বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটদের জয়ের পর নেতানিয়াহুকে সরাতে আরও একাট্টা বিরোধীরা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটদের জয়ের পর নেতানিয়াহুকে সরাতে আরও একাট্টা বিরোধীরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির বিপুল বিজয়ে কংগ্রেসের নিয়ন্ত্রণ হস্তান্তরের খবর প্রকাশের পর ইসরায়েলে রাজনৈতিক আলোড়ন তৈরি হয়েছে। এই ফলাফল ইসরায়েলের জাতীয় নিরাপত্তা এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার জন্য মারাত্মক বিপর্যয় এনে দিয়েছে বলে মনে করছেন দেশটির রাজনীতিক, সাংবাদিক ও বিশ্লেষকরা।

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ও মধ্য-ডানপন্থি টুগেদার জোটের নেতা ইয়ার লাপিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, মার্কিন নির্বাচনের ফল নেতানিয়াহুর সঙ্গে কোনও জাতীয় ঐক্য সরকার গঠনের সম্ভাবনাকে নির্মূল করে দিয়েছে। তিনি আরও বলেন, ইসরায়েল তাকে প্রধানমন্ত্রী হিসেবে রেখে দেওয়ার ঝুঁকি নিতে পারে না। এটি নিরাপত্তা ও গণতন্ত্রকে বিপন্ন করে আমাদের বিশ্বজুড়ে পিষে ফেলবে।

উল্লেখ্য, উগ্রপন্থিদের বাদ দিয়ে নেতানিয়াহু ও বিরোধী নেতাদের একটি ঐক্য সরকার গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাপ সৃষ্টি করছিলেন বলে প্রতিবেদনে উঠে এসেছে।

বামপন্থি ডেমোক্র্যাটস জোটের নেতা ইয়ার গোলান নেতানিয়াহুকে নিরাপত্তা হুমকি আখ্যা দিয়ে বলেন, মিশিগানের নির্বাচিত সিনেটর আবদুল এল-সাইয়েদের মতো প্রগতিশীলদের জয়ে ওয়াশিংটনে নেতানিয়াহু এখন ‘বিষাক্ত’ ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। গোলান এক্স-এ লিখেছেন, নেতানিয়াহু নির্বাচনে হেরে গেছেন, তিনি ইসরায়েলের জন্য বিপজ্জনক। সময় নষ্ট না করে এখনই পরিবর্তন সরকার গঠন করতে হবে।

একই কথা পুনর্ব্যক্ত করে ডেমোক্র্যাটস এমপি গিলাদ কারিভও নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে ঐক্যের সম্ভাবনা বাতিল করে দেন।

প্রগতিশীল ডেমোক্র্যাটদের জয়ের প্রভাব ইসরায়েল-যুক্তরাষ্ট্র সম্পর্কে সুদূরপ্রসারী হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ইসরায়েলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সিপি লিভনি বলেন, বিজয়ী হওয়া প্রগতিশীল কর্মকর্তাদের মানসিকতার সামনে নেতানিয়াহু ইহুদি রাষ্ট্রের অস্তিত্ব ও আত্মরক্ষার বৈধতা ধরে রাখতে পারবেন না।

কান ১১-এর কূটনৈতিক প্রতিনিধি গিলি কোহেন বলেন, এই নির্বাচন কেবল ট্রাম্পের নয়, যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলের মর্যাদারও পরাজয়।

দৈনিক হারেৎজের সাংবাদিক আমির তিবন লিখেছেন, নেতানিয়াহুর ক্ষমতায় থাকা মার্কিন সামরিক সহায়তা ও সম্পর্কের ক্ষেত্রে তাৎক্ষণিক বিপদ। ট্রাম্প নিজেই স্বীকার করেছেন যে নেতানিয়াহুর চাপে শুরু হওয়া ইরান যুদ্ধ রিপাবলিকানদের পরাজয়ে ভূমিকা রেখেছে।

এমনকি ডানপন্থি বিশ্লেষকরাও এই ফলের পর উদ্বেগ প্রকাশ করেছেন। রেডিও ১০৩এফএম-কে সাংবাদিক আরিয়েল কাহানা বলেন, নেতানিয়াহু এখন ইসরায়েলের জন্য একটি বোঝা।

জুয়িশ পিপল পলিসি ইনস্টিটিউটের বিশ্লেষক কোবি বার্দা বলেন, এই নির্বাচনে ইরান বড় বিজয়ী এবং নেতানিয়াহু বিশাল পরাজিত ব্যক্তি।

সাবেক রাষ্ট্রদূত মাইকেল ওরেন সতর্ক করে বলেন, ইসরায়েলবিরোধী প্রার্থীদের জয় সামরিক সাহায্য বন্ধের সূচনা মাত্র। এটি গোয়েন্দা তথ্য বিনিময়, ভিসা ও অস্ত্র সরবরাহ বন্ধের ঝুঁকিতে ফেলবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের অর্ধশতকের যে যুগ আমরা জানতাম, তার অবসান ঘটেছে।

