আশাশুনিতে জলবায়ু ন্যায়বিচার ও অধিকার সুরক্ষার দাবিতে মানববন্ধন
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জলবায়ু ন্যায়বিচার ও অধিকার সুরক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট এলাকায় খোলপেটুয়া নদীর ভাঙনকবলিত বেড়িবাঁধের ওপর এ কর্মসূচি পালিত হয়।
লিডার্সের সহযোগিতায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম আশাশুনি এ মানববন্ধনের আয়োজন করে। এতে শত শত নারী-পুরুষ প্ল্যাকার্ড, ব্যানার ও কলস নিয়ে অংশ নেন।
ফোরামের সভাপতি সাংবাদিক ইসমাইল হোসেন লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও আনুলিয়া ইউপি চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুছ। বক্তব্য দেন বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু দাউদ ও বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা ও কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন লিডার্সের ব্রিজ প্রকল্পের কর্মকর্তা এস এম আফজাল হোসেন। এ সময় সংস্থাটির ফিল্ড ফ্যাসিলিটেটর তৃষ্ণা দত্ত ও সুমিত্রা মল্লিক উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, উপকূলীয় মানুষের জলবায়ু ন্যায়বিচার ও মৌলিক অধিকার নিশ্চিত করতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা এবং ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি থেকে জানমাল রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। জলবায়ু পরিবর্তনের জন্য উপকূলের সাধারণ মানুষ দায়ী না হলেও তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যায্য অধিকার নিশ্চিত করা, জলবায়ু তহবিলের যথাযথ ব্যবহার ও উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়নে সরকারের কার্যকর উদ্যোগ দাবি করেন তাঁরা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্লোগান দেন, ‘ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই’। একই সঙ্গে নিরাপদ উপকূল, সুপেয় পানি ও জলবায়ু ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানান তাঁরা।








