শ্যামনগর সরকারি মহসীন কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
শ্যামনগর প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজে রচনা প্রতিযোগিতা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন একাডেমিক কাউন্সিলের সদস্যসচিব ড. প্রতাপ কুমার রায়, শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মাদ আল মোকাররম বিল্লাহ, অনুষ্ঠানের আহ্বায়ক সৈয়দ রাফসান জানিসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ ছাড়া বনশ্রী শিক্ষা নিকেতনে প্রধান শিক্ষক আব্দুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি অমেদ আলী। সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জি এম মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সাবেক সভাপতি শহিদুল ইসলাম, শিক্ষক রণজিৎ কুমার বর্মন ও সঞ্জয় কুমার থান্দার।
দিবসটি উপলক্ষে শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়, ত্রিপানি বিদ্যাপীঠ, জহিরনগর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা, ইসলামাবাদ দাখিল মাদ্রাসা ও নওয়াবেঁকী মহাবিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নানা কর্মসূচি পালিত হয়।











