সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা
পত্রদূত ডেস্ক: সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে নিরাপদ সড়কবিষয়ক কর্মশালা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
রোববার (১ নভেম্বর) ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে সকাল ১২টায় পলাশপোল আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং দুপুর ১টায় সাতক্ষীরা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে পৃথক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় শিক্ষার্থীদের ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদে রাস্তা পারাপার, ফুটপাত ব্যবহার, ট্রাফিক সংকেত অনুসরণ এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকি এড়ানোর বিষয়ে ধারণা দেওয়া হয়। রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং ও ফুটওভারব্রিজ ব্যবহার, চলন্ত গাড়ির সামনে দিয়ে হঠাৎ পার না হওয়া এবং মোবাইল ফোন ব্যবহার করতে করতে রাস্তা পারাপার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।
বক্তারা বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা শুধু চালকদের দায়িত্ব নয়; পথচারী, যাত্রী ও শিক্ষার্থীসহ সব সড়ক ব্যবহারকারীর দায়িত্বশীল আচরণ জরুরি। মোটরসাইকেলে চালক ও আরোহী উভয়ের হেলমেট ব্যবহার, অতিরিক্ত গতি পরিহার এবং ট্রাফিক সংকেত মেনে চলার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা। শিক্ষার্থীদের নিজেদের সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সহপাঠীদেরও সচেতন করার আহ্বান জানান বক্তারা।
কর্মশালায় উপস্থিত ছিলেন পলাশপোল আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমিনুল ইসলাম শামীম, সহকারী শিক্ষক শামীমুর রহমান ও হেমনার্থ সরকার, সাতক্ষীরা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. বাহাউদ্দিন ফারুকী, অধ্যক্ষ রবিউল ইসলাম এবং বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুকসহ সংশ্লিষ্ট শিক্ষকেরা।
কর্মশালা শেষে শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক সাইন, লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের পক্ষ থেকে জানানো হয়, সড়ক দুর্ঘটনা কমাতে এবং নিরাপদ সড়ক ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।












