মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরায় অন্নকূট মহোৎসব, ইসকন মন্দিরে হাজারো ভক্তের সমাগম

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় অন্নকূট মহোৎসব, ইসকন মন্দিরে হাজারো ভক্তের সমাগম

মিলন বিশ্বাস: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় শ্রীশ্রী গিরিরাজ গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) শহরের পুরাতন সাতক্ষীরা শ্রীশ্রী রাধাশ্যামসুন্দর ইসকন মন্দিরে দিনব্যাপী এ আয়োজনে হাজারো ভক্তের সমাগম ঘটে।

সকালে হরিনাম সংকীর্তন ও ভজনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে শ্রীমদ্ভাগবত পাঠ, ধর্মীয় আলোচনা, পূজা-অর্চনা অনুষ্ঠিত হয়। দুপুর ১টা থেকে সমবেত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী ভক্তরা সারিবদ্ধভাবে প্রসাদ গ্রহণ করেন।

অন্নকূট মহোৎসবে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশে নানা ধরনের নিরামিষ খাবার, ফলমূল ও মিষ্টান্ন ভোগ হিসেবে নিবেদন করা হয়। বৈষ্ণবীয় বিশ্বাস অনুযায়ী, শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বত ধারণের লীলাকে স্মরণ করে এ পূজা ও উৎসব পালন করা হয়। প্রচলিত ধর্মীয় বর্ণনা অনুসারে, প্রবল বৃষ্টির হাত থেকে বৃন্দাবনবাসী ও গবাদিপশুকে রক্ষায় শ্রীকৃষ্ণ কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন। সেই স্মরণে ভক্তরা নানা পদ রান্না করে ভোগ নিবেদন করেন এবং পরে তা মহাপ্রসাদ হিসেবে বিতরণ করেন।

মন্দিরের অধ্যক্ষ পরমপুরুষ কৃষ্ণদাস ব্রহ্মচারীর সার্বিক দিকনির্দেশনায় উৎসবের আয়োজন সম্পন্ন হয়। আয়োজন সফল করতে মন্দিরের ভক্তরা পূজার প্রস্তুতি, ভোগ রান্না, অতিথি সেবা, প্রসাদ বিতরণ ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন। এ সময় জেলার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি ভক্তদের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয় অন্নকূট মহোৎসব।

Ads small one

হজের টাকা সরাসরি সৌদি আরবের ব্যাংক হিসাবে পাঠানোর নির্দেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:০৯ অপরাহ্ণ
হজের টাকা সরাসরি সৌদি আরবের ব্যাংক হিসাবে পাঠানোর নির্দেশ

আগামী ২০২৭ সালের হজ মৌসুমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রীদের সৌদি আরবে স্থানীয় খরচ মেটাতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে হজের আবাসন, মিনা-আরাফায় তাঁবু বুকিং, পরিবহন ও অন্যান্য সেবার খরচ আন্তর্জাতিক ব্যাংক হিসাব নম্বর (আইবিএএন) ব্যবহার করে সৌদি আরবে পাঠাতে হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর প্রধান কার্যালয়ে পাঠিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিবন্ধিত সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের সৌদি আরব পর্বের ব্যয়ের অর্থ সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় ও রমনা করপোরেট শাখায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্ধারিত ব্যাংক হিসাবের মাধ্যমে পাঠাতে হবে।

অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনার হজ এজেন্সিগুলো উন্নত প্যাকেজের হোটেল ভাড়া, মাশায়ের (মিনা-আরাফা-মুজদালিফা) ব্যবস্থাপনা এবং পরিবহনসংক্রান্ত চুক্তির অর্থ সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে সরাসরি সৌদি আরবে সেবাদানকারী প্রতিষ্ঠানের আইবিএএন হিসাবে পাঠাবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে, সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরবে আবাসন, মিনা-আরাফায় তাঁবু বুকিং এবং সার্ভিস কোম্পানিগুলোর সঙ্গে প্রয়োজনীয় চুক্তি সম্পন্ন করতে হবে। এসব কার্যক্রমের ব্যয় যথাসময়ে পাঠানো জরুরি।

আইবিএএন বা ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট নম্বর হলো— আন্তর্জাতিকভাবে ব্যাংক হিসাব শনাক্ত করার একটি স্বীকৃত পদ্ধতি। বিভিন্ন দেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে নির্দিষ্ট ব্যাংক হিসাব সঠিকভাবে শনাক্ত করতে এটি ব্যবহার করা হয়। হজের আবাসন ও অন্যান্য সেবা বাবদ অর্থ পরিশোধেও সৌদি আরবের আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এ নম্বর ব্যবহার বাধ্যতামূলক।

এদিকে, সৌদি সরকার ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য প্রাথমিকভাবে ৭৮ হাজার ৫০০ জনের কোটা বরাদ্দ দিয়েছে। তবে বেসরকারি হজ এজেন্সিগুলোর চাহিদার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত কোটা চেয়ে আবেদন করেছে বাংলাদেশ সরকার। কোটা বাড়ানো হলে আগামী বছর বাংলাদেশ থেকে প্রায় ৯৬ হাজার মানুষ হজ পালনের সুযোগ পেতে পারেন।

প্রকাশিত হজ প্যাকেজ অনুযায়ী, সৌদি আরব পর্বে জনপ্রতি সর্বোচ্চ ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৭০ হাজার ৯০ টাকা। আর সর্বনিম্ন ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ৬২ হাজার ৯১১ টাকা।

