শ্যামনগরে দুইজনকে আটক করে পুলিশে সোপার্দ
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগ ও সৈনিক লীগের দুই নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে পৌর সদরের বঙ্গবন্ধু মার্কেট থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগের উপজেলা সহসভাপতি ইয়াছিন মোড়ল (৩৭) ও কৈখালী ইউনিয়ন সৈনিক লীগের সভাপতি ইব্রাহিম খলিল (৪৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুর নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা মার্কেটে গেলে সেখানে অবস্থানকারীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। এ সময় কয়েকজন চলে গেলেও ইয়াছিন ও ইব্রাহিমকে আটকে রাখা হয়। একপর্যায়ে তাঁদের মারধরের ঘটনা ঘটে। পরে পুলিশ তাঁদের থানায় নিয়ে যায়।
যুবদল আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের গোপন বৈঠকের খবর পেয়ে তাঁরা সেখানে যান। তিনি ঘটনার তদন্ত দাবি করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফিউল ইসলাম জানান, স্থানীয় লোকজন দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। প্রাথমিকভাবে তাঁরা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা বলে তথ্য পাওয়া গেছে।









