বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৬:২৯ অপরাহ্ণ
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু

সংবাদদাতা: বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন সংবাদপত্র ‘দৈনিক সাতক্ষীরা খবর’। বুধবার (৪ নভেম্বর) সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টারে পত্রিকাটির মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মীর আবু বকরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে ‘দৈনিক সাতক্ষীরা খবর’ জেলার সম্ভাবনা, সমস্যা এবং মানুষের সুখ-দুঃখ তুলে ধরবে বলে তিনি আশা প্রকাশ করেন। সত্য প্রকাশে আপস না করে জেলার উন্নয়নে পত্রিকাটি ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

পত্রিকাটির সহসম্পাদক ও জেলা কলেজ শিক্ষক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক নূর মোহাম্মাদ পাড়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, সংবাদপত্র সমাজের অতন্দ্র প্রহরী। হলুদ সাংবাদিকতা পরিহার করে বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি সাতক্ষীরার সম্ভাবনা, ঐতিহ্য ও মানুষের কথা তুলে ধরবে বলে তিনি আশা করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, সাতক্ষীরা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আব্দুর রউফ, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হাসেম, মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, দৈনিক যুগের নির্বাহী সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান সামসুজ্জামান, দৈনিক দক্ষিণের মশাল-এর সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, জেলা বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর মাসুম বিল্লাহ শাহিন, সেতারা নাসরিন নিশী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি, সাধারণ সম্পাদক আব্দুল বারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান সজিব, সাবেক কাউন্সিলর শফিকউদ্দৌলা সাগর, সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইমরান হোসেন, পত্রিকাটির নির্বাহী সম্পাদক এস এম মহিদার রহমান, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, একটি অঞ্চলের সার্বিক উন্নয়নে সংবাদমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। ‘দৈনিক সাতক্ষীরা খবর’ ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে থেকে সাধারণ মানুষের কল্যাণে কাজ করবে বলে তাঁরা প্রত্যাশা করেন। সাতক্ষীরার শিক্ষা, কৃষি ও পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি অবহেলিত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে পত্রিকাটির প্রতি আহ্বান জানান তাঁরা। এ সময় পত্রিকাটির অঙ্গসজ্জা ও বিষয়বস্তুর প্রশংসাও করেন বক্তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম বাবু, জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মনিরুল ইসলাম মনিসহ জেলার শিক্ষাবিদ, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

অনুষ্ঠানের একপর্যায়ে অতিথিরা সম্মিলিতভাবে পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন। পরে সম্পাদক ও প্রকাশক মীর আবু বকর এবং নির্বাহী সম্পাদক এস এম মহিদার রহমান অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান।

সমাপনী বক্তব্যে মীর আবু বকর উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সাতক্ষীরার মানুষের ভালোবাসা ও সহযোগিতাকে পাথেয় করে পত্রিকাটির পথচলা শুরু হলো। বস্তুনিষ্ঠতা ও পেশাদারত্ব বজায় রেখে পাঠকদের আস্থা অর্জন করাই তাঁদের লক্ষ্য।

Ads small one

শ্যামনগরে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতামূলক সভা ও কুইজ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৯:২২ অপরাহ্ণ
শ্যামনগরে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতামূলক সভা ও কুইজ

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতামূলক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১টায় উপজেলার যাদবপুর ফুলবাড়িয়া ছিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় পিপীলিকা ইয়ুথ টিমের উদ্যোগে এবং একশনএইড বাংলাদেশের সহায়তায় এ আয়োজন করা হয়।

মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় সাইবার অপরাধের ধরন, শিক্ষার্থীদের অনলাইন ঝুঁকি, তা মোকাবিলার উপায়, ক্ষতিকর প্রভাব ও আইনগত দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষক রনজিৎ কুমার বর্মন। মাদ্রাসার সুপার মাওলানা আবুল বাসারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক মাওলানা কামরুজ্জামান ও একশনএইড বাংলাদেশের শ্যামনগর কার্যালয়ের প্রোগ্রাম কর্মকর্তা মো. ফারুকুজ্জামান।

পিপীলিকা ইয়ুথ টিমের সভাপতি আল শাহারিয়া রোকনের সঞ্চালনায় সভায় সংগঠনের সহসভাপতি মাসুদ রানাসহ অন্যরা বক্তব্য দেন। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সাতক্ষীরার সাত উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৯:১৮ অপরাহ্ণ
সাতক্ষীরার সাত উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার সাত উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এসব কার্যক্রমের ছবি ও সচিত্র প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

বৃহস্পতিবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, শিক্ষার্থী, কাবদলসহ বিভিন্ন সংগঠনকে সঙ্গে নিয়ে বিদ্যালয়গুলোতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের ২১ সেপ্টেম্বরের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ কার্যক্রম পরিচালিত হয়।

সাতক্ষীরা সদর, আশাশুনি, কলারোয়া, কালীগঞ্জ, তালা, দেবহাটা ও শ্যামনগর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এ অভিযানের আওতায় ছিল।

আশাশুনিতে রক্তকরবী মহিলা উন্নয়ন সংস্থার বৃক্ষ বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:৫৭ অপরাহ্ণ
আশাশুনিতে রক্তকরবী মহিলা উন্নয়ন সংস্থার বৃক্ষ বিতরণ

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে রক্তকরবী মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সংস্থার কার্যালয় চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সংস্থার সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুন নাহার কচির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, আশাশুনি সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আবদুস সবুর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকাশ হোসেনসহ অন্যরা বক্তব্য দেন। পরে সংস্থার সদস্য ও উপকারভোগীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি।