বেতন স্কেল দেওয়ার যে উদ্যোগ সরকার নিয়েছে, তার যথাযথ প্রতিদান দিতে সবাইকে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে কর্মদক্ষতা বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে খুলনার পাইকগাছায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের লোনাপানি কেন্দ্রে গবেষণার অগ্রগতি পর্যালোচনাবিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. লতিফুল ইসলাম। তিনি বলেন, চলমান গবেষণা কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হলে ভবিষ্যতে সামুদ্রিক জলজ চাষ বা মেরিকালচারে বিপ্লব ঘটানো সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মো. আমিরুল ইসলাম, মৎস্য অধিদপ্তর খুলনার পরিচালক মো. জাহাঙ্গীর আলম, জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।

গবেষণার অগ্রগতি ও চলমান কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন লোনাপানি কেন্দ্রের কেন্দ্রপ্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আজহার আলী।

এ সময় উপস্থিত ছিলেন লোনাপানি কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দেবাশীষ কুমার মণ্ডল, ড. গোলাম সাজেদ রিয়ার ও ড. নূর-এ-রওশন; বৈজ্ঞানিক কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, সায়মা সুলতানা সোনিয়া, মাসুদুর রহমান ও ফাল্গুনী বিশ্বাস; সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়।

Ads small one

বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার, সাতক্ষীরায় যৌথ বাহিনীর রাতভর টহল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১:৫৪ পূর্বাহ্ণ
বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার, সাতক্ষীরায় যৌথ বাহিনীর রাতভর টহল

পত্রদূত ডেস্ক: দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে সরকার। এরই অংশ হিসেবে সাতক্ষীরায় গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনাসহ বিভিন্ন কৌশলগত স্থানে রাতভর টহল ও বিশেষ নজরদারি কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন ও যৌথ বাহিনী।

রোববার (২৯ নভেম্বর) বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন ও বিতরণকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো চিঠিতে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়। দেশের সার্বিক বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।
নির্দেশনার আওতায় রয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, ডিপিডিসি, ডেসকো, নেসকো, ওজোপাডিকো, আরপিসিএল ও আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিসহ বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন ও বিতরণকারী প্রতিষ্ঠান।

এদিকে, একই রাতে সাতক্ষীরা জেলা প্রশাসন ও যৌথ বাহিনীর সমন্বয়ে সাতক্ষীরা ১৩২/৩৩ কিলোভোল্ট গ্রিড সাবস্টেশন (পিজিসিবি), নিউমার্কেট মোড়, খুলনা রোড মোড়সহ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে টহল ও বিশেষ নজরদারি চালানো হয়।

এ কার্যক্রমে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত চন্দ্র সেন, তুরাব আহসান ও সুবর্ণ মোহন ভাওয়াল। এ সময় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা পর্যবেক্ষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।

এর আগে রোববার সচিবালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৈঠকে মাঠপর্যায়ের কর্মকর্তারাও অনলাইনে যুক্ত ছিলেন।
জেলা প্রশাসন জানিয়েছে, সাতক্ষীরার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ণ
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

রাজধানী গুলশান থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২৯ নভেম্বর) রাতে গুলশান-২ এর ১১৩ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছে।

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তারও আগে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ণ
ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের নীতিগত ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আত্মনিয়ন্ত্রণাধিকার ও রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে বাংলাদেশ।

সোমবার (৩০ নভেম্বর) ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে রবিবার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইনের অব্যাহত লঙ্ঘন দিবসটির তাৎপর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনি জনগণের ওপর অব্যাহত হামলা, ইসরায়েলি বসতির লাগামহীন সম্প্রসারণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশে বিধিনিষেধ একটি টেকসই ও অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পরামর্শমূলক মতামতের প্রতি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন, যেখানে যুদ্ধের কৌশল হিসেবে বেসামরিক নাগরিকদের অনাহারে রাখার নিষেধাজ্ঞাসহ আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে দখলদার বাহিনীর বাধ্যবাধকতাগুলো পুনর্ব্যক্ত করা হয়েছে।

জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ এবং দখলদারিত্বের অবসানের আহ্বান পুনর্ব্যক্ত করে তারেক রহমান জাতিসংঘের সাধারণ বিতর্কে ফিলিস্তিনের প্রেসিডেন্টকে পূর্বে রেকর্ড করা বক্তব্য পেশ করার সুযোগ দিয়ে গৃহীত প্রস্তাবটিকে স্বাগত জানান।

এছাড়া বেসামরিক নাগরিকদের সুরক্ষা, বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিতকরণ এবং প্রারম্ভিক পুনরুদ্ধার ও পুনর্গঠনে সহায়তার সুস্পষ্ট ম্যান্ডেটসহ গাজায় জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন প্রতিষ্ঠার প্রতিও তিনি সমর্থন ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, সংহতির এই দিনে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি একটি বাস্তবসম্মত ও ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে, যাতে ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকার ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিগুলোকে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করা যায় এবং তারা নিজ স্বাধীন মাতৃভূমিতে শান্তি, নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচারের সাথে বসবাস করতে পারে।