সাতক্ষীরায় চার অসহায় নারী পেলেন ২০ হাজার টাকা অনুদান
সংবাদদাতা: জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের ঐচ্ছিক তহবিল থেকে সাতক্ষীরার চার অসহায় নারীকে ২০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্তের মাধ্যমে এ অর্থ বিতরণ করা হয়।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অর্থ শাখা-২ থেকে গত ৪ নভেম্বর জারি করা চিঠিতে এ অনুদানের বিষয়টি জানানো হয়। ২০২৬-২৭ অর্থবছরে সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দ করা পাঁচ লাখ টাকার প্রথম প্রান্তিকের ঐচ্ছিক তহবিল থেকে এ অর্থ মঞ্জুর করা হয়।
অনুদানপ্রাপ্ত চার নারী হলেন সাতক্ষীরা পৌরসভার রইচপুর পশ্চিমপাড়ার খোদেজা, শামছুন নাহার, মাছুরা খাতুন ও জুলেখা খাতুন। তাঁদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।
সংসদ সচিবালয়ের চিঠিতে মঞ্জুর করা অর্থ যথাযথ বিলের মাধ্যমে উত্তোলন করে সংশ্লিষ্ট উপকারভোগীদের মধ্যে বিতরণের নির্দেশনা দেওয়া হয়।
এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস এম মহাসিন আলম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৪-এর সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের অনুকূলে ২০২৬-২৭ অর্থবছরে প্রথমবারের মতো চার অসহায় নারীকে এ অনুদান দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে আরও অনুদান বরাদ্দ দেওয়া হবে বলেও তিনি জানান।









