গণভোটের গণরায় বাস্তবায়ন ছাড়া দেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরবে না: মাওলানা আজিজুর রহমান
সংবাদদাতা: গণভোটের গণরায় বাস্তবায়ন ছাড়া দেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
রোববার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে সাতক্ষীরা পৌরসভা জামায়াতের উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের মানুষ তাদের অধিকার ফিরে পাবে। অতীতের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, ২০২৩ সালে সাতক্ষীরায় আন্দোলন চলাকালে তৎকালীন প্রশাসন বুলডোজার দিয়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের শত শত বাড়িঘর ভেঙে দিয়েছিল। কথিত বন্দুকযুদ্ধের নামে প্রায় শতাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। আগরদাড়ী ইউনিয়নের চেয়ারম্যানকে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে হত্যার অভিযোগও তুলে ধরেন।
তিনি আরও বলেন, অতীতে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে প্রশাসনের যে তৎপরতা দেখা গেছে, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় তেমন কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।
পৌরসভা জামায়াতের আমির জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি খোরশেদ আলমের সঞ্চালনায় বৈঠকে প্রধান আলোচক ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নুরুল হুদা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, সদর জামায়াতের নায়েবে আমির মাওলানা মুস্তাফিজুর রহমান, ফকরুল হাসান লাবলু, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আবু তালেবসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।











