মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

উপকূল দিবস পালনে রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে আর কত দেরি?

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ণ
উপকূল দিবস পালনে রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে আর কত দেরি?

প্রকাশ ঘোষ বিধান

১২ নভেম্বর বাংলাদেশে বেসরকারিভাবে উপকূল দিবস পালন করা হয়। ১৯৭০ সালের এই দিনে দেশের ইতিহাসের সবচেয়ে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ‘ভোলা সাইক্লোন’ উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছিল। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা এই দুর্যোগকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী ঘূর্ণিঝড় হিসেবে উল্লেখ করেছে। সেই ভয়াবহ স্মৃতি স্মরণ এবং উপকূলীয় অঞ্চলের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে প্রতিবছর এ দিনটি পালিত হয়ে আসছে।

১৯৭০ সালের ১২ নভেম্বর এই ভূখণ্ডে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রায় ১০ লাখ মানুষের প্রাণহানি ঘটে। বহু এলাকা সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়। ঘূর্ণিঝড়ের এই নির্মম ধ্বংসলীলা সরেজমিনে দেখে শিল্পাচার্য জয়নুল আবেদিন তাঁর বিখ্যাত ২৮ ফুট দীর্ঘ চিত্রকর্মে তা ফুটিয়ে তোলেন, যা ‘মনপুরা ৭০’ নামে পরিচিত।

সেদিনের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হন। অসংখ্য গৃহপালিত ও বন্য প্রাণী মারা যায়। নষ্ট হয় হাজার হাজার হেক্টর ফসলি জমি। দুমড়ে-মুচড়ে যায় ঘরবাড়ি, বিপর্যস্ত হয় জীবন ও জনপদ। মানুষের মৃত্যুর মিছিলে সেদিন কেঁদেছিল সারা বিশ্ব।

সমগ্র উপকূলের মানুষ আজও দিনটিকে গভীর বেদনায় স্মরণ করে। সেই ঘূর্ণিঝড়ে বেঁচে যাওয়া মানুষদের কেউ কেউ এখনো জীবিত আছেন। যাঁরা তখন শিশু বা তরুণ ছিলেন, তাঁরা এখন বৃদ্ধ। মনের মধ্যে সেই দুঃসহ স্মৃতির ক্ষত নিয়ে আজও দিনটি বয়ে বেড়াচ্ছেন উপকূলের মানুষ।

উপকূল দিবস বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের প্রায় পাঁচ কোটি মানুষের জীবনযাত্রা, সংকট এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিষয়গুলো স্মরণে পালিত একটি প্রস্তাবিত ও অনানুষ্ঠানিক দিবস। ২০১৫ সালে উপকূল ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর প্রথম এই দিনটিকে উপকূল দিবস হিসেবে ঘোষণার জোরালো দাবি ওঠে। পরবর্তী সময়ে সাংবাদিক রফিকুল ইসলাম মন্টুর উদ্যোগে এবং বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে দেশের উপকূলীয় জেলাগুলোতে দিবসটি পালন শুরু হয়।

দিবসটি পালনের প্রধান উদ্যোক্তা হিসেবে রয়েছে বেসরকারি প্রতিষ্ঠান উপকূল বাংলাদেশ, কোস্টাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ও আলোকযাত্রা দল। ২০১৫ সাল থেকে উপকূলবর্তী ১৫টি জেলার প্রায় ৫০টি স্থানে বেসরকারি উদ্যোগে দিবসটি পালিত হয়ে আসছে। ঢাকা ছাড়াও উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের সদর ও রায়পুর; ভোলার সদর, চরফ্যাশন, তজুমদ্দিন ও মনপুরা; পটুয়াখালীর সদর, গলাচিপা, বাউফল, কলাপাড়া, কুয়াকাটা, রাঙ্গাবালী ও নীলগঞ্জ; চট্টগ্রামের সন্দ্বীপ; ফেনীর সোনাগাজী ও ছাগলনাইয়া; সাতক্ষীরার সদর, তালা, শ্যামনগর ও বুড়িগোয়ালিনী; খুলনার পাইকগাছা; বরিশাল সদর; চাঁদপুর সদর; পিরোজপুরের কাউখালী; নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া; বরগুনা সদর; বাগেরহাটের সদর ও শরণখোলা; কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিন এবং ঝালকাঠির সদর ও কাঁঠালিয়ায় দিবসটি পালন এখন রেওয়াজে পরিণত হয়েছে।

১৯৭০ সালের ১২ নভেম্বরের ঘূর্ণিঝড়ে নিহত ব্যক্তিদের স্মরণে উপকূল দিবস পালনের দাবি অত্যন্ত প্রাসঙ্গিক। ১২ নভেম্বরকে উপকূল দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হলে উপকূলের গুরুত্ব আরও বাড়বে। উপকূলের সংকট, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা এবং উপকূলের মানুষের অধিকার ও ন্যায্যতা প্রতিষ্ঠার দাবিতে একটি বিশেষ দিন থাকা অপরিহার্য।

