চাঁদা দাবি ও হুমকিতে বন্ধ খুলনা চয়নিকা ফার্মেসি, আত্মগোপনে ব্যবসায়ী
ফারুক রহমান: খুলনা নগরীতে চাঁদাবাজি ও হুমকির অভিযোগে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাহীনতায় একের পর এক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়ছেন ব্যবসায়ী ও কর্মচারীরা। সর্বশেষ নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়নিকা ফার্মেসির মালিকের কাছে ২০ লাখ টাকা ও ১০টি মোটরসাইকেল চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আতঙ্কে ফার্মেসিটি বন্ধ রাখা হয়েছে। আত্মগোপনে রয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপকও।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাঁচ দিন আগে চয়নিকা ফার্মেসির ব্যবস্থাপক বাবুর মুঠোফোনে কল করে খুলনার একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান পরিচয়ে ২০ লাখ টাকা ও ১০টি মোটরসাইকেল চাঁদা দাবি করা হয়। বিষয়টি মালিককে জানাতেও বলা হয়। বাবু নিজেকে প্রতিষ্ঠানের কর্মচারী পরিচয় দিয়ে চাঁদার বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান। এর দুই দিন পর ওই বাহিনীর দুই সদস্য সরাসরি ফার্মেসিতে গিয়ে আবারও চাঁদা দাবি করেন। টাকা না দিলে মালিককে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এরপর বুধবার রাত সাড়ে ৮টার দিকে ফার্মেসিটি বন্ধ করে দেওয়া হয়।
দুই দশকের বেশি সময় ধরে চিকিৎসাসেবা দিয়ে আসা পরিচিত প্রতিষ্ঠানটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ফার্মেসির মালিকের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। পরে জানালার আড়াল থেকে প্রতিবেদকের সঙ্গে কথা বললেও তিনি চাঁদা দাবির বিষয়টি এড়িয়ে যান।
নগরীর মিয়াপাড়া সুলতানা হামিদ আলী স্কুলের পাশের একটি পাঁচতলা ভবনের নিচতলায় ব্যবস্থাপক বাবুর বাসা। সেখানে গিয়ে তাঁর ঘরে তালা ঝুলতে দেখা যায়। প্রতিবেশীরা জানান, তিনি কখন বাড়ি ছেড়েছেন, তা তাঁরা নিশ্চিত নন।
ফার্মেসির আশপাশের ব্যবসায়ীরা জানান, সাধারণত গভীর রাত পর্যন্ত দোকান খোলা থাকলেও বুধবার রাত সাড়ে ৯টার পর থেকে চয়নিকা ফার্মেসি বন্ধ রয়েছে। বৃহস্পতিবারও প্রতিষ্ঠানটি খোলেনি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবকও জানান, সন্ত্রাসী বাহিনীর প্রধান পরিচয়ে ফোন করে চাঁদা দাবি করার পর থেকেই ফার্মেসিটি বন্ধ রয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, টুটপাড়া সেন্ট্রাল রোড এলাকায় কিশোর গ্যাং ও অপরাধী চক্রের তৎপরতায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রায় এক মাস আগে ‘সেই স্বাদ’ বিরিয়ানির মালিকের কাছেও চাঁদা দাবি করা হয়েছিল বলে তাঁরা জানান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিরা সেখানে নিয়মিত যাতায়াত করতেন বলেও তাঁদের অভিযোগ।
খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, চাঁদা দাবির বিষয়টি তিনি শুনেছেন। তবে ভুক্তভোগীরা নির্দিষ্ট কারও নাম বা সুনির্দিষ্ট তথ্য জানাননি এবং থানায় লিখিত অভিযোগও করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে চাঁদা না দেওয়ায় নগরীর কুইন্স হাসপাতাল, সন্ধানী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং চাইনিজ প্যালেস রেস্তোরাঁয় ভাঙচুরের ঘটনা ঘটেছিল বলে জানা গেছে।







