আশাশুনিতে ঘরে মিলল ব্যক্তির ঝুলন্ত মরদেহ
আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে অলোক কুমার মন্ডল (৫২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে নিজ ঘরের আড়ার সঙ্গে শাড়ি দিয়ে পেঁচানো অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়। নিহত অলোক কুমার মন্ডল মহেশ্বরকাটি গ্রামের মৃত অনীল কুমার মন্ডলের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অলোক কুমার দীর্ঘদিন ধরে চোখের সমস্যা ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। অসুস্থতার কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। মাঝে মাঝেই জীবনের প্রতি বিতৃষ্ণা প্রকাশ করে বলতেন, ‘ঈশ্বর আমাকে ডাকছেন, চলে যাওয়ার সময় হয়েছে।’ স্বজনদের দাবি, এর আগেও তিনি তিনবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
শনিবার সকালে পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়া-দাওয়া সেরে অলোক কুমার ঘরের বারান্দায় বিশ্রাম নিতে যান। বাড়ির লোকজন তখন ঘরের কাজে ব্যস্ত ছিলেন। সকাল সোয়া ৯টার দিকে পরিবারের সদস্যরা বাড়ির পূজা ঘরের ভেতরে তাঁর নিথর দেহ ঝুলতে দেখে চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা ছুটে এসে বিষয়টি থানায় জানান।
খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ঘটনাস্থলে যান। পুলিশ এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের কোনো অভিযোগ না থাকা এবং তাঁর শারীরিক ও মানসিক অবস্থার কথা বিবেচনা করে স্বজনরা ময়নাতদন্ত না করার জন্য প্রশাসনের কাছে লিখিত আবেদন জানান।
পরবর্তীতে শ্বশুরবাড়ির লোকজন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মতামতের ভিত্তিতে প্রশাসন মরদেহ সৎকারের অনুমতি প্রদান করে। এক বুক শারীরিক যন্ত্রণা আর দীর্ঘদিনের অবসাদ থেকে মুক্তি পেতেই অলোক কুমার এমন চরম পথ বেছে নিয়েছেন বলে ধারণা করছেন প্রতিবেশীরা।








