শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

দোষী সাব্যস্ত হয়েও একই কর্মস্থলে মহিলা সংস্থার কর্মকর্তা, অভিযোগকারীকে বদলি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
দোষী সাব্যস্ত হয়েও একই কর্মস্থলে মহিলা সংস্থার কর্মকর্তা, অভিযোগকারীকে বদলি

পত্রদূত রিপোর্ট: বিভাগীয় তদন্তে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়ে লঘুদণ্ড পেলেও একই কর্মস্থলে বহাল রয়েছেন জাতীয় মহিলা সংস্থার সাতক্ষীরা জেলা কার্যালয়ের কর্মকর্তা আনিসুর রহমান মল্লিক। অন্যদিকে, তাঁর বিরুদ্ধে অভিযোগ করায় অবসরের ছয় মাস আগে দর্জি প্রশিক্ষক রোকেয়া বেগমকে বাগেরহাটে বদলি এবং অবসরের পর পেনশন ও অন্যান্য পাওনা পেতে হয়রানি করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

রোকেয়া বেগমের অভিযোগ, আনিসুর রহমানের অসদাচরণ ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে তিনি ২০২৪ সালের ১ আগস্ট চার কর্মকর্তা-কর্মচারী এবং ৩০ জন প্রশিক্ষণার্থীসহ জাতীয় মহিলা সংস্থার প্রধান কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পরও তাঁর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন। একপর্যায়ে চাকরির মেয়াদ ছয় মাস বাকি থাকতেই তাঁকে বাগেরহাটে বদলি করা হয়। সেখানে কর্মরত অবস্থায় চলতি বছরের ৬ এপ্রিল তিনি অবসরে যান।

রোকেয়া বেগম জানান, অবসরের পরদিন থেকে তাঁর অবসর-পূর্ব ছুটি (পিআরএল) মঞ্জুর করা হয়। পেনশন ও অবসরকালীন সুবিধা নিশ্চিত করতে গত ৩ মে জাতীয় মহিলা সংস্থার উপসচিব রেজাউল করিম সাতক্ষীরা কার্যালয়ে তাঁর সরকারি পাওনা, অডিট আপত্তি, ঋণ কার্যক্রমে সংশ্লিষ্টতা এবং অন্যান্য বিষয়ে তথ্যসহ না-দাবিপত্র ও প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেন। কিন্তু তাঁর দাবি, কোনো ঋণ বা সরকারি পাওনার সঙ্গে সংশ্লিষ্টতা না থাকলেও উদ্দেশ্যমূলক প্রতিবেদন দিয়ে তাঁকে হয়রানি করা হচ্ছে। প্রধান কার্যালয়ের নির্দেশনা থাকা সত্ত্বেও সার্ভিস বুক হালনাগাদ করে দেওয়া হচ্ছে না। এতে অবসরকালীন ভাতা ও পেনশন পেতে জটিলতায় পড়েছেন তিনি।

জাতীয় মহিলা সংস্থার সাতক্ষীরা জেলা কর্মকর্তা আনিসুর রহমান মল্লিক অভিযোগের বিষয়ে বলেন, প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী রোকেয়া বেগমের প্রতিবেদন কবে ও কী পাঠানো হয়েছে, তা জানাতে তিনি অপারগ। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা নেই। কাগজপত্র জেলা প্রশাসকের কার্যালয়ে রয়েছে। সার্ভিস বুক হালনাগাদ করে দেওয়ার বিষয়েও তিনি বলেন, এ কাজ করতে তিনি বাধ্য নন। তবে তাঁর স্ত্রী শামসুন্নাহারের বিরুদ্ধে তদন্ত চলার বিষয়টি তিনি নিশ্চিত করেন।

জাতীয় মহিলা সংস্থা ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ আগস্ট রোকেয়া বেগমসহ চার কর্মকর্তা-কর্মচারী ও ৩০ প্রশিক্ষণার্থীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই বছরের ১২ সেপ্টেম্বর আনিসুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে সংস্থার একজন উপপরিচালক সরেজমিন তদন্তে অভিযোগের সত্যতা পান। এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। ব্যক্তিগত শুনানিতেও তিনি অভিযোগ খণ্ডাতে পারেননি। পরে ২০২৫ সালের ৫ নভেম্বর প্রথম অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে গুরুদণ্ডের পরিবর্তে ‘তিরস্কার’ লঘুদণ্ড দেওয়া হয়। এরপরও তিনি সাতক্ষীরা জেলা কার্যালয়ে কর্মরত রয়েছেন।

এদিকে আনিসুর রহমানের স্ত্রী জাতীয় মহিলা সংস্থার শ্যামনগর শাখার প্রশিক্ষক শামসুন্নাহারের বিরুদ্ধেও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। প্রশিক্ষণার্থীদের অভিযোগ, ভর্তি ফরম বিক্রিতে অনিয়ম, অনুপস্থিত শিক্ষার্থীদের কাল্পনিক হাজিরা দেখানো, স্বজনদের নামে প্রশিক্ষণ ও অর্থ উত্তোলন, একাধিক প্রশিক্ষণে একই ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা এবং বিদায় সংবর্ধনার অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। এসব অভিযোগ প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।

শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক জানান, শামসুন্নাহারের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।
অভিযোগ রয়েছে, সাতক্ষীরা জেলা কার্যালয়ের মাঠ সমন্বয়কারী মোকছেদ আলীকে শ্যামনগর শাখার অতিরিক্ত দায়িত্ব দেওয়ায় নিয়মিত অফিস করা সম্ভব হচ্ছে না। ফলে শ্যামনগর কার্যালয়ের কার্যক্রমও ব্যাহত হচ্ছে। অধিকাংশ সময় অফিস তালাবদ্ধ থাকে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, রোকেয়া বেগমের বদলির পর থেকে সাতক্ষীরা জেলা কার্যালয়ে দর্জি প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Ads small one

প্রথমবার মিললো ‘ডার্ক ম্যাজিক মাশরুম’

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ণ
প্রথমবার মিললো ‘ডার্ক ম্যাজিক মাশরুম’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিশ্বের প্রথম ডার্ক ম্যাজিক মাশরুম বা ভেষজ ছত্রাকের সন্ধান পাওয়া গেছে, যা একই সঙ্গে হ্যালুসিনেশন এবং মৃত্যুর কারণ হতে পারে। বৈজ্ঞানিক জার্নাল কারেন্ট বায়োলজি-তে প্রকাশিত গবেষণায় মাইকোলজিস্টরা জানিয়েছেন, গ্যালেরিনা ইন্ডিকা নামের এই প্রজাতিটি বিশ্বজুড়ে প্রথম যার মধ্যে সাইকেডেলিক বা মানসিক আবেশ সৃষ্টিকারী এবং বিষাক্ত উভয় উপাদানই রয়েছে।

এর আগে কিছু মাশরুমে শুধু সাইলোসাইবিন (ম্যাজিক মাশরুমের উপাদান) এবং অন্যগুলোতে অ্যামাটক্সিনের মতো বিষাক্ত উপাদান পাওয়া গেলেও একসঙ্গে দুটির উপস্থিতি এই প্রথম মিললো। গবেষণার সহ-লেখক অ্যান্ড্রু কুনিখ বলেন, আমরা জানতাম যে এটি সম্ভব, তবে আরও নিবিড় বিশ্লেষণ না করা পর্যন্ত আমরা খুব বেশি উচ্ছ্বসিত হতে চাইনি।

অন্যান্য সাধারণ বাদামী মাশরুমের মতো দেখতে হওয়ায় এগুলোর মধ্যে পার্থক্য করা কঠিন বলে জানান ফ্লোরিডার স্টেট মাইকোলজিস্ট ও গবেষক ম্যাথিউ স্মিথ। তিনি আরও বলেন, মানুষের জীবন বাঁচাতে এমন আবিষ্কার অত্যন্ত জরুরি। প্রজাতিগুলো সম্পর্কে জানা এবং সেগুলো কোনও সমস্যা তৈরি করতে পারে কি না, তা চিহ্নিত করাই তার কাজের অংশ।

