মুন্সিগঞ্জ হরিনগর হাটবাজার ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন
মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর হাটবাজার ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ হলরুমে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ১৬৪ ভোট পেয়ে আবু হাসান বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনিসুজ্জামান (আনিস) পেয়েছেন ১০১ ভোট। এ ছাড়া বাবলুর রহমান ৮৯, মোতালেব হোসেন ৩০ এবং আবুল কাশেম ২৫ ভোট পেয়েছেন।
সদস্য পদে ২৬৩ ভোট পেয়ে শরিফুল ইসলাম সাগর প্রথম সদস্য এবং ১৭২ ভোট পেয়ে জাহাঙ্গীর হোসেন দ্বিতীয় সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রশিদ ১১৩, জামাল হোসেন ৯৪, নাজমুল হোসেন ৬৩ এবং আব্দুল হামিদ ২৫ ভোট পেয়েছেন।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছে ৭ নম্বর মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ। তারা আশা প্রকাশ করে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন এবং বাজারের সার্বিক সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, উপজেলার অন্যতম জমজমাট বাজার হরিনগর। দীর্ঘদিন কমিটি না থাকায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়েছে। ব্যবসায়ীরা তাঁদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তিনি সব ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে বাজারের নিরাপত্তা নিশ্চিত করা এবং হরিনগরকে উপজেলার একটি মডেল বাজার হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।









