শ্যামনগরের সব খাল দখলমুক্ত ও উন্মুক্ত করার দাবি
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সব খাল অবৈধ দখল, অনিয়মিত লিজ ও বন্দোবস্ত, অবৈধ বাঁধ এবং নেট-পাটা থেকে মুক্ত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন নাগরিক প্রতিনিধিরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সাতক্ষীরা শহরের একটি কনভেনশন হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্যামনগর উপজেলা এডভোকেসি গ্রুপের সদস্যরা এ দাবি জানান। লিখিত বক্তব্য পাঠ করেন গ্রুপের সদস্য সুমাইয়া কামাল।
লিখিত বক্তব্যে বলা হয়, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন খাল অবৈধ দখল, অনিয়মিত লিজ, বাঁধ ও নেট-পাটার কারণে স্বাভাবিক পানিপ্রবাহ হারাচ্ছে। ফলে জলাবদ্ধতা, মিঠাপানির সংকট এবং কৃষি ও মৎস্য উৎপাদন ব্যাহত হচ্ছে। ইতোমধ্যে উপজেলার ছয়টি ইউনিয়নে স্থানীয় জনগণের অংশগ্রহণে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এসব শুনানিতে কৃষক, মৎস্যজীবী, নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খালসংক্রান্ত নানা সমস্যা তুলে ধরেছেন।
সংবাদ সম্মেলনে মুন্সিগঞ্জ, রমজাননগর, কৈখালী, ভুরুলিয়া, ঈশ্বরীপুর, আটুলিয়া ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের বিভিন্ন খালের অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ এবং জনস্বার্থবিরোধী লিজ ও বন্দোবস্ত বাতিলের দাবি জানানো হয়।
বক্তারা বলেন, খাল রক্ষা করা গেলে পানির স্বাভাবিক প্রবাহ, কৃষি, মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য এবং মানুষের জীবন-জীবিকা সুরক্ষিত থাকবে। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জেলা ও উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
সংবাদ সম্মেলনে এডভোকেসি গ্রুপের সদস্য সচিব পিযুশ বাউলিয়া পিন্টু, দেবব্রত ব্যানার্জি, শেখ বকুল হোসেন, মনিরুল ইসলাম, ইমরান হোসেন, নুর হোসেন, পুষ্পরানি মন্ডল, আব্দুল হাকিম, কেয়া পারভীন ও ইব্রাহিম খলিলসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।









