ভোমরা বন্দরের শ্রমিকদের জন্য হাসপাতাল বা ক্লিনিক স্থাপনের উদ্যোগ নিয়েছি: এমপি খালেক
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের উন্নয়ন, জনদুর্ভোগ ও স্থানীয় মানুষের সমস্যা জানতে বিভিন্ন এলাকা পরিদর্শন ও মতবিনিময় করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। বৃহস্পতিবার দিনব্যাপী কর্মসূচিতে তিনি শিক্ষাপ্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভোমরা স্থলবন্দর পরিদর্শন করেন।
সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তাঁদের সমস্যা ও উন্নয়ন প্রত্যাশার কথা শোনেন। পরে শাখরা-কোমরপুর এলাকার বেউলি ব্রিজসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন।
বিকেল সাড়ে ৪টায় ভোমরা স্থলবন্দরে শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল বা ক্লিনিক স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানান সংসদ সদস্য। তিনি বলেন, এ বিষয়ে জাতীয় সংসদে প্রস্তাব উত্থাপন করেছেন এবং স্বাস্থ্যমন্ত্রী তাঁকে আশ্বস্ত করেছেন। চলতি অর্থবছরের মধ্যে এ উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে তিনি আশাবাদী।
এ ছাড়া শ্রমিকদের সুপেয় পানির সংকট নিরসনে দুটি পানির ব্যবস্থা, আধুনিক শৌচাগার ও ওয়াশ ব্লক নির্মাণ এবং বন্দরের বিভিন্ন স্থানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি। শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা ও অর্থ আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখতে মালিক সমিতি, পুলিশ ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার কথাও জানান।
মতবিনিময় সভায় মুহাদ্দিস আব্দুল খালেক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি রাজনৈতিক সহিংসতা, হাসপাতাল ভাঙচুর, সার বিতরণে অনিয়ম ও সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ জাতীয় সংসদে তুলে ধরার কথা বলেন।
বেউলি ব্রিজ পরিদর্শন ও মতবিনিময়কালে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা, উপজেলা প্রকৌশলী দ্যুতি মন্ডল, সদর উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. মফিজুল রহমান, জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মসূচিতে সংসদ সদস্য স্থানীয় মানুষের সমস্যা ও প্রত্যাশা শুনে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে উন্নয়নকাজ এগিয়ে নেওয়ার আশ্বাস দেন।












