মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

প্রথম বিশ্বযুদ্ধ: অবসান, মানবসভ্যতার ক্ষতি ও শিক্ষা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
প্রথম বিশ্বযুদ্ধ: অবসান, মানবসভ্যতার ক্ষতি ও শিক্ষা

সাকিবুর রহমান বাবলা

মানবসভ্যতার ইতিহাসে কিছু দিন কেবল একটি তারিখ নয়; কোটি মানুষের বেদনা, আত্মত্যাগ, ধ্বংসযজ্ঞ এবং শান্তির আকাঙ্ক্ষার প্রতীক হয়ে আছে। ১১ নভেম্বর তেমনই একটি দিন। ১৯১৮ সালের এই দিনে প্রথম বিশ্বযুদ্ধের রণক্ষেত্রে অস্ত্রের গর্জন থেমেছিল। দীর্ঘ চার বছরের রক্তক্ষয়ী সংঘাতের অবসানে বিশ্ববাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। তাই প্রতিবছর ১১ নভেম্বর বিশ্বের বিভিন্ন দেশে স্মরণ দিবস পালিত হয়। প্রথম বিশ্বযুদ্ধে নিহত এবং পরবর্তী বিভিন্ন যুদ্ধে প্রাণ হারানো সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো ও যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করাই এ দিবসের মূল তাৎপর্য।

প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ১৯১৪ সালের ২৮ জুলাই এবং সামরিকভাবে শেষ হয় ১৯১৮ সালের ১১ নভেম্বর। ইউরোপের সাম্রাজ্য বিস্তার, উপনিবেশ দখল, অস্ত্র প্রতিযোগিতা ও উগ্র জাতীয়তাবাদের দ্বন্দ্ব এ যুদ্ধের পটভূমি তৈরি করেছিল। তাৎক্ষণিক কারণ ছিল ১৯১৪ সালের ২৮ জুন বসনিয়ার সারায়েভোতে অস্ট্রিয়া-হাঙ্গেরির যুবরাজ আর্চডিউক ফ্রাঞ্জ ফার্দিনান্দ ও তাঁর স্ত্রী সোফি নিহত হওয়ার ঘটনা। সার্বীয় জাতীয়তাবাদী তরুণ গাভরিলো প্রিন্সিপ তাঁদের হত্যা করেন। এ ঘটনাকে কেন্দ্র করে অস্ট্রিয়া-হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে একের পর এক দেশ সংঘাতে জড়িয়ে পড়ে। স্থানীয় রাজনৈতিক সংকট দ্রুত বিশ্বযুদ্ধে রূপ নেয়।

যুদ্ধের পেছনে দীর্ঘমেয়াদি কারণও ছিল। ইউরোপের দেশগুলো ট্রিপল এন্টেন্ত ও ট্রিপল অ্যালায়েন্সের মতো সামরিক জোটে বিভক্ত ছিল। ফলে একটি দেশের সঙ্গে সংঘাত শুরু হলে মিত্রদেশগুলোও যুদ্ধে জড়িয়ে পড়ত। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির মধ্যে উপনিবেশ বিস্তারের প্রতিযোগিতা, বলকান অঞ্চলের জাতীয়তাবাদী উত্তেজনা এবং ব্রিটেন-জার্মানির নৌবাহিনী গড়ে তোলার প্রতিদ্বন্দ্বিতা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। সামরিক শক্তি বৃদ্ধি ও কূটনৈতিক ব্যর্থতা যুদ্ধের বিস্তার ত্বরান্বিত করে।

প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী দেশগুলো প্রধানত দুটি সামরিক জোটে বিভক্ত ছিল। মিত্রশক্তির নেতৃত্বে ছিল যুক্তরাজ্য, ফ্রান্স ও রাশিয়া। পরে জাপান, ইতালি, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ এ পক্ষে যোগ দেয়। ব্রিটিশ সাম্রাজ্যের অধীন ভারত, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সৈন্যরাও যুদ্ধে অংশ নেন। অন্যদিকে কেন্দ্রীয় শক্তির প্রধান দেশ ছিল জার্মানি, অস্ট্রিয়া-হাঙ্গেরি, অটোমান সাম্রাজ্য ও বুলগেরিয়া। ১৯১৭ সালের বিপ্লবের পর রাশিয়া যুদ্ধ থেকে সরে যায়। একই বছর যুক্তরাষ্ট্র মিত্রশক্তির পক্ষে যুদ্ধে যোগ দেয়। ইতালি ১৯১৫ সালে পক্ষ পরিবর্তন করে মিত্রশক্তিতে যোগ দিয়েছিল।