সূত্র: মিডল ইস্ট আই

Ads small one

প্রধানমন্ত্রী খুলনায় আসছেন আজ, উদ্বোধন করবেন ৪ হাজার ৬৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্প 

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১:৩৫ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রী খুলনায় আসছেন আজ, উদ্বোধন করবেন ৪ হাজার ৬৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্প 

পত্রদূত ডেস্ক: দুই সপ্তাহের ব্যবধানে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) আবারও মোংলা বন্দরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তিনি বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় নতুন দুটি কনটেইনার জেটি ও ইয়ার্ড নির্মাণকাজের উদ্বোধন করবেন। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৮ কোটি টাকা।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা জানান, প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি ও ইয়ার্ড নির্মাণের পাশাপাশি পণ্য ওঠানামায় ৪৯টি আধুনিক যন্ত্রপাতি যুক্ত করা হবে। প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকার ৪৭৫ কোটি টাকা বিনিয়োগ করবে। বাকি অর্থ দেবে সংশ্লিষ্ট চীনা প্রতিষ্ঠান।

প্রকল্প বাস্তবায়নে গত ১০ অক্টোবর বাংলাদেশ ও চীনের মধ্যে সমঝোতা স্মারক ও ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। এর আগে প্রধানমন্ত্রী চীন সফরে এ-সংক্রান্ত উন্নয়ন চুক্তি করেন।

মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী বন্দরের চ্যানেলের নাব্যতা বাড়াতে পরিকল্পিত ড্রেজিং, সড়ক ও রেল যোগাযোগের উন্নয়ন, ফয়লা বিমানবন্দর চালু এবং আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন নির্মাণের দাবি জানান।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী নতুন দুটি কনটেইনার জেটির নির্মাণকাজ উদ্বোধনের পাশাপাশি ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে রেলপথ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করবেন। এর ফলে মোংলা বন্দরে কনটেইনার পরিবহনে রেল যোগাযোগ চালুর সুযোগ তৈরি হবে এবং ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

জেড. এইচ. সিকদার বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান মেলা, প্রদর্শিত ৪০ প্রকল্প

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১:৩০ পূর্বাহ্ণ
জেড. এইচ. সিকদার বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান মেলা, প্রদর্শিত ৪০ প্রকল্প

বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার বিকাশে জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) আয়োজিত এ মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৪০টি বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করেন।

‘উদ্ভাবন, অনুসন্ধান ও টেকসই ভবিষ্যৎ নির্মাণ’ প্রতিপাদ্যে আয়োজিত মেলায় শরীয়তপুরের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের চারটি প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। তাঁদের প্রকল্পে বিজ্ঞান ও প্রযুক্তির সৃজনশীল প্রয়োগ এবং বাস্তব সমস্যার সমাধানের নানা ধারণা তুলে ধরা হয়।

মেলা পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক, রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিনসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তারা। এ সময় শিক্ষার্থীরা তাঁদের প্রকল্পের ধারণা, কার্যপদ্ধতি ও সম্ভাব্য ব্যবহার তুলে ধরেন। অতিথিরা তাঁদের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন এবং গবেষণায় উৎসাহ দেন।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধি, গবেষণায় আগ্রহ তৈরি এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরিতে এ মেলার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এতে নির্বাচিত সেরা প্রকল্পের শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে।

মেলার আয়োজনে সহযোগিতা করেছে বেসিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেড, অ্যালবাট্রস এডুকেশন ও ন্যাশনাল ব্যাংক পিএলসি। প্রেসবিজ্ঞপ্তি

বল্লীতে মসজিদের রাস্তা সংস্কারে পরিমাপ ও পরিদর্শন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১:২২ পূর্বাহ্ণ
বল্লীতে মসজিদের রাস্তা সংস্কারে পরিমাপ ও পরিদর্শন

সংবাদদাতা: সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের বরাদ্দে সদর উপজেলার বল্লী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোচড়া জামে মসজিদে যাওয়ার রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের একটি প্রতিনিধি দল সরেজমিনে রাস্তার মাপজোখ ও কারিগরি পরিদর্শন সম্পন্ন করে।

এ সময় বল্লী ইউনিয়ন জামায়াতের আমির ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মিজানুর রহমান (পিকলু) প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত ছিলেন। তিনি কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত সংস্কারকাজ সম্পন্ন করার আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এতে মসজিদের মুসল্লি ও সাধারণ পথচারীদের ভোগান্তি পোহাতে হতো। রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। পরিদর্শনকালে মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।