পাইকগাছায় বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজা
প্রকাশ ঘোষ বিধান/আহম্মদ আলী বাচা, পাইকগাছা (খুলনা): খুলনার পাইকগাছায় বর্ণিল আয়োজন ও নানা আকর্ষণ নিয়ে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজা। পূজাকে ঘিরে উপজেলার বাঁকা, বোয়ালিয়া ও কপিলমুনির পাঁচটি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দৃষ্টিনন্দন প্রবেশপথ, বর্ণিল আলোকসজ্জা ও সাংস্কৃতিক আয়োজন ঘিরে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।
আগামী বুধবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। বৃহস্পতিবার মূল পূজার সমাপ্তি হলেও ধর্মীয় আনুষ্ঠানিকতা চলবে সাত দিনব্যাপী। এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ দৃষ্টিনন্দন প্রবেশপথ ও বাহারি বৈদ্যুতিক আলোকসজ্জা।
সরেজমিনে দেখা গেছে, প্রতিটি মণ্ডপে প্রতিমা নির্মাণ ও সাজসজ্জার কাজ প্রায় শেষ পর্যায়ে। উপজেলার বাঁকা ঘোষপাড়ায় নির্মিত দৃষ্টিনন্দন প্রবেশপথ ইতোমধ্যে পথচারী ও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রবেশপথের স্তম্ভ ও ফটক সাজানো হয়েছে নান্দনিক নকশায়।
বাঁকা পশ্চিম ঘোষপাড়া জগদ্ধাত্রী পূজা কমিটির সভাপতি নির্মল ঘোষ জানান, প্রতিবছরই জগদ্ধাত্রী পূজাকে ঘিরে বাঁকাবাসীর জন্য নতুন আকর্ষণের আয়োজন করা হয়। এবারও মণ্ডপে ব্যতিক্রমী প্রবেশপথ ও বর্ণিল আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।
বাঁকা পূর্ব ঘোষপাড়া জগদ্ধাত্রী পূজা কমিটির সভাপতি বিশ্বজিৎ ঘোষ লাল্টু বলেন, প্রতিবছরের মতো এবারও তাঁদের মণ্ডপে নতুন আঙ্গিকের দৃষ্টিনন্দন প্রবেশপথ তৈরি করা হয়েছে। এতে বিভিন্ন রঙের বৈদ্যুতিক আলোর ব্যবহার থাকছে। মণ্ডপের ভেতরেও বাঁশ ও বেত দিয়ে তৈরি করা হয়েছে নানা শৈল্পিক নকশা।
নিরাপত্তার জন্য প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবির জানান, তিনি নিজে পূজামণ্ডপগুলো পরিদর্শন করে খোঁজখবর নেবেন। দর্শনার্থীদের নিরাপত্তায় প্রতিটি মণ্ডপে পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
আয়োজকেরা জানান, দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা পাইকগাছার ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজা দেখতে আসেন। পূজা উপলক্ষে বিভিন্ন মণ্ডপের পাশে ছোট ছোট মেলারও আয়োজন করা হবে।