আধুনিক অস্ত্রের ব্যাপক ব্যবহার এ যুদ্ধের ভয়াবহতা বহুগুণ বাড়িয়ে দেয়। রাইফেল, মেশিনগান, ভারী কামান ও মর্টারের পাশাপাশি রাসায়নিক অস্ত্র, ট্যাংক, যুদ্ধবিমান, জেপেলিন ও সাবমেরিন ব্যবহৃত হয়। ক্লোরিন ও মাস্টার্ড গ্যাসের মতো বিষাক্ত রাসায়নিক অস্ত্র সৈন্যদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও প্রাণহানির কারণ হয়। স্থল, আকাশ ও সমুদ্র—সব ক্ষেত্রেই যুদ্ধের নতুন প্রযুক্তি ধ্বংসযজ্ঞের মাত্রা বাড়িয়ে দেয়।

চার বছরের এ যুদ্ধে আনুমানিক দেড় থেকে দুই কোটি মানুষের মৃত্যু ঘটে। বিভিন্ন হিসাব অনুযায়ী, সামরিক সদস্যের মৃত্যু প্রায় ৮৮ লাখ থেকে এক কোটি এবং বেসামরিক প্রাণহানি প্রায় ৬০ লাখ থেকে এক কোটি ৩০ লাখ। জনসংখ্যার অনুপাতে সার্বিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম। রাশিয়া, জার্মানি, ফ্রান্স, অটোমান সাম্রাজ্য ও অস্ট্রিয়া-হাঙ্গেরিও বিপুল প্রাণহানি ও অর্থনৈতিক বিপর্যয়ের শিকার হয়। যুদ্ধের কারণে অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হন, কৃষি ও শিল্প উৎপাদন ব্যাহত হয় এবং বহু জনপদ ধ্বংসস্তূপে পরিণত হয়।

তৎকালীন বাংলাদেশ ছিল ব্রিটিশ ভারতের অংশ। ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে বাঙালিরাও যুদ্ধকালীন সামরিক কর্মকাণ্ডে যুক্ত হন। ১৯১৬ সালে বাঙালি যুবকদের নিয়ে গঠিত হয় ৪৯তম বেঙ্গলি রেজিমেন্ট। ঢাকা, পাবনা, ময়মনসিংহ, যশোর, চট্টগ্রাম ও কুমিল্লাসহ বিভিন্ন অঞ্চলের যুবক এতে যোগ দেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামও এ রেজিমেন্টে সৈনিক হিসেবে যোগ দিয়ে করাচিতে প্রশিক্ষণ গ্রহণ করেন। ঢাকার নবাব পরিবারের সদস্য খাজা হাবিবুল্লাহ বাহাদুরও যুদ্ধকালীন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। কলকাতার কলেজ স্কয়ারে ৪৯তম বেঙ্গলি রেজিমেন্টের নিহত বাঙালি সেনাদের স্মৃতিস্তম্ভ এ ইতিহাসের একটি উল্লেখযোগ্য স্মারক।

১৯১৮ সালের শেষ দিকে জার্মানির সামরিক শক্তি দুর্বল হয়ে পড়ে। মিত্রবাহিনীর ধারাবাহিক অভিযান, যুক্তরাষ্ট্রের সৈন্য ও অর্থনৈতিক সহায়তা এবং জার্মানির অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট দেশটিকে পরাজয়ের দিকে ঠেলে দেয়। কাইজার দ্বিতীয় ভিলহেল্মের পদত্যাগ, কিয়েল বন্দরের নৌ-বিদ্রোহ ও গণআন্দোলনের পর জার্মানিতে রাজনৈতিক পরিবর্তন ঘটে। মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসনের চৌদ্দ দফা শান্তি প্রস্তাবও যুদ্ধ-পরবর্তী সমাধানের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অবশেষে ১৯১৮ সালের ১১ নভেম্বর ফ্রান্সের কমপিয়েন বনে মিত্রশক্তি ও জার্মানির মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই দিন সকাল ১১টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। অর্থাৎ ১১তম মাসের ১১ তারিখের ১১তম ঘণ্টায় থেমে যায় প্রথম বিশ্বযুদ্ধের গোলাবর্ষণ। তবে যুদ্ধের আনুষ্ঠানিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় ১৯১৯ সালের ২৮ জুন ফ্রান্সের ভার্সাই প্রাসাদে। এ চুক্তিতে জার্মানির ওপর কঠোর শর্ত ও যুদ্ধের ক্ষতিপূরণের দায় আরোপ করা হয়।

