তালায় কুল চাষ বাড়লেও ফলন কম, হতাশ চাষিরা
মুজিবর রহমান: সাতক্ষীরার তালা উপজেলায় দিন দিন বাড়ছে কুলের চাষ। তবে চলতি মৌসুমে প্রতিকূল আবহাওয়া ও অতিবৃষ্টির কারণে বাগানে ফলন কম হওয়ায় হতাশ হয়ে পড়েছেন চাষিরা। অনেক গাছ থেকে কুল ঝরে পড়ছে। এর ওপর বাজারে ভালো দাম না পেলে লোকসানের আশঙ্কা করছেন তাঁরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর তালা উপজেলায় ১৬০ হেক্টর জমিতে কুলের চাষ হয়েছে। এর বাইরে বেসরকারিভাবে আরও ২০ থেকে ৩০ হেক্টর জমিতে কুল চাষ করা হয়েছে বলে জানা গেছে। এলাকার মাটি ও আবহাওয়া কুল চাষের উপযোগী হওয়ায় এবং তুলনামূলক কম খরচে লাভের সম্ভাবনা থাকায় কৃষকদের মধ্যে এ চাষের আগ্রহ বাড়ছে।
উপজেলার কাশিপুর, রাজেন্দ্রপুর, সরুলিয়া, মিঠাবাড়ি, নগরঘাটা, ভৈরবনগর, শাকদহ, জাতপুর, ইসলামকাটী, মহান্দী, উথালী, নাংলা, সুজনশাহা ও খলিলনগর এলাকায় ব্যাপক কুলের চাষ হয়েছে। এসব বাগানে বাউকুল, আপেলকুল, তাইওয়ানকুল, নারিকেল কুল ও ঢাকা নাইনটিসহ বিভিন্ন জাতের কুল উৎপাদিত হয়। সাতক্ষীরার উৎপাদিত কুল দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। এর বড় একটি অংশ আসে তালা উপজেলা থেকে।
পাটকেলঘাটার কাশিপুর গ্রামের কুলচাষি শহিদুল ইসলাম জানান, প্রায় ১০ বছর ধরে তিনি কুল চাষ করছেন। এবার ১৫ বিঘা জমি বর্গা নিয়ে বলসুন্দরী, নারিকেল, আপেল, কাশ্মীর ও টক জাতের কুল চাষ করেছেন। এতে তাঁর প্রায় সাড়ে ৯ লাখ টাকা খরচ হয়েছে। কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকায় গাছে আশানুরূপ ফল আসেনি। এতে তিনি আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার জুজখোলা গ্রামের আব্দুস সবুর চার বিঘা, জামাল উদ্দিন মোড়ল পাঁচ বিঘা, নগরঘাটা গ্রামের আব্দুর রাজ্জাক চার বিঘা এবং একই গ্রামের আব্দুর রহিম সাত বিঘা জমিতে কুল চাষ করেছেন।
চাষিরা জানান, অন্যান্য বছরের তুলনায় এবার বাগানে ফলন কম হয়েছে। অতিবৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে গাছে কুল কম ধরেছে। আবার অনেক গাছ থেকে কুল ঝরে পড়ছে। উৎপাদন কম হওয়ায় খরচ তুলে আনা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছর উপজেলায় ১৬০ হেক্টর জমিতে কুলের চাষ হয়েছে। কৃষকদের উৎসাহিত করতে প্রদর্শনী প্লটের মাধ্যমে সার ও বিভিন্ন জাতের কুলের চারা বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। পাশাপাশি কৃষকদের প্রশিক্ষণসহ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, কুল চাষের সম্প্রসারণ ও উৎপাদন বাড়াতে কৃষি বিভাগের সহযোগিতা অব্যাহত রয়েছে।












