পাটকেলঘাটা ও তালায় আমন ধানে ইঁদুরের ব্যাপক আক্রমণ, দিশেহারা কৃষক
এম. এম. জামান মনি, পাটকেলঘাটা: সাতক্ষীরার পাটকেলঘাটা ও তালা উপজেলার দক্ষিণাঞ্চলের বিভিন্ন বিলে আমন ধানের ক্ষেতে ইঁদুরের ব্যাপক উপদ্রব দেখা দিয়েছে। ইঁদুরের আক্রমণে ধানগাছ কেটে নষ্ট হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। ফসলের ক্ষতি বাড়তে থাকলেও প্রতিকার নিয়ে কার্যকর পরামর্শ ও সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাটকেলঘাটার দক্ষিণাঞ্চলের বিভিন্ন বিলসহ তালা উপজেলার মাগুরা, খলিলনগর, তেঁতুলিয়া, নগরঘাটা ও হরিণখোলা বিলে আমন ধানের ক্ষেতে ইঁদুরের আক্রমণ বেড়েছে। ইঁদুর ধানগাছ কেটে ফেলায় অনেক জমিতে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এতে আমন মৌসুমে কাঙ্ক্ষিত ফলন পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকেরা।
ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, ইঁদুরের উপদ্রব থেকে ফসল রক্ষায় বিভিন্ন খাবারের সঙ্গে বিষ মিশিয়ে ব্যবহার করেও আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না। পাটকেলঘাটার খলিশখালী ইউনিয়নের চোমরখালী গ্রামের কৃষক শাহিনুর রহমান মোড়ল ও বাগমারা গ্রামের গাজী আবদুল সাত্তার জানান, বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করেও ইঁদুরের আক্রমণ থেকে ধানখেত রক্ষা করা কঠিন হয়ে পড়েছে।
শরুলিয়া ইউনিয়নের চোমরখালী রাজবংশীপাড়ার কৃষক রাজকুমার সরকার বলেন, ইঁদুরের আক্রমণে ব্যাপক ক্ষতি হচ্ছে। এ থেকে রক্ষা পাওয়ার কার্যকর উপায় জানতে কৃষি বিভাগের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না।
ক্ষতিগ্রস্ত কৃষকদের আরও অভিযোগ, ইঁদুরের উপদ্রব মোকাবিলায় তাঁরা তালা উপজেলা কৃষি কার্যালয়ে যোগাযোগ করেও মাঠপর্যায়ে কর্মকর্তাদের পর্যাপ্ত উপস্থিতি ও সহায়তা পাচ্ছেন না। এতে সমস্যার সমাধান নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তাঁরা।
তবে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম বলেন, ইঁদুরের আক্রমণ থেকে ফসল রক্ষায় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
এদিকে তালা উপজেলা কৃষি কার্যালয়ের একটি দায়িত্বশীল সূত্রের দাবি, উপজেলার প্রায় পাঁচ হাজার হেক্টর জমি ইঁদুরের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ও ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।









