কালিগঞ্জে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: ১৬৪৯ বোতল ফেন্সিডিলসহ আটক ২
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে মাদকবিরোধী এক বড় ধরণের সাফল্য পেয়েছে যৌথ বাহিনী। দীর্ঘ সাড়ে আট ঘণ্টার এক শ্বাসরুদ্ধকর অভিযানে ১৬৪৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টা থেকে অভিযানটি শুরু হয় এবং চলে রবিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত। কালিগঞ্জ থানাধীন নলতা ইউনিয়নের খানজিয়া গ্রামের বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় মাদকদ্রব্যের একটি বড় চালান মজুত রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন র্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক। অভিযানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৬ (র্যাব-৬) সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস দল এবং পুলিশের সদস্যরা সমন্বিতভাবে অংশ নেন।
অভিযানে মাদক মজুত ও ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন, ভাড়াসিমলা ইউনিয়নের খোরশেদ আলমের ছেলে ইমরান হোসেন (৩০) ও নলতা ইউনিয়নের পশ্চিম সেহেরা গ্রামের মৃত আলী আকবরের ছেলে কালাম হোসেন (৩৩) ।
জব্দকৃত ১৬৪৯ বোতল ফেন্সিডিল এবং আটককৃত আসামিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সীমান্তবর্তী এই এলাকায় মাদকের এত বড় চালান উদ্ধার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত মাদক ও আসামিদ্বয়কে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে র্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।