ইউনিভার্সিটি অব ইউটার মাইকোলজিস্ট এবং গবেষণার আরেক সহ-লেখক ব্রিন ডেন্টিঙ্গার জানান, এই ছত্রাকে উভয় উপাদানের উপস্থিতির কারণ সম্ভবত হরাইজন্টাল জিন ট্রান্সফার। বিষয়টিকে তিনি এভাবে ব্যাখ্যা করেন, যেন আমরা হাত মেলালাম এবং আমার ডিএনএর কিছু অংশ আপনার জিনোমে মিশে গেলো।

সূত্র: উইয়ন নিউজ

৪ হাজার কোটির ‘রামায়ণ’ কি ফ্লপ হচ্ছে?

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ণ
৪ হাজার কোটির ‘রামায়ণ’ কি ফ্লপ হচ্ছে?

মুক্তির মাত্র আট দিনের মাথায় বিশ্বজুড়ে বক্স অফিসে এক হাজার কোটি রুপির মাইলফলক পেরিয়ে গেছে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম ব্যয়বহুল সিনেমা ‘রামায়ণ: পার্ট ১’। নীতিশ তিওয়ারি পরিচালিত এই ছবিতে রামের চরিত্রে রণবীর কাপুর এবং রাবণের চরিত্রে অভিনয় করেছেন যশ। কিন্তু আকাশচুম্বী বাজেট, দুর্বল চিত্রনাট্য এবং আন্তর্জাতিক বাজারে প্রত্যাশা পূরণ করতে না পারায় ছবিটিকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক, এত আয়ের পরও কি আদতে সফল হলো ‘রামায়ণ’?

বিশাল বাজেটের বড় চ্যালেঞ্জ

এনডিটিভি প্রফিটের প্রতিবেদন অনুযায়ী, দুই পর্বের ‘রামায়ণ’-এর সম্মিলিত বাজেট প্রায় ৪ হাজার কোটি রুপি। প্রথম পর্বের উৎপাদন ব্যয় আনুমানিক ২ হাজার কোটি রুপি ধরা হলে শুধু প্রেক্ষাগৃহ থেকে এই অর্থ তুলে আনতে বিশ্বজুড়ে প্রায় ৫ হাজার কোটি রুপি আয় করতে হবে। ১২ নভেম্বর পর্যন্ত ছবিটি বিশ্বব্যাপী ১ হাজার ৩৩ দশমিক ৫৫ কোটি রুপি আয় করলেও প্রযোজকের হাতে প্রেক্ষাগৃহ থেকে আসা লভ্যাংশের পরিমাণ দাঁড়িয়েছে মাত্র ৪০০ থেকে ৪৫০ কোটি রুপি। স্ট্রিমিং ও স্যাটেলাইট স্বত্ব থেকে আয় যুক্ত হলেও বিশাল এই বাজেটের কারণে ছবিটির চূড়ান্ত মুনাফা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

মুক্তির দিনের হতাশা ও দুর্বল আবেগ

হিন্দুস্তান টাইমসের তথ্যমতে, প্রথম দিনে বিশ্বব্যাপী ১৬০ কোটি রুপি আয়ের পূর্বাভাস থাকলেও ছবিটি আয় করে প্রায় ১২৭ কোটি রুপি। পরবর্তী সময়ে গতি বাড়লেও নির্মাণের মান নিয়ে সমালোচনা কমেনি। এনডিটিভি ইন্ডিয়ার পর্যালোচনায় বলা হয়েছে, ছবিটির প্রোডাকশন ডিজাইন ও মহাকাব্যের কম পরিচিত অধ্যায়গুলোর উপস্থাপনা প্রশংসনীয় হলেও এর চিত্রনাট্য দুর্বল, আবহসংগীত অতিরিক্ত উচ্চশব্দের এবং আবেগের গভীরতার অভাব রয়েছে। রামের চরিত্রে রণবীর কাপুরের মানিয়ে নিতে সময় লাগলেও রাবণ চরিত্রে যশের অভিনয় ছবির অন্যতম শক্তিশালী দিক হিসেবে উঠে এসেছে।

