মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

কয়রায় আট মাস পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৩

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৩:০২ অপরাহ্ণ
কয়রায় আট মাস পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৩

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় অপহরণের আট মাস পর দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম।

তিনি জানান, গত ১৫ মার্চ উপজেলার মাদারবাড়িয়া গ্রাম থেকে জাকারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীকে (১৬) অপহরণ করা হয়। এ ঘটনায় তার মা ২৫ মার্চ কয়রা থানায় মামলা করেন। এরপর থেকে ভুক্তভোগীকে উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল পুলিশ। তবে অভিযুক্তরা বারবার মোবাইল নম্বর ও অবস্থান পরিবর্তন করায় তাদের শনাক্ত ও গ্রেপ্তারে সময় লাগে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে খুলনা নগরের সোনাডাঙ্গা থানার গল্লামারী এলাকা থেকে মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামে অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের অভিযোগে রুবেল গাজী ও তার মাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কয়রার মাদারবাড়িয়া গ্রামের সামাদ গাজীর ছেলে মো. রুবেল গাজী (২৮), তার মা আছিয়া খাতুন (৪৮) ও ভাই ইউছুপ গাজী (২৪)।

অভিযানের নেতৃত্ব দেন মামলার তদন্তকারী কর্মকর্তা কয়রা থানার উপপরিদর্শক (এসআই) বিজন কুমার মণ্ডল। তিনি জানান, ইউছুপ গাজীকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী বাগেরহাটের শরণখোলায় তাদের এক আত্মীয়ের বাড়ি থেকে স্কুলছাত্রীকে উদ্ধার এবং রুবেল গাজী ও তার মাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

Ads small one

মুন্সিগঞ্জ হরিনগর হাটবাজার ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:২২ পূর্বাহ্ণ
মুন্সিগঞ্জ হরিনগর হাটবাজার ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর হাটবাজার ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ হলরুমে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ১৬৪ ভোট পেয়ে আবু হাসান বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনিসুজ্জামান (আনিস) পেয়েছেন ১০১ ভোট। এ ছাড়া বাবলুর রহমান ৮৯, মোতালেব হোসেন ৩০ এবং আবুল কাশেম ২৫ ভোট পেয়েছেন।
সদস্য পদে ২৬৩ ভোট পেয়ে শরিফুল ইসলাম সাগর প্রথম সদস্য এবং ১৭২ ভোট পেয়ে জাহাঙ্গীর হোসেন দ্বিতীয় সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রশিদ ১১৩, জামাল হোসেন ৯৪, নাজমুল হোসেন ৬৩ এবং আব্দুল হামিদ ২৫ ভোট পেয়েছেন।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছে ৭ নম্বর মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ। তারা আশা প্রকাশ করে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন এবং বাজারের সার্বিক সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, উপজেলার অন্যতম জমজমাট বাজার হরিনগর। দীর্ঘদিন কমিটি না থাকায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়েছে। ব্যবসায়ীরা তাঁদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তিনি সব ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে বাজারের নিরাপত্তা নিশ্চিত করা এবং হরিনগরকে উপজেলার একটি মডেল বাজার হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের তৎপরতায় আইনশৃঙ্খলা উন্নয়নে উদ্যোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:২১ পূর্বাহ্ণ
বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের তৎপরতায় আইনশৃঙ্খলা উন্নয়নে উদ্যোগ

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক রেজাউল করিম দায়িত্ব গ্রহণের পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন।

দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যে তাঁর তৎপরতায় স্থানীয় পর্যায়ে অপরাধ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম জোরদার হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত পুলিশি তৎপরতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পুলিশিং কমিটি, বাজার ব্যবস্থাপনা কমিটি ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করছেন। পাইথালী, বেউলা, মহেশ্বরকাটি ও বুধহাটা বাজারে আয়োজিত এসব মতবিনিময় সভায় মাদক, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বৃদ্ধি, মাদক ও অসামাজিক কর্মকা- প্রতিরোধ এবং মোবাইল ফোনে অনলাইন জুয়া বন্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। বিভিন্ন জুমার নামাজের আগে মসজিদে সচেতনতামূলক বক্তব্য দিয়ে সামাজিক অপরাধ প্রতিরোধে জনগণের সহযোগিতাও কামনা করছেন তিনি।

স্থানীয়দের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যাকে গুরুত্ব দেওয়া এবং জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পুলিশি সেবা আরও জনবান্ধব করার চেষ্টা চলছে।

পুলিশ পরিদর্শক রেজাউল করিমের এসব উদ্যোগে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতা বাড়বে বলে আশা করছেন স্থানীয়রা। আইনশৃঙ্খলা রক্ষা পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত দায়িত্বÑএমন ধারণাকে সামনে রেখে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

নির্বাচনী পরীক্ষায় ৬ বিষয়ে ফেল, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে অভিভাবক আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ
নির্বাচনী পরীক্ষায় ৬ বিষয়ে ফেল, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে অভিভাবক আটক

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা: যশোরের ঝিকরগাছায় নির্বাচনী পরীক্ষায় ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বাবার বিরুদ্ধে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত অভিভাবক ইউনুস আলীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে।

আটক ইউনুস আলী ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আরফিন আহমেদের বাবা। বিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে আরফিন আহমেদ ছয় বিষয়ে অকৃতকার্য হয়। ফলে তার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এ খবর জানার পর শিক্ষার্থীর বাবা ইউনুস আলী প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় মাথিয়াস রোজারিওর কক্ষে গিয়ে তাঁর ওপর চড়াও হন এবং তাঁকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর বিদ্যালয় কর্তৃপক্ষ জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ইউনুস আলীকে আটক করে।

এ ঘটনায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শরিফুজ্জামানসহ ১২ জন শিক্ষক ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, ইউনুস আলীর স্ত্রী এবং নয়ন নামের স্থানীয় এক ব্যক্তি বিভিন্ন সময়ে বিদ্যালয় ও শিক্ষকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে প্রধান শিক্ষকের কক্ষে ইউনুস আলীর প্রবেশ এবং প্রধান শিক্ষককে চড় মারার দৃশ্য দেখা গেছে। পরে অন্য শিক্ষকরা কক্ষে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে ইউনুস আলীর স্ত্রী ও নয়ন নামের ওই ব্যক্তিও প্রধান শিক্ষকের সঙ্গে অসদাচরণে জড়ান।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইদ্রিস আলী বলেন, প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত অভিভাবক ইউনুস আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলার অভিযোগে শিক্ষক ও স্থানীয় শিক্ষামহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে।