শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় আহত অজ্ঞাত নারীর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ
ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় আহত অজ্ঞাত নারীর মৃত্যু

সংবাদদাতা: যশোরের ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত এক অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার লাউজানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি। স্থানীয়দের কেউ কেউ ঘটনাটিকে আত্মহত্যার চেষ্টা বলে ধারণা করলেও এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

এর আগের দিন বুধবার একই এলাকায় ট্রেনের ধাক্কায় একটি কাভার্ডভ্যানের চালক নিহত হন। পরপর দুই দিনে একই এলাকায় রেল দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

Ads small one

নিঃশ্বাসে মায়াবী আবাস

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
নিঃশ্বাসে মায়াবী আবাস

বাপী নাগ

কোনো একদিন যদি বোঝো আমার মায়ার কত গভীরতা,
অনুভব হবে কতখানি জুড়ে আছো-অস্তিত্বের তুমি পূর্ণতা।
শুধু হৃদয়ের গভীরে নয়, রেখেছি তোমায় নিঃশ্বাসে,
সয়নে-স্বপনে তোমারই ছবি ভাসে মনের আকাশে।
তোমায় প্রতিটি ক্ষণ দেখতে ইচ্ছে করে, জানি না কী যে হয়.!
তোমার মুখের মায়াবী হাসি দেখলেই এ হৃদয় ভরে যায়।
বিধাতা তোমায় গড়েছেন কী অপরূপ ওই মায়ায়,
আমার দুটি নয়ন সৃষ্টি করেছেন তোমায় দেখার আশায়।
জানো কি তুমি, প্রতিটি প্রভাতে প্রথম তোমাকেই দেখি,
নয়ন মেলে তোমার ছবি দেখে দিনের সূচনা লিখি।
এ কেমন মায়া, এ কেমন টান-বোঝানো যে ভার,
তুমি আছো হৃদয় জুড়ে, এ অনুভব অনিবার্য।
পাওয়া-না-পাওয়ার ঊর্ধ্বে তুমি, অনুভূতির এক ঠিকানা,
তোমায় ঘিরেই বেঁচে থাকাÑএ মায়ার নেই কোনো সীমানা।

পাটকেলঘাটা বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
পাটকেলঘাটা বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী শেখ জিল্লুর রহমান পাটকেলঘাটা বাজারে গণসংযোগ করেছেন। তিনি জেলা জাসাসের আহ্বায়ক।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচনী গণসংযোগের দ্বিতীয় দিনে তিনি পাটকেলঘাটা বাজারের বিভিন্ন এলাকায় যান। এ সময় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়নে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা ও ভাবনার কথা তুলে ধরেন। গণসংযোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি, জাসাস ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন।

বল্লি মো. মজিবুর রহমান হাইস্কুলের অ্যাডহক কমিটির আদেশ ছয় মাসের জন্য স্থগিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ
বল্লি মো. মজিবুর রহমান হাইস্কুলের অ্যাডহক কমিটির আদেশ ছয় মাসের জন্য স্থগিত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার বল্লি মো. মজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনসংক্রান্ত একটি অফিস আদেশের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই আদেশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও নিষ্ফল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

গত ১ নভেম্বর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. তৌফিক ইনাম ও বিচারপতি মাহমুদ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরে গত ১৩ অক্টোবর বিদ্যালয়টির জন্য চার সদস্যের একটি অ্যাডহক কমিটি অনুমোদনসংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। প্রধান শিক্ষকের ২৩ আগস্টের অনলাইন আবেদনের পরিপ্রেক্ষিতে নিয়মিত ব্যবস্থাপনা কমিটি গঠনের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রবিধানমালা অনুযায়ী এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল। আদেশে বলা হয়, পত্র জারির তারিখ থেকে অনধিক ছয় মাস এ কমিটি বহাল থাকবে।

অনুমোদিত কমিটির সভাপতি করা হয় বোর্ড মনোনীত মো. আব্দুল গনিকে। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা মনোনীত সহকারী শিক্ষক মো. সাইদুর রহমান। অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত জাহাঙ্গীর কবীর। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্যসচিব করা হয়।

ওই অফিস আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক মো. সোফিউল আলমসহ সংশ্লিষ্টরা হাইকোর্টে রিট পিটিশন (নম্বর ১৫২৭৩/২০২৬) দায়ের করেন। রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মো. হুমায়ুন কবির। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা উপস্থিত ছিলেন।

শুনানি শেষে আদালত ১৩ অক্টোবর জারি করা অফিস আদেশের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেন এবং সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি রুল জারি করেন। মামলায় শিক্ষা সচিব, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা শিক্ষা কর্মকর্তা, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

উল্লেখ্য, স্থগিত হওয়া অফিস আদেশে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রবিধানমালার ১০(১) উপপ্রবিধান অনুযায়ী নিয়মিত ব্যবস্থাপনা কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদনের জন্য বোর্ডে পাঠানোর নির্দেশনা ছিল।