ভিএফএক্স বনাম গল্প ও আন্তর্জাতিক বাজার

নমিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিওস এবং অস্কারজয়ী ভিএফএক্স প্রতিষ্ঠান ডিএনইজি-র যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটিতে হলিউড মানের ভিজ্যুয়াল ইফেক্টস ব্যবহার করা হয়েছে।

তবে বিশ্লেষকদের মতে, কেবল দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল ইফেক্টস দর্শকের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে না, যদি গল্পের আবেগ ও নৈতিক দিকটি দুর্বল হয়।

এ ছাড়া ছবিটিকে একটি বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যও পুরোপুরি সফল হয়নি।

দ্য ইকোনমিক টাইমসের মতে, প্রথম ছয় দিনে ভারতে ৪০৩ দশমিক ৯ কোটি রুপি আয় করলেও বিদেশের বাজারে আয় হয়েছে মাত্র ২৬০ কোটি রুপি।

চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক গিরিশ ওয়াংখেড়ে দ্য ইকোনমিক টাইমসকে বলেন, পশ্চিমা দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপনের যে প্রতিশ্রুতি ছবিটি দিয়েছিল, তা প্রত্যাশা পূরণ করতে পারেনি।

আগের নির্মাণের সঙ্গে তুলনা ও চূড়ান্ত হিসাব

রামানন্দ সাগরের জনপ্রিয় টিভি ধারাবাহিক, ১৯৯৩ সালের ইন্দো-জাপানি অ্যানিমেশন ছবি কিংবা ২০২৩ সালে সমালোচিত ‘আদিপুরুষ’ আগের এসব নির্মাণের কারণে দর্শকদের প্রত্যাশার চাপ ছিল অনেক বেশি। সব মিলিয়ে ‘রামায়ণ: পার্ট ১’-কে সরাসরি ফ্লপ বলা না গেলেও বিশাল বিনিয়োগের তুলনায় এর আর্থিক সাফল্য ও বৈশ্বিক প্রভাব এখনও পরীক্ষার মুখে রয়েছে।

উদ্বিগ্ন নন প্রযোজক

বিপুল এই লগ্নির পরও লাভ-ক্ষতি নিয়ে মোটেও উদ্বিগ্ন নন প্রযোজক নমিত মালহোত্রা। সম্প্রতি বিবিসি এশিয়ান নেটওয়ার্কে হারুন রশিদকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রথম পর্ব প্রত্যাশিত অঙ্ক তুলতে না পারলেও দ্বিতীয় পর্ব সেই ঘাটতি পুষিয়ে দেবে।

টাওয়ার অব লন্ডন বা তাজমহলের দাম যেমন সংখ্যায় মাপা যায় না, তেমনি ‘রামায়ণ’-কে তিনি ‘জীবনে একবারই আসে এমন সুযোগ’ এবং ‘ঐশ্বরিক হস্তক্ষেপ’ হিসেবে দেখছেন। তার মতে, প্রতিটি ডলার ও সেন্টের হিসাব কষা বেশ ‘অশোভন’।

প্রথম পর্ব লক্ষ্যমাত্রা পূরণ না করলে কী হবে, এমন প্রশ্নে নমিত বলেন, আমরা এখনও চলচ্চিত্র যাত্রার মাঝপথে আছি। সবে প্রথম পর্ব বানিয়েছি। দ্বিতীয় পর্বটি প্রথমটির চেয়েও বড় সিনেমা হতে যাচ্ছে, তাই আমি দুটি সিনেমার শেষেই বাণিজ্যিক ফলাফল বিচার করতে চাই। এটিই বুদ্ধিমানের কাজ, কারণ এই সিনেমাটি যদি ভালোবাসা পায় কিন্তু সব অঙ্ক মেলাতে না পারে, আমরা জানি যে দ্বিতীয় পর্ব এসে সেটি সামলে নেবে।

জেন-জিদের প্লেলিস্টে হুমায়ূন আহমেদের যেসব গান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ণ
জেন-জিদের প্লেলিস্টে হুমায়ূন আহমেদের যেসব গান