নতুন নির্দেশনার ফলে হজের বিভিন্ন সেবা বাবদ অর্থ পাঠানোর প্রক্রিয়া আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে আরও সমন্বিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরবে আবাসন ও অন্যান্য সেবা নিশ্চিত করার ক্ষেত্রে অর্থ পরিশোধের প্রক্রিয়ায় শৃঙ্খলা আসবে।

তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:৫৯ অপরাহ্ণ
তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রী, তার স্ত্রী এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি মঙ্গলবার (১০ নভেম্বর) বিকাল ৪টা ৩ মিনিটে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছায়।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থা জানান তুরস্ক প্রজাতন্ত্রের সংস্কৃতি ও পর্যটন বিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে আরও ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজসহ সফরসঙ্গী ও বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে সকাল সাড়ে ৭টায় আন্তালিয়ার উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। তুরস্কের ইস্তাম্বুলে ২ ঘণ্টার যাত্রা বিরতি শেষে টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে আন্তালিয়ায় পৌঁছান তিনি।

বুধবার (১১ নভেম্বর) বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

সুন্দরবন উপকূলে জলবায়ু সংকট ও সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার নিয়ে কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১০ অপরাহ্ণ
সুন্দরবন উপকূলে জলবায়ু সংকট ও সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার নিয়ে কর্মশালা

সংবাদদাতা: সাতক্ষীরার সুন্দরবনসংলগ্ন মুন্সিগঞ্জে উপকূলীয় জলবায়ু সংকট, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার বিষয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে এক সংবেদনশীলতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী এ কর্মশালা সিসিটিভি শক্তি প্রকল্পের আওতায় সিসিডিবির প্রকল্প কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে উপকূলীয় অঞ্চলের নারী ও প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং এসব বিষয় গণমাধ্যমে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

দেশ টিভির স্টাফ রিপোর্টার ও জ্যেষ্ঠ সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সমন্বয়ে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সিসিডিবি শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নীলিমা রানী। প্রশিক্ষণ প্রদান করেন চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না। কর্মশালায় উপকূলের ৩০ জন নারী ও তরুণ-তরুণী সরাসরি অংশ নিয়ে তাঁদের দৈনন্দিন জীবনসংগ্রাম ও নানা সংকটের কথা তুলে ধরেন।

কর্মশালার সমন্বয়ক শরীফুল্লাহ কায়সার সুমন বলেন, উপকূলীয় অঞ্চলের সুপেয় পানির সংকট, লবণাক্ততা বৃদ্ধি এবং বননির্ভর মানুষের নিরাপত্তাহীনতা কেবল পরিসংখ্যান নয়, এগুলো মানুষের বাস্তব জীবনসংগ্রামের চিত্র। মূলধারার গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও এসব বিষয় তুলে ধরতে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। সংবেদনশীল বিষয়গুলো সতর্কতার সঙ্গে উপস্থাপন করে প্রকৃত সংকট ও সমাধানের দিকগুলো তুলে ধরা জরুরি।

সভাপতির বক্তব্যে নীলিমা রানী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলের নারী ও তরুণেরা নানা সংকটের মুখোমুখি হচ্ছেন। তাঁদের জীবনসংগ্রাম ও সম্ভাবনার কথা গণমাধ্যমের নীতি-নৈতিকতা বজায় রেখে জনসমক্ষে তুলে ধরা প্রয়োজন। এ ধরনের কর্মশালা স্থানীয় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনে উৎসাহিত করবে।

প্রশিক্ষক আমিনা বিলকিস ময়না বলেন, উপকূলীয় নারীদের জীবনসংগ্রাম ও টিকে থাকার প্রচেষ্টা গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরা জরুরি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কোন তথ্য কীভাবে প্রকাশ করতে হবে এবং কোন স্পর্শকাতর বিষয় এড়িয়ে চলতে হবে, সে বিষয়ে সাংবাদিকদের স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।

সাতক্ষীরা শ্যামনগর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য এম কামরুজ্জামান বলেন, জলবায়ু সংকট ও সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক ব্যবহার বিবেচনায় রেখে সংবাদ পরিবেশনে এ ধরনের আয়োজন গণমাধ্যমকর্মীদের দক্ষতা ও সংবেদনশীলতা বাড়াবে।

সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন বলেন, বনদস্যুতা কিংবা ম্যানগ্রোভ বনকেন্দ্রিক জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিয়ে প্রতিবেদন তৈরির সময় স্থানীয় পরিবেশ ও মানুষের সুরক্ষার বিষয়টি বিবেচনায় রাখা জরুরি। দায়িত্বশীল সাংবাদিকতাই প্রান্তিক মানুষের কথা নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দিতে পারে।

উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি এম এ হালিম বলেন, সুপেয় পানির সংকট ও লবণাক্ততার প্রভাব উপকূলীয় নারীদের স্বাস্থ্যে কী ধরনের সমস্যা তৈরি করছে, তা নিয়ে আরও বেশি কাজ করার সুযোগ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক ব্যবহার করে এসব আঞ্চলিক সংকট বিশ্বদরবারে তুলে ধরতে হবে।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সিসিডিবি শক্তি প্রকল্পের অ্যাকাউন্টস অফিসার বাপ্পি দাস বৈরাগী, কমিউনিটি অর্গানাইজার মেহেরুন ফেরদৌস ও ধ্রুব বিশ্বাস। কর্মশালায় অংশ নেওয়া ৩০ জন নারী ও তরুণ উপকূলীয় সংকট নিরসনে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের সক্রিয় ও কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।