শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ, পালিয়ে রক্ষা
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিক বিলাল হোসেনকে বাড়ি থেকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও যুবদলের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। এ সময় স্থানীয়দের বাধার মুখে তাঁকে তুলে নিতে ব্যর্থ হন তাঁরা। একপর্যায়ে পাশের একটি ঘেরে পালিয়ে রক্ষা পান ওই সাংবাদিক। পরে তাঁর বাড়িতে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের মারধরের অভিযোগও উঠেছে।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের আটির উপর গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।
বিলাল হোসেন দৈনিক আমাদের সময়-এর শ্যামনগর প্রতিনিধি, মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য এডিটরস-এর উপকূলীয় প্রতিনিধি এবং সাতক্ষীরার সকাল-এর শ্যামনগর ব্যুরোপ্রধান। তিনি স্থানীয় সুন্দরবন প্রেসক্লাবের সভাপতির দায়িত্বেও রয়েছেন।
বিলাল হোসেনের অভিযোগ, রাতে বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় সাবেক জাসাস নেতা রায়হানুল ইসলামসহ কয়েকজন তাঁকে ডাকতে আসেন। পরে তিনি ও তাঁর বাবা আক্তার মল্লিক বাইরে বের হলে তাঁদের সড়কে অপেক্ষমাণ কয়েকজন বিএনপি ও যুবদল নেতার কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, সদস্যসচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর, যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোল, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামানসহ কয়েকজন উপস্থিত ছিলেন।
বিলালের দাবি, সেখানে তাঁর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে একটি মাইক্রোবাসে উঠতে বলা হয়। রাজি না হওয়ায় মারধর করা হয়। তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। এ সময় তিনি ফেসবুক লাইভে এসে নিজের ও পরিবারের নিরাপত্তা চান। পরে পাশের একটি ঘেরে আশ্রয় নিয়ে রক্ষা পান।
তাঁর আরও অভিযোগ, তাঁকে না পেয়ে হামলাকারীরা বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের ওপর হামলা চালান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁর বৃদ্ধ বাবাকে থানায় নিয়ে যায়।
অন্যদিকে, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু ও ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, সাংবাদিক পরিচয়ের আড়ালে বিলাল আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছিলেন। তাঁদের দাবি, বুধবার রাতে রমজাননগরের ভেটখালী এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক আব্দুল কাদের নামে এক সৈনিক লীগ নেতার মোবাইল ফোন পরীক্ষা করে আওয়ামী লীগের কয়েকটি টেলিগ্রাম গ্রুপে বিলালসহ স্থানীয় কয়েকজনের যুক্ত থাকার তথ্য পাওয়া যায়। ওই গ্রুপে বৃহস্পতিবার সকাল ১০টায় একটি বৈঠকের বিষয়েও আলোচনা হয়েছিল বলে তাঁরা দাবি করেন।
তাঁদের ভাষ্য, এ বিষয়ে সতর্ক করতেই তাঁরা বিলালের বাড়িতে গিয়েছিলেন। তবে বিলাল ফেসবুক লাইভে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তাঁদের দাবি, এ সময় বিলালের বাবা পুলিশের গাড়িতে হামলা করেন এবং পরিবারের সদস্যরা তাঁদের ওপর আক্রমণাত্মক হয়ে ওঠেন। পরে পুলিশ তাঁর বাবাকে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে বক্তব্য জানতে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারীর সরকারি মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। বেলা সাড়ে ১২টা পর্যন্ত পাঠানো খুদে বার্তারও কোনো জবাব মেলেনি।
এ ঘটনায় সাংবাদিক বিলাল হোসেন ও তাঁর পরিবারের নিরাপত্তা এবং স্থানীয় সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।









