জনকল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিতে হবে: শহীদুল ইসলাম মুকুল
পাটকেলঘাটা প্রতিনিধি: তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের আস্থা ও সর্বজনীন গ্রহণযোগ্যতা অর্জন করতে পারলে নির্বাচনে জয়লাভ করা সহজ হয় বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল।
মঙ্গলবার বিকেল ৪টায় পাটকেলঘাটায় তালা উপজেলা জামায়াত কার্যালয়ে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত এক লিডারশিপ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দায়িত্বশীলদের উদ্দেশে উদাহরণ টেনে শহীদুল ইসলাম মুকুল বলেন, জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান শওকত মাস্টারের মতো সর্বজনীন গ্রহণযোগ্যতা অর্জন করতে পারলে নির্বাচনে জয়লাভ করা সহজ হয়। এ সময় তিনি জনকল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি ও সহকারী অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ এবং জেলা কর্মপরিষদ সদস্য ডা. আফতাব উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ সিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম এবং পাটকেলঘাটা আল-আমীন ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মমতাজউদ্দিন প্রমুখ।
কর্মশালায় তালা উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