শুক্রবার (১৩ নভেম্বর) কিংবদন্তি কথাসাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক হুমায়ূন আহমেদের ৭৯ তম জন্মদিন। ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে জন্মগ্রহণ করেন তিনি। ২০১২ সালের ১৯ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হুমায়ূন আহমেদ নাটক-সিনেমা নির্মাণের পাশাপাাশি বেশ কিছু গানও লিখেছেন। এই গানগুলো যুগ পেরিয়ে জেন-জিদের প্লেলিস্টেও রয়েছে। এই গানগুলোতে ফেসবুক রিলস, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন প্রজন্মকে ঠোঁট মেলাতে দেখা যায়।

জেনে নেওয়া যাক, হুমায়ূন আহমেদের কোন গানগুলো জেন-জিদের পছন্দের তালিকায়…

১. একটা ছিল সোনার কন্যা

হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমার গান এটি। তার লেখা এই গানে সুর ও সংগীত পরিচালনা করেছেন মাকসুদ জামিল মিন্টু। এতে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি শিল্পী সুবীর নন্দী। পর্দায় এ গানে দেখা গেছে মেহের আফরোজ শাওন, মাহফুজ আহমেদ ও জাহিদ হাসানকে।

২. ও আমার উড়াল পঙ্খিরে

এটি হুমায়ূন আহমেদের ‘চন্দ্রকথা’ সিনেমার গান। তার লেখা এই গানে সুর ও সংগীত পরিচালনা করেছেন মাকসুদ জামিল মিন্টু। এতে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি শিল্পী সুবীর নন্দী। পর্দায় এ গানে দেখা গেছে মেহের আফরোজ শাওন ও ফেরদৌসকে।

৩. চাঁদনী পসরে কে আমায় স্মরণ করে

এটিও হুমায়ূন আহমেদের ‘চন্দ্রকথা’ সিনেমার গান। তার লেখা এই গানে সুর ও সংগীত পরিচালনা করেছেন মাকসুদ জামিল মিন্টু। এতে কণ্ঠ দিয়েছেন সেলিম চৌধুরী। পর্দায় এ গানে দেখা গেছে আসাদুজ্জামান নুর ও মেহের আফরোজ শাওন ও ফেরদৌসকে।

৪. যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায়

এই গানটি হুমায়ূন আহমেদের এক অসাধারণ সৃষ্টি। মেহের আফরোজ শাওনের কণ্ঠে এই গানটি চলচ্চিত্রে নয়, পাওয়া গিয়েছিল নাটকে। এই গানের সুর ও সংগীতায়োজন করেছেন এস আই টুটুল।

৫. আমার ভাঙা ঘরে ভাঙা চালা

হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে ব্যবহৃত এই গানটির সুর ও সংগীত মাকসুদ জামিল মিন্টুর। গানটির দুইটি ভার্সন আছে। মূল ছবিতে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমিন। অ্যালবামে মেহের আফরোজ শাওনের কণ্ঠেও শোনা যায় এই গান। চলচ্চিত্রে গানের সাথে ঠোঁটও মিলিয়েছেন মূল নায়িকা শাওন।

নোয়াখালীর চৌমুহনী সরকারি এস এ কলেজের ছাত্র মো: শাকিব বলেন, ‘হুমায়ূন আহমেদের লেখা গানের কথাগুলো সব সময় নতুন মনে হয়। এটা নির্দিষ্ট কোনও প্রজন্মের জন্য না, আমি মনে করি আগামী প্রজন্মের পছন্দের তালিকাতেও তার লেখা গানগুলো থাকবে।’

প্রেমা নামের টিকটক ব্যবহারকারী একজন বলেন, ‘হুমায়ূন আহমেদের গানগুলোর কথা ও সুর সব সময় মন ছুঁয়ে যায়। এখন নতুন যে গান হচ্ছে সেগুলোর চেয়ে তার গানগুলোর কথা ও সুর অনেক উঁচুমানের বলা চলে। আমি প্রায় সময় তার গান শুনি।’