কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়
কলারোয়া প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ইউনিয়ন যুবদলের সদস্যসচিব ও ইউপি নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী শফিউল আলম শফি।
বৃহস্পতিবার সন্ধ্যায় কলারোয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। শফিউল আলম বলেন, দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে চন্দনপুর ইউনিয়নকে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে এগিয়ে নেওয়ার পাশাপাশি মাদকমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবেন। সব দল ও মতের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে সেবামূলক কার্যক্রম পরিচালনা করাই তাঁর লক্ষ্য।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও ক্রীড়া কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। ভবিষ্যতেও এসব কার্যক্রম জোরদার করে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চান। সভায় কলারোয়া প্রেসক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহ্বায়ক এম এ সাজেদসহ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।






