পাইকগাছায় অপহৃত কিশোরী উদ্ধার, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১০
কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে হত্যা, সাজাপ্রাপ্ত, নাশকতা ও মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। একই সঙ্গে ঢাকার সাভারের আমিনবাজার এলাকা থেকে অপহৃত এক ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁদখালীর আলোচিত হাসান হত্যা মামলার আসামি হান্নান গাজী, ১০ লাখ টাকা জরিমানাসহ এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নিত্য কর্মকার, ১৩০ পিস ইয়াবাসহ আব্দুল আজিজ গাজী ও রুহুল আমিন এবং অন্যান্য মামলার আসামি হযরত আলী ঢালী, নাজমুল ঢালী, সাব্বির শেখ, টিটু মোড়ল, অহিদ মুরাদ সুমন ও রাজিবুল আলম।
পুলিশ জানায়, বিভিন্ন সময়ে নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ছাড়া পাইকগাছা থানায় গত ১৬ নভেম্বর করা ৭৮১ নম্বর সাধারণ ডায়েরির সূত্র ধরে অপহৃত উদ্ধারে অভিযান চালানো হয়। উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকার সাভারের আমিনবাজার এলাকা থেকে তাঁকে উদ্ধার করে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবীর জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। তাঁদের আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।