জাতীয়ভাবে উপকূল দিবস পালিত হলে উপকূলের সুরক্ষা নিশ্চিত করা, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, উপকূলের প্রতি নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ, উপকূলের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সম্ভাবনাময় অর্থনৈতিক কর্মকাণ্ডের বিকাশ ত্বরান্বিত হবে। একই সঙ্গে উপকূলের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরতে দেশি-বিদেশি প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের মনোযোগ বাড়বে।

বাংলাদেশের দীর্ঘ ৭১৬ কিলোমিটার উপকূলীয় অঞ্চলে ১৯টি জেলার প্রায় পাঁচ কোটি মানুষ বসবাস করেন, যা দেশের মোট জনসংখ্যার প্রায় ৩৬ শতাংশ। তাঁদের জীবন-জীবিকা প্রধানত কৃষি, মৎস্য, বন, স্থানীয় পরিবহন ও লবণ উৎপাদনের ওপর নির্ভরশীল। উপকূলের এই জনগোষ্ঠী প্রতিবছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, নদীভাঙনসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়।

জাতীয় অর্থনীতিতে উপকূলীয় অঞ্চলের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপকূলীয় অর্থনীতির অবদান দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ২৫ শতাংশ বলে উল্লেখ করা হয়। সমুদ্রের মৎস্য খাত পুরোপুরি উপকূলকেন্দ্রিক। দেশের কলকারখানার পাশাপাশি উপকূলের মৎস্য খাত ও জনশক্তি জাতীয় অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে। কিন্তু দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় গণমাধ্যমে উপকূলের শ্রমশক্তি ও মৎস্য খাত যথাযথ গুরুত্ব পাচ্ছে না।

প্রতিবছর উপকূল দিবসে উপকূলীয় অঞ্চলের ১৯টি জেলা ও ১৪৭টি উপজেলার প্রায় পাঁচ কোটি মানুষের অধিকার, নিরাপত্তা ও ন্যায্যতার দাবি তুলে ধরা হয়। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততার মতো প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে লড়াই করে বেঁচে থাকা মানুষের কথা রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা হয়। দুর্যোগের কারণে সৃষ্ট বিপুল আর্থিক ও মানবিক ক্ষতি কাটিয়ে উঠতে বিশেষ মনোযোগ আকর্ষণের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় প্রান্তিক মানুষের অধিকার ও ন্যায্যতার দাবি জানানো হয়। কিন্তু উপকূলবাসীর প্রাণের দাবি এই দিবসটি এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি।

১৯৭০ সালের ১২ নভেম্বর উপকূলবাসীর জন্য একটি স্মরণীয় দিন। ৫৬ বছর পেরিয়ে গেলেও এখনো জাতীয়ভাবে স্বীকৃতি পায়নি উপকূল দিবস। প্রতিবছর বেসরকারি ও সামাজিক উদ্যোগে উপকূলীয় অঞ্চলে দিবসটি পালিত হলেও রাষ্ট্রীয়ভাবে এর স্বীকৃতি মেলেনি। দিবসটির গুরুত্ব এবং ১২ নভেম্বরের ভয়াবহতা স্মরণে দিনটিকে ‘বিশ্ব উপকূল দিবস’ (ওয়ার্ল্ড কোস্টাল ডে) হিসেবে আন্তর্জাতিকভাবে ঘোষণার দাবিও তোলা উচিত। স্থানীয় জনগণ ও বিভিন্ন সামাজিক সংগঠন ১২ নভেম্বরকে জাতীয় উপকূল দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে আসছে।

লেখক: সাংবাদিক ও কলামিস্ট

Ads small one

টিকিট থাকার পরও বোর্ডিং না পেয়ে যাত্রীর মৃত্যু, এয়ারলাইনকে ২৬ লাখ রুপি জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ
টিকিট থাকার পরও বোর্ডিং না পেয়ে যাত্রীর মৃত্যু, এয়ারলাইনকে ২৬ লাখ রুপি জরিমানা

বিজনেস ক্লাসের টিকিট থাকা সত্ত্বেও ওভারবুকিংয়ের দোহাই দিয়ে বোর্ডিং না দেওয়ায় চিকিৎসাবঞ্চিত এক যাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ নিয়ে দায়ের করা মামলায় এয়ারলাইনের চরম গাফিলতি ও সেবার ত্রুটি প্রমাণ হওয়ায় নিহতের স্ত্রীকে ২৬ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে দক্ষিণ দিল্লি ক্রেতা সুরক্ষা কমিশন।