প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা বিশ্ববাসীকে শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে শেখায়। যুদ্ধের পর ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয় লিগ অব নেশনস। পরবর্তী সময়ে আন্তর্জাতিক সহযোগিতা ও শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় এ সংস্থার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এ যুদ্ধ দেখিয়ে দেয়, উগ্র জাতীয়তাবাদ, সাম্রাজ্যবাদ, গোপন সামরিক চুক্তি ও অস্ত্র প্রতিযোগিতা বিশ্বকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। কোটি মানুষের মৃত্যু, দুর্ভিক্ষ, অর্থনৈতিক বিপর্যয় এবং স্প্যানিশ ফ্লুর মতো মহামারির বিস্তার মানবসভ্যতাকে গভীর সংকটে ফেলে। যুদ্ধের ধ্বংসযজ্ঞে কোনো পক্ষেরই প্রকৃত বিজয় হয় না।

১১ নভেম্বরের স্মরণ দিবস তাই শুধু নিহত সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা জানানোর আয়োজন নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে শান্তি, মানবতা, সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার বার্তা পৌঁছে দেওয়ার উপলক্ষ। যুদ্ধের পরিবর্তে সংলাপ, প্রতিহিংসার পরিবর্তে সহমর্মিতা এবং আধিপত্যের পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে বিশ্ব গড়ে তোলাই হওয়া উচিত এ দিনের অঙ্গীকার। ইতিহাসের রক্তাক্ত অধ্যায় থেকে শিক্ষা নিয়ে শান্তিপূর্ণ পৃথিবী প্রতিষ্ঠা করতে পারলেই যুদ্ধের শিকার অসংখ্য মানুষের আত্মত্যাগের প্রতি যথার্থ সম্মান জানানো সম্ভব হবে।

(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। পত্রদূত অনলাইন এবং পত্রদূত- এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Ads small one

টিকিট থাকার পরও বোর্ডিং না পেয়ে যাত্রীর মৃত্যু, এয়ারলাইনকে ২৬ লাখ রুপি জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ
টিকিট থাকার পরও বোর্ডিং না পেয়ে যাত্রীর মৃত্যু, এয়ারলাইনকে ২৬ লাখ রুপি জরিমানা

বিজনেস ক্লাসের টিকিট থাকা সত্ত্বেও ওভারবুকিংয়ের দোহাই দিয়ে বোর্ডিং না দেওয়ায় চিকিৎসাবঞ্চিত এক যাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ নিয়ে দায়ের করা মামলায় এয়ারলাইনের চরম গাফিলতি ও সেবার ত্রুটি প্রমাণ হওয়ায় নিহতের স্ত্রীকে ২৬ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে দক্ষিণ দিল্লি ক্রেতা সুরক্ষা কমিশন।

আদালতের গত ২৯ অক্টোবরের রায়ে এয়ারলাইনটিকে টিকিটের নব্বই হাজার রুপি ফেরত দেওয়ার পাশাপাশি মামলা পরিচালনার খরচ হিসেবে আরও ৩০ হাজার রুপি পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালের জুলাইয়ে। ইসরায়েলে কর্মরত ৪৯ বছর বয়সী এক নার্স মেরুদণ্ডের গুরুতর অসুস্থতা নিয়ে জরুরি অস্ত্রোপচারের উদ্দেশ্যে তেলে আবিব থেকে মুম্বাই হয়ে নিজের শহর ম্যাঙ্গালুরে যাচ্ছিলেন। ৮ জুলাই নির্ধারিত অস্ত্রোপচারের জন্য তিনি ও তাঁর এক আত্মীয় মুম্বাই পৌঁছান। তবে পূর্বেই হুইলচেয়ার সহায়তার আবেদন এবং চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির কথা এয়ারলাইন কর্মীদের জানানো হলেও ওভারবুকিংয়ের কথা বলে তাঁদের ম্যাঙ্গালুরগামী সংযোগকারী ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি। এয়ারলাইনের পক্ষ থেকে জানানো হয়, তাঁদের পরদিনের (৯ জুলাই) ফ্লাইটে পাঠানো হবে। বাধ্য হয়ে রাতে মুম্বাইয়ের একটি হোটেলে অবস্থান করার পর ৯ জুলাই সকালে বিমানবন্দরে গিয়ে হুইলচেয়ার আনার আগেই ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়েন এবং সকাল পৌনে ৯টায় মারা যান।

মনিকা এ শ্রীবাস্তব ও কিরণ কৌশলের সমন্বয়ে গঠিত কমিশন রায়ে উল্লেখ করে, অন্য কানেক্টিং ফ্লাইটের ২৮ জন যাত্রীকে জায়গা দিতে গিয়ে কনফার্মড টিকিট এবং সময়ের মধ্যে কাউন্টারে আসা হুইলচেয়ারমুখী শারীরিক প্রতিবন্ধী যাত্রীকে প্রাধান্য না দেওয়া এয়ারলাইনের মারাত্মক অবহেলা। মেডিকেল ইনফরমেশন ফর্ম (মেডিফ) জমা না দেওয়ার পক্ষে এয়ারলাইনের যুক্তি খারিজ করে কমিশন বলে, বোর্ডিং দেওয়া হলে হয়তো কোনও আনুষ্ঠানিকতা ছাড়াই তিনি বেঁচে যেতেন। এয়ারলাইনের এই অমানবিক সিদ্ধান্তের কারণেই সময়মতো চিকিৎসা না পেয়ে তার মৃত্যু হয়েছে বলে রায়ে জানানো হয়।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

দেবহাটায় অজয় বিশ্বাসের মৃত্যু: এলাকায় শোকের ছায়া

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ
দেবহাটায় অজয় বিশ্বাসের মৃত্যু: এলাকায় শোকের ছায়া

নিজস্ব প্রতিনিধি: দেবহাটা উপজেলার উত্তর সখিপুর গ্রামের মৃত ধ্রুব বিশ্বাসের ছেলে অজয় বিশ্বাস (৩৫) মারা গেছেন। সোমবার (৯ নভেম্বর) সকাল ৮টার দিকে অসুস্থতাজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুর দিন বিকেল ৪টায় ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

অজয় বিশ্বাসের মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মোখলেছুর রহমান (মুকুল), উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান (কামরুল), সমাজসেবক ও ব্যবসায়ী পঙ্কোজ তরফদার এবং ব্যবসায়ী আখতার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তাঁরা প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

দেবহাটায় ইছামতী নদীর বেড়িবাঁধে ৪০০ গাছ রোপণের উদ্যোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ
দেবহাটায় ইছামতী নদীর বেড়িবাঁধে ৪০০ গাছ রোপণের উদ্যোগ

Oplus_131072

কে এম রেজাউল করিম, দেবহাটা: দেবহাটা উপজেলা পরিষদের অর্থায়নে ইছামতী নদীর বেড়িবাঁধের পাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলা পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের উন্নয়ন প্রকল্পের আওতায় টাউনশ্রীপুর এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার মণ্ডল, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে বাপ্পা, বন সংরক্ষণ কর্মকর্তা মোজাম্মেল হোসেন, ইউনিয়ন জামায়াতের প্রশাসনিক সম্পাদক ফয়েজুল ইসলাম ও টাউনশ্রীপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার মিজানুর রহমান প্রমুখ।

ইউএনও মিলন সাহা বলেন, বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে উপজেলা প্রশাসন কাজ করছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে বৃক্ষ বিতরণ ও রোপণ করা হচ্ছে। ইছামতী নদীর বেড়িবাঁধে এ কার্যক্রম অব্যাহত থাকবে। সংশ্লিষ্টরা জানান, ওই এলাকায় নিম, কুল, বাইনসহ বিভিন্ন প্রজাতির ৪০০ গাছ রোপণ করা হবে।