আশাশুনিতে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় মাসুম মোল্লা একাদশের জয়
আশাশুনি ব্যুরো: আশাশুনির কুন্ডুড়িয়ায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় মাসুম মোল্লা ফুটবল একাদশ ১-০ গোলে জয়লাভ করেছে। শনিবার বিকেল ৪টায় কুন্ডুড়িয়া পিএন মাধ্যমিক বিদ্যালয় মাঠে কুন্ডুড়িয়া উদাহরণ সংঘ ও পাইকারি মিলনমালা যুব সংঘের আয়োজনে খেলাটি অনুষ্ঠিত হয়। এতে নওয়াপাড়া বেতনা যুব সংঘ ও মাসুম মোল্লা ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলায় একমাত্র গোলটি করে মাসুম মোল্লা ফুটবল একাদশ। ফলে ১-০ গোলে জয় পায় দলটি।
বুধহাটা ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ভবেন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক গাজী গিয়াস উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন কুন্ডুড়িয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া আহম্মদ, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক ও সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক গোপাল কুমার ম-ল, উপজেলা পরিষদের সিও নাজমুল হোসেন, বুধহাটা ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক মামুন হোসেন ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন।
খেলা পরিচালনা করেন রেফারি ইউনুচ আলী। সহকারী রেফারি ছিলেন ইমরান হোসেন ও ইয়াছিন আরাফাত। ধারাভাষ্যে ছিলেন রাহুল রাহা। খেলা শেষে গোলদাতা মাসুম মোল্লা একাদশের খেলোয়াড় বাপ্পীকে সভাপতি ভবেন্দ্রনাথ সরকার ব্যক্তিগত অর্থায়নে পুরস্কৃত করেন।








