সাংবাদিক বিলাল হোসেনকে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের নিন্দা
সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক বিলাল হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে চাঁদা দাবি, মারধর, মাইক্রোবাসে তুলে অপহরণের চেষ্টা এবং তাঁর বসতবাড়িতে হামলার অভিযোগে উদ্বেগ ও নিন্দা জানিয়েছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র। এ ঘটনার পর তাঁর বৃদ্ধ বাবাকে গ্রেপ্তারের ঘটনায়ও শঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে সংগঠনের নেতারা এ উদ্বেগ ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, বুধবার দিবাগত রাত ২টার দিকে শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের আটির ওপর গ্রামে বিলাল হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। তিনি দৈনিক আমাদের সময়-এর শ্যামনগর প্রতিনিধি, মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য এডিটরস-এর উপকূলীয় প্রতিনিধি এবং সাতক্ষীরার সকাল-এর শ্যামনগর ব্যুরোপ্রধান। রাজনৈতিক পরিচয়ের তকমা দিয়ে ক্ষমতাসীন দলের কয়েকজন নেতাকর্মীর নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে অভিযোগ করা হয়। সংগঠনটির মতে, এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।
বিবৃতিতে আরও বলা হয়, কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা প্রচলিত আইন ও প্রেস কাউন্সিলের মাধ্যমে নিষ্পত্তির সুযোগ রয়েছে। আইন নিজের হাতে তুলে নিয়ে হামলা চালানো তৃণমূলের সাংবাদিকদের নিরাপত্তাহীনতার মুখে ঠেলে দিচ্ছে।
সংগঠনটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের শনাক্ত ও শাস্তির আওতায় আনা এবং সাংবাদিক বিলাল হোসেন ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
বিবৃতিদাতারা হলেন সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আহসান রাজীব, সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী, নির্বাহী সদস্য এসএম বিপ্লব হোসেন ও এসএম জিন্নাহ এবং সদস্য শামীম পারভেজ, মোশারফ হোসেন, কৃষ্ণ ব্যানার্জি, ইমতিয়াজ উদ্দিন, আসাদুজ্জামান সরদার, রাহাত রাজা, মোজাহিদুল ইসলাম, হাবিবুর রহমান সোহাগ, রিজাউল করিম, শহীদুজ্জামান শিমুল, নাজমুস সাহাদাৎ জাকির, ইব্রাহিম খলিল, মিলন রুদ্র, মৃত্যুঞ্জয় রায় অপূর্ব, আলী মুক্তাদা হৃদয় ও তানজির কচি। প্রেসবিজ্ঞপ্তি