আদালতের গত ২৯ অক্টোবরের রায়ে এয়ারলাইনটিকে টিকিটের নব্বই হাজার রুপি ফেরত দেওয়ার পাশাপাশি মামলা পরিচালনার খরচ হিসেবে আরও ৩০ হাজার রুপি পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালের জুলাইয়ে। ইসরায়েলে কর্মরত ৪৯ বছর বয়সী এক নার্স মেরুদণ্ডের গুরুতর অসুস্থতা নিয়ে জরুরি অস্ত্রোপচারের উদ্দেশ্যে তেলে আবিব থেকে মুম্বাই হয়ে নিজের শহর ম্যাঙ্গালুরে যাচ্ছিলেন। ৮ জুলাই নির্ধারিত অস্ত্রোপচারের জন্য তিনি ও তাঁর এক আত্মীয় মুম্বাই পৌঁছান। তবে পূর্বেই হুইলচেয়ার সহায়তার আবেদন এবং চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির কথা এয়ারলাইন কর্মীদের জানানো হলেও ওভারবুকিংয়ের কথা বলে তাঁদের ম্যাঙ্গালুরগামী সংযোগকারী ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি। এয়ারলাইনের পক্ষ থেকে জানানো হয়, তাঁদের পরদিনের (৯ জুলাই) ফ্লাইটে পাঠানো হবে। বাধ্য হয়ে রাতে মুম্বাইয়ের একটি হোটেলে অবস্থান করার পর ৯ জুলাই সকালে বিমানবন্দরে গিয়ে হুইলচেয়ার আনার আগেই ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়েন এবং সকাল পৌনে ৯টায় মারা যান।

মনিকা এ শ্রীবাস্তব ও কিরণ কৌশলের সমন্বয়ে গঠিত কমিশন রায়ে উল্লেখ করে, অন্য কানেক্টিং ফ্লাইটের ২৮ জন যাত্রীকে জায়গা দিতে গিয়ে কনফার্মড টিকিট এবং সময়ের মধ্যে কাউন্টারে আসা হুইলচেয়ারমুখী শারীরিক প্রতিবন্ধী যাত্রীকে প্রাধান্য না দেওয়া এয়ারলাইনের মারাত্মক অবহেলা। মেডিকেল ইনফরমেশন ফর্ম (মেডিফ) জমা না দেওয়ার পক্ষে এয়ারলাইনের যুক্তি খারিজ করে কমিশন বলে, বোর্ডিং দেওয়া হলে হয়তো কোনও আনুষ্ঠানিকতা ছাড়াই তিনি বেঁচে যেতেন। এয়ারলাইনের এই অমানবিক সিদ্ধান্তের কারণেই সময়মতো চিকিৎসা না পেয়ে তার মৃত্যু হয়েছে বলে রায়ে জানানো হয়।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

দেবহাটায় অজয় বিশ্বাসের মৃত্যু: এলাকায় শোকের ছায়া

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ
দেবহাটায় অজয় বিশ্বাসের মৃত্যু: এলাকায় শোকের ছায়া

নিজস্ব প্রতিনিধি: দেবহাটা উপজেলার উত্তর সখিপুর গ্রামের মৃত ধ্রুব বিশ্বাসের ছেলে অজয় বিশ্বাস (৩৫) মারা গেছেন। সোমবার (৯ নভেম্বর) সকাল ৮টার দিকে অসুস্থতাজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুর দিন বিকেল ৪টায় ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

অজয় বিশ্বাসের মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মোখলেছুর রহমান (মুকুল), উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান (কামরুল), সমাজসেবক ও ব্যবসায়ী পঙ্কোজ তরফদার এবং ব্যবসায়ী আখতার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তাঁরা প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

দেবহাটায় ইছামতী নদীর বেড়িবাঁধে ৪০০ গাছ রোপণের উদ্যোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ
দেবহাটায় ইছামতী নদীর বেড়িবাঁধে ৪০০ গাছ রোপণের উদ্যোগ

Oplus_131072

কে এম রেজাউল করিম, দেবহাটা: দেবহাটা উপজেলা পরিষদের অর্থায়নে ইছামতী নদীর বেড়িবাঁধের পাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলা পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের উন্নয়ন প্রকল্পের আওতায় টাউনশ্রীপুর এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার মণ্ডল, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে বাপ্পা, বন সংরক্ষণ কর্মকর্তা মোজাম্মেল হোসেন, ইউনিয়ন জামায়াতের প্রশাসনিক সম্পাদক ফয়েজুল ইসলাম ও টাউনশ্রীপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার মিজানুর রহমান প্রমুখ।

ইউএনও মিলন সাহা বলেন, বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে উপজেলা প্রশাসন কাজ করছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে বৃক্ষ বিতরণ ও রোপণ করা হচ্ছে। ইছামতী নদীর বেড়িবাঁধে এ কার্যক্রম অব্যাহত থাকবে। সংশ্লিষ্টরা জানান, ওই এলাকায় নিম, কুল, বাইনসহ বিভিন্ন প্রজাতির ৪০০ গাছ রোপণ করা হবে।