যশোরে অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লববার্ষিকীতে লাল পতাকা মিছিল ও সমাবেশ
১০৯তম মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লববার্ষিকী উপলক্ষে যশোরে লাল পতাকা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা কমিটি।
শনিবার (৭ নভেম্বর) দুপুর সোয়া ১২টায় সংগঠনের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহরের পাইপপট্টি মোড় থেকে মিছিলটি বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি যশোর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস। সাধারণ সম্পাদক কৃষ্ণা সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির জেলা সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ্বাস এবং যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল পারভেজ বুলু।
বক্তারা বলেন, বিশ্বজুড়ে শ্রমিকশ্রেণি অধিকার আদায়ে লড়াই করছে। সাম্রাজ্যবাদী শক্তিগুলো যুদ্ধ ও সামরিক ব্যয় বাড়ানোর মাধ্যমে শ্রমিক-জনগণের অধিকার সংকুচিত করছে। এ পরিস্থিতিতে পুঁজিবাদী রাষ্ট্র ও সমাজব্যবস্থার বিপরীতে শ্রমিকশ্রেণির রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার প্রশ্নে অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের তাৎপর্য তুলে ধরতে হবে। একই সঙ্গে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, রেশনিং ব্যবস্থা চালু এবং গণতান্ত্রিক শ্রম আইন বাস্তবায়নের দাবি জোরালো করার আহ্বান জানান তাঁরা।
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে নেতারা বলেন, বর্তমান বাজারদরে শ্রমিকদের আয় দিয়ে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। ন্যায্য দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর নির্যাতন, গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ তুলে তাঁরা এর নিন্দা জানান এবং আটক শ্রমিক নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
সমাবেশে বক্তারা আরও বলেন, বাংলাদেশের বাজার, প্রাকৃতিক সম্পদ, কৃষি ও শ্রমশক্তি নিয়ে দেশি-বিদেশি প্রভাবশালী শক্তির স্বার্থসংশ্লিষ্ট তৎপরতা রয়েছে। মধ্যপ্রাচ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান প্রণালী ঘিরে উত্তেজনার প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন। মানবিক করিডরের প্রস্তাব, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা, এনডিএসহ বিভিন্ন সামরিক ও প্রতিরক্ষা চুক্তি এবং বিদেশি সামরিক উপস্থিতির বিরোধিতা করে এসব উদ্যোগ বাতিলের দাবি জানান নেতারা। প্রেসবিজ্ঞপ্তি









