কালিগঞ্জের কৃষ্ণনগরে রাস্তা নিয়ে বিরোধ, সংঘর্ষে তিন নারী আহত
কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মানপুর গ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গাছপালা কর্তন ও জমি দখলের ঘটনা ঘটেছে। মানপুর সরদারপাড়ায় সংঘটিত এ ঘটনায় তিন নারী আহত হয়েছেন বলে এক পক্ষ দাবি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ছবেদ আলী সরদারের ছেলে শরিফুল ইসলাম ও আরিফুর ইসলামের সঙ্গে জব্বার সরদারের ছেলে সফিকুল, সৈয়দ আলীর ছেলে আমিরুল এবং লতিফ সরদারের ছেলে আবুল কাশেমসহ তাঁদের শরিকদের চলাচলের পথ নিয়ে বিরোধ চলে আসছে এবং এ নিয়ে উভয় পক্ষের মধ্যে জমিজমা সংক্রান্ত একাধিক মামলা আদালতে চলমান রয়েছে।
আবুল কাশেমের অভিযোগ, আদালতের আদেশ উপেক্ষা করে শরিফুল ও আরিফুর শতাধিক লোক নিয়ে কবরস্থানের সীমানার বেড়া কেটে গাছপালা কর্তন করে জমি দখল করেন এবং এতে বাধা দিলে তাঁদের ওপর হামলা চালানো হয়। এ সময় জাহানারা খাতুন, লুৎফুন্নেছা ও নাজমুন নাহার আহত হন এবং নাজমুন নাহারের দাবি অনুযায়ী হামলার সময় তাঁর কানের দুল ও গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে শরিফুল ইসলাম ও আরিফুর ইসলাম জানান, প্রায় ৭০ বছর ধরে তাঁরা ওই পথ দিয়ে চলাচল করছেন এবং তিন-চার মাস আগে প্রতিপক্ষ বেড়া দিয়ে পথটি সংকুচিত করায় তাঁদের পোলট্রি খামারের মালামাল পরিবহন ও বিপণনে সমস্যা হচ্ছিল।
আদালতের নির্দেশনা অনুযায়ী তাঁরা চলাচলের পথ সম্প্রসারণ করেছেন এবং পথের মধ্যে থাকা গাছপালা কেটেছেন দাবি করে তাঁরা আরও বলেন, কোনো হামলা বা ছিনতাইয়ের ঘটনা ঘটেনি, বরং পথ সম্প্রসারণের সময় প্রতিপক্ষ হামলা চালালে তাঁরা আত্মরক্ষার চেষ্টা করেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জামাল ফারুক জানান, বিরোধপূর্ণ জায়গাটিতে উভয় পক্ষেরই স্বত্ব বা দাবি রয়েছে এবং পূর্বপুরুষদের সময় থেকেই সবাই ওই পথ দিয়ে চলাচল করে আসছেন।
কয়েক মাস আগে এক পক্ষ বেড়া দিয়ে পথটি সংকুচিত করে দিলেও বিরোধ নিষ্পত্তির জন্য একাধিকবার চেষ্টা করেও সমাধান করা সম্ভব হয়নি এবং আদালতের নির্দেশনা অনুযায়ী শরিফুল ইসলামরা পথটি সম্প্রসারণ করেছেন বলে তিনি জানতে পেরেছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা রাস্তার প্রকৃত সীমানা নির্ধারণ, জমিজমা-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি ও সংঘর্ষের ঘটনা তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।












