সম্পাদকীয়/ সুন্দরবনকে দস্যুমুক্ত করে উপকূলের জীবন ও পর্যটন রক্ষা করুন
উপকূলীয় মানুষের জীবন-জীবিকার প্রধান চালিকাশক্তি সুন্দরবন আজ এক গভীর সংকটের মুখে পতিত হয়েছে। সম্প্রতি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা এবং জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আয়োজিত মানববন্ধনে হাজারো মানুষের অংশগ্রহণ এই সংকটের তীব্রতাই ফুটিয়ে তোলে। জীবিকার তাগিদে বনে যাওয়া সাধারণ জেলে ও বাওয়ালিরা যেভাবে অপহরণ, মুক্তিপণ এবং চরম আতঙ্কের শিকার হচ্ছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সুন্দরবন কেবল একটি সাধারণ বনভূমি নয়; এটি দক্ষিণ অঞ্চলের লক্ষাধিক মানুষের অর্থনৈতিক সুরক্ষাকবচ। মাছ ও কাঁকড়া আহরণ এবং বনজ সম্পদ সংগ্রহের ওপর নির্ভর করেই এই অঞ্চলের অর্থনীতি আবর্তিত হয়। অথচ বনদস্যুদের বেপরোয়া অপতৎপরতার কারণে সুন্দরবনে প্রবেশকারী মানুষেরা পদে পদে নিরাপত্তাহীনতায় ভুগছেন। দস্যুদের কবল থেকে রক্ষা পেতে প্রায়ই সর্বশান্ত হতে হয় সাধারণ পরিবারগুলোকে।
পরিস্থিতি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই কারণে যে, ঠিক দরজায় কড়া নাড়ছে শীতকাল। আর শীতকাল মানেই সুন্দরবনের পর্যটন মৌসুমের সূচনা। দেশি-বিদেশি পর্যটকদের পদচারণায় মুখর হওয়ার কথা এই ম্যানগ্রোভ বন। কিন্তু বনের ভেতরে যদি দস্যুদের আতঙ্ক ও অপহরণের রাজত্ব কায়েম থাকে, তবে পর্যটনের মতো সম্ভাবনাময় খাতও মুখ থুবড়ে পড়বে। যা শুধু স্থানীয় অর্থনীতিকেই ক্ষতিগ্রস্ত করবে না, বরং দেশের পর্যটন শিল্পকেও মারাত্মকভাবে পিছিয়ে দেবে।
অতএব, সময় এসেছে কঠোর পদক্ষেপ গ্রহণের। সুন্দরবনকে সম্পূর্ণ বনদস্যুমুক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ও জোরালো অভিযান এখন সময়ের দাবি। কেবল সাময়িক অভিযান নয়, বরং বনে অপরাধ দমনে স্থায়ী ও কার্যকর নিরাপত্তা বলয় তৈরি করতে হবে। একই সঙ্গে অপহৃত জেলেদের দ্রুত উদ্ধার এবং মুক্তিপণ আদায়ের সংস্কৃতি চিরতরে বন্ধ করতে হবে।
শীত ও পর্যটন মৌসুমের প্রাক্কালে সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ তৎপর হতে হবে। উপকূলীয় মানুষের জীবন-জীবিকার অধিকার রক্ষা এবং সুন্দরবনের জীববৈচিত্র্য ও পর্যটনবান্ধব পরিবেশ বজায় রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণই এখন সবচেয়ে বড় প্রত্যাশা।